একটি আদর্শ দেশপ্রেমের গল্প
ছেলে বিদেশে গেছে। খুব বেশি দিন হয়নি। বিদেশে বসে ছেলে মাকে চিঠি লেখে—মা,আমার সালাম নিয়ো। আশা করি ভালো আছো। বিদেশে এসে দেশের কথা খুব বেশি মনে পড়ছে। দেশ যে আসলে কী জিনিস, বিদেশে না এলে তা কিছুতেই বুঝতে পারতাম না। বিদেশে এসে আমার সত্যিকার দেশপ্রেম জেগে উঠেছে। দেশের জন্য এখন আমি কাঁদি। তোমাকেও আমার খুব বেশি মনে পড়ছে। ২. ছেলের চিঠি পেয়ে মাও কাঁদেন। সাদা শাড়ির আঁচল দিয়ে দুচোখ মোছেন। ১৫ দিনও হয়নি ছেলে বিদেশে গেছে। তবে মায়ের কাছে মনে হচ্ছে যেন ১৫ বছর! খাটের পাশে ছেলের বাঁধানো ছবি। আঁচল দিয়ে ছেলের বাঁধানো ছবির ফ্রেম মোছেন মা। আবার কাঁদেন। কাঁদতে কাঁদতে বলেন, পাগল ছেলে আমার। ৩.ছেলে মাকে আবার চিঠি লেখে— মা,যতই দিন যাচ্ছে ততই আমার দেশপ্রেম আরও গভীর হচ্ছে। দেশে থাকতে এ ধরনের অনুভূতি আমার কখনোই হয়নি। এমন করে আমি দেশকে কখনোই ভালোবাসিনি। আমার সেই গ্রাম, আমার সেই প্রিয় ঢাকা শহর—সেসব ছেড়ে আজ আমি সাত সমুদ্র তেরো নদীর পারে। তোমাকে খুব মিস করছি মা। ৪.এক বছর হলো ছেলে বিদেশে আছে। ছেলের ছবির সামনে বসে মা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদেন—বাবা, তুই কবে আসবি? বাড়ির সামনে মেঠোপথ। সেই পথের দিকে মা তাকিয়ে থাকেন। ছেলে ফিরলে এই পথ দিয়েই আসবে। এক বছর হলো, অথচ মায়ের মনে হয়, অনেক বছর ধরে তিনি ছেলেকে দেখেন না। ৫.বিদেশে বসবাসের চার বছর পূর্ণ হলো। ছেলে মাকে লিখছে— মা,তোমার চোখে ছানি পড়েছে খবর পেয়ে আমার খুব খারাপ লাগছে। দেশের জন্য আমার যে কী অনূভূতি, সেটা তোমাকে বলে বোঝাতে পারব না। দেশপ্রেমিক হওয়ার জন্য সবারই অন্তত একবার বিদেশে আসা উচিত, আমার তা-ই মনে হচ্ছে। যতই দিন যাচ্ছে, ততই আমার উপলব্ধি গভীর থেকে গভীরতর হচ্ছে। শেষমা চিঠি পড়েন আর কাঁদেন। ছানি পড়া চোখে ছেলের ছবির দিকে তাকান। ছবিটা কেমন ঝাপসা হয়ে ওঠে। মনের চোখে ছেলেকে দেখে বলেন, পাগল ছেলে আমার। এমন সময় তার বড় মেয়ে তাকে বলে, ভাইয়া যত বেশি দিন বিদেশে থাকতে পারবে, তত বেশি দেশপ্রেমিক হতে পারবে বলে মনে হচ্ছে। তাকে বলো, আর দেশে আসার দরকার নাই। ও দেশেই থেকে যাক আর চরম দেশপ্রেমিক হয়ে উঠুক।