একটি কম্প্রেসার এবং...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালের শুরুর দিকে যখন চাকরিতে যোগ দিই, তখন কল্পনাও করিনি যে একদিন আমি বসের একদম কাছাকাছি চলে আসব। ডেলিভারিম্যান থেকে সুপারভাইজার হয়েছি। স্পষ্টবাদিতা আর সততাই আমাকে আজকের অবস্থানে আসতে সাহায্য করেছে। দায়িত্ব পালন করতে গিয়ে ঝড়-তুফান এমনকি সুনামির মতো পরিস্থিতির মোকাবিলাও করতে হয়েছে আমাকে। অধীনস্থদের সঙ্গে চিত্কার করে কথা বলছি। শত্রুর সংখ্যা হয়েছে দ্বিগুণ। আর রাত করে বাসায় ফেরার কারণে বউয়ের সঙ্গে ঝগড়া। কিন্তু আমি এতটুকুনও ভেঙে পড়তাম না। মাসখানেক আগের একটা ঘটনা আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। ধোলাইখালে বসের বন্ধুর দোকান থেকে ‘এলিয়ন’ গাড়ির জন্য কম্প্রেসার এনেছিলাম। কালভার্ট রোডে এসির মিস্ত্রির কাছে নিয়ে গেলে কম্প্রেসারের ত্রুটি ধরা পড়ে। ফেরত দিতে গেলে কম্প্রেসারটা দেখেই বসের বন্ধু রেগেমেগে আগুন। সরাসরি চোর সাব্যস্ত করে দোকান থেকে বের করে দিল। বলা হলো, মিস্ত্রির সঙ্গে আঁতাত করে নতুনটা বিক্রি করে পুরান একটা নিয়ে এসেছি। সম্পূর্ণ কিংকর্তব্যবিমূঢ় আমি। বন্ধুর কথা শুনে আমার স্যারও আমাকে ভুল বুঝেছেন। দুঃখে-কষ্টে বাচ্চা ছেলেদের মতো অনেকক্ষণ কেঁদেছি। ধোলাইখাল, যেখানে একটা নতুন গাড়ি গায়েব করতে পাঁচ মিনিটও লাগে না, সেই বিখ্যাত ধোলাইখালের ব্যবসায়ী বন্ধুর কথা বিশ্বাস করল। আর অবিশ্বাস করল এই আমাকে। সেই রাতটা নির্ঘুম কেটেছিল আমার।বাংলামোটরের এক হিন্দু ভদ্রলোক আমাকে প্রায়ই বলতেন, জামিল সাহেব, এটা ভিন্ন জগত্। ইচ্ছে করলেই আপনি সত্ থাকতে পারবেন না। দৈনিক বাংলার মোড়ে জান্নাত মোটরসের জাকির ভাই বলতেন, আমার ১০ বছরের মোটর লাইফে গাড়ির পার্টস কিনতে এসে বাড়তি বিল বানিয়ে না নিতে (সরাসরি মালিক ছাড়া) কাউকে দেখিনি। আমার সততার গুণমুগ্ধ গোপীবাগের মনির মোটরসের স্বত্বাধিকারী মাসুদ মিস্ত্রি এই কদিন আগেও আমাকে বলেছেন, একদিন না একদিন আপনাকে চোর হতেই হবে। সবার কাছ থেকে বিরূপ মন্তব্য শোনার পরও আমি আমার বিবেকের কাছে পরিষ্কার থাকতাম। পুরো ঘটনা আব্বুকে জানালাম। চরম প্রতিকূল পরিস্থিতিতেও যিনি আমাকে সত্ থাকতে উপদেশ দেন, সব শুনে ৭০ পেরোনো আমার হোমিও চিকিৎসক আব্বু আমাকে আগের উপদেশটাই আবার স্মরণ করিয়ে দেন। ইউসুফ জামিলফকিরেরপুল, ঢাকা