একটি ইঁদুর এবং...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর শেষে শীতটা যখন বেশ জাঁকিয়ে পড়ে, আমরা তল্পিতল্পা গুটিয়ে মামাবাড়ি চলে যাই। শীতের পিঠা আর গ্রামের প্রকৃতি—এক ঢিলে দুই পাখি মারার লোভ কে-ই বা সামলাতে পারে। সেবারও শীতের প্রকোপটা একটু বাড়তেই আমরা মামাবাড়ি চলে যাই। এক রাতে আমার মামা বাইরে থেকে ফিরতে একটু দেরি করলেন। একে তো গ্রামাঞ্চল, আবার শীতের রাত, বাড়ির সবাই তখন গভীর ঘুমে। মামা এসে হাত-মুখ ধুয়ে খেয়েদেয়ে মাঝ রাতের দিকে ঘুমাতে গেলেন। মামার লেপের তলায় এ সময় সুড়সুড় করে কী যেন নড়ে উঠল। মামা বাতি জ্বালিয়ে ভালোভাবে লেপটা ঝাড়তেই এক মাঝারি আকৃতির ইঁদুর বের হয়ে ঝেড়ে দে দৌড়। মামির আদরের পোষা বিড়াল ভুলু ‘ম্যাঁও’ করে লাফিয়ে উঠে ঝনঝন করে টেবিলের ওপর থেকে গ্লাস-বাটি সব উল্টে ফেলল। মামা পরতেন কাঠের খড়ম। তারই এক পাটি তুলে ছুড়ে মারলেন। উত্তেজনায়ই হোক, আর তাড়াহুড়ায়ই হোক, সেটি লক্ষ্যভ্রষ্ট হলো। ইঁদুর মশাই তো পগার পার, কাঠের খড়ম গিয়ে লাগল পাশে উপবিষ্ট মামির মুখে। মামি তো সঙ্গে সঙ্গে অজ্ঞান। সারা বাড়িতে হায় হায় পড়ে গেল। মুখে পানি ছিটিয়ে অনেক কষ্টে তাঁর জ্ঞান ফেরানো হলো। চোখ খুলেই তিনি প্রথম যে কথাটি বললেন তা হলো, ‘মিনসেটা কই রে...?’ তখন সবাই খেয়াল করল, সেই হাড় কাঁপানো শীতের রাতেই মামা তাঁর সাইকেল নিয়ে কোথায় যেন সরে পড়েছেন। বলা বাহুল্য, সেটাই ছিল মামাবাড়িতে কাটানো আমার সবচেয়ে মজার শীত। শেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা।