একটি উজ্জ্বল নাম আতাউর রহমান কায়সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতাউর রহমান কায়সার ভাই ছিলেন একজন অমায়িক, পরোপকারী, সজ্জন, ভদ্র মানুষ। তিনি সব ধরনের মানুষের সঙ্গে সহজেই মিশে যেতে পারতেন। আপন করে নিতে পারতেন মানুষকে। তিনি মানুষকে মূল্যায়ন করতে জানতেন।কায়সার ভাই গুণগতমানসম্পন্ন রাজনীতিতে বিশ্বাস করতেন। নীতিবোধসম্পন্ন্ন রাজনীতির প্রতিষ্ঠায় তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। জীবনের প্রতিটি ক্ষেত্রেই তাঁর পরিপক্ব বিবেচনাপ্রসূত রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়। তিনি নীরবে আসল কাজটি সমাধা করতেন।আমি যতবারই রাজনৈতিক সফরে চট্টগ্রাম গিয়েছি, ততবারই তাঁর আতিথেয়তায় মুগ্ধ হয়েছি। কায়সার ভাই এবং তাঁর স্ত্রী নীলু সব সময় অতি আপনজনের মতো পরম মমতায় আমাকে সাদরে তাঁদের বাড়িতে নিয়ে যেতেন। নীলু ছায়ার মতো আমার সঙ্গে বিভিন্ন মিটিং, আলোচনায় পাশে পাশে থাকত। কায়সার ভাইয়ের বাড়িতে সুন্দর একটা পারিবারিক ও রাজনৈতিক পরিবেশ ছিল। বহু বরেণ্য ব্যক্তিত্ব এবং রাজনীতিকের পদচারণায় মুখর ছিল তাঁদের বাড়ি। চলমান জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি ছিলেন একজন সচেতন মানুষ।কায়সার ভাই ও নীলুর তিন মেয়ের স্মৃতিও মনে আসে। রুচিশীল, মমতাভরা পারিবারিক পরিবেশ মেয়ে তিনটিকে দায়িত্বশীল, বিবেকবান মানুষে পরিণত করেছে। কায়সার ভাইয়ের স্ত্রী নীলু বেশ অনেক দিন ক্যানসার রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। মেয়েরা মায়ের কী সেবাই না করেছে। কায়সার ভাই নীলুর জন্য ছিলেন অন্তঃপ্রাণ। আজ তাঁর সম্পর্কে স্মৃতিচারণা করতে গিয়ে আমার মন ভারাক্রান্ত হয়ে পড়ছে। বাংলাদেশের রাজনীতির আকাশে আতাউর রহমান কায়সার ভাই একটি উজ্জ্বল নক্ষত্রের মতো অনুস্মরণীয়। (৯ অক্টোবর ছিল আতাউর রহমান কায়সারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী) লেখিকা: প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।