
মানবজাতিকে সময়জ্ঞান শেখানোর মহান ব্রত নিয়ে জন্ম হয়েছে তার। মোবাইল ফোন আসার আগে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। ঘরের দেয়ালে, টেবিলে কিংবা হাতের কবজিতে বেশ ভাবগাম্ভীর্যপূর্ণ উপস্থিতি ছিল তাদের। কালের পরিক্রমায় সেই শৌর্য এখন আর না থাকলেও তার কার্যকারিতা এতটুকুও কমেনি। সারাটা জীবনই অক্লান্তভাবে নিজের কাজ করে যান একদম টাইমটেবিল মেনে। পলকের দৃষ্টি দিয়ে মানুষ তার কাছে থেকে কেবল সময়টাই জানতে চায়। অথচ তারও রয়েছে একান্ত ব্যক্তিগত সুখ, দুঃখ, আবেগ, অনুভূতি। আছে একটি ঘটনাবহুল ‘টাইমলাইন’। সেসব নিয়ে রস+আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানালেন ঘড়িসমাজের মুরব্বি, বিশিষ্ট দেয়ালঘড়ি টিকটিক চৌধুরী। সাক্ষাৎকারটি নিয়েছেন বিশিষ্ট ‘লেট লতিফ’ শরীফ মজুমদার
রস+আলো: বোধ করি এটা আপনার জীবনের প্রথম সাক্ষাৎকার। কেমন লাগছে?
টিকটিক চৌধুরী: খুবই আনইজি ফিল করছি। আসলে কাউকে ইন্টারভিউ দেব—এমন কিছু কখনো ভাবিনি তো। আর যা হোক আমি তো সেলিব্রিটি নই।
র.আ.: এটা আপনার বিনয়। একদিক দিয়ে কিন্তু আপনি সেলিব্রিটিদের চেয়েও মহান। এই যে নিরলসভাবে টাইম টু টাইম নিঃস্বার্থ সার্ভিস দিয়ে যাচ্ছেন, এমনটা আজকাল কজন করে!
টি.চৌ.: হ্যাঁ, এ ব্যাপারটায় আমার গর্ব হয় বৈকি! অন্তত এটা বলতে পারি, আমার মতো এমন সময় মেনে আর কেউ কাজ করতে পারবে না।
র.আ.: একটা অভিযোগ আপনার নামে প্রায়ই শোনা যায়। আপনি কারও জন্য অপেক্ষা করেন না, কেন বলুন তো?
টি.চৌ.: হা হা, দোষটা একা আমার ঘাড়েই চাপিয়ে দিলেন। এটা কিন্তু নদীর স্রোতও করে! আমরা দুজনই চলমান। ইফ ইউ আর পাংচুয়াল, আপনি আমার সঙ্গে সঙ্গেই চলবেন। ইফ নট, আপনার জন্য আমার কোনো ঠ্যাকা নাই। আর যা হোক, আপনার জন্য ওয়েট করে আমি নিজে কেন স্লো হব?
র.আ.: বাহ্, বেশ বলেছেন। তবে মাঝেমধ্যে আপনি কিন্তু স্লো হন...আবার ফাস্টও।
টি.চৌ.: এটা জাস্ট টেকনিক্যাল প্রবলেম। কিংবা কখনো কখনো অ্যাডজাস্টমেন্টের ব্যাপারস্যাপারও থাকে। আবার অনেক সময় এমন হয় যে আপনারা নিজেরাই নিজেদের সুবিধার জন্য এটা করেন। সো ইউ ক্যান নট ব্লেইম মি অ্যানিওয়ে।
র.আ.: আপনার জন্য একটা টাফ কোয়েশ্চেন, মোবাইল ফোনকে ঈর্ষা করেন?
টি.চৌ.: হ্যাঁ, করি। আপনার প্রতিদ্বন্দ্বীকে ঈর্ষা আপনি করবেনই। এটা সহজাত। একটা সময় মানুষ কেবল আমাদের ওপরই নির্ভরশীল ছিল। আর এখন দেখুন, আপনি এখন খুব কম মানুষের হাতেই ঘড়ি দেখবেন। ঘরের দেয়ালে, টেবিলেও হয়তো আমরা থাকি, কিন্তু আগের মতো অতটা ইনফ্লুয়েনশিয়াল না। আমাদের কাজটা এখন অনেকটাই মোবাইল করছে। ক্রেডিটটা অবশ্য তাকে দিতে হবে।
র.আ.: এ নিয়ে কি আপনার কোনো দুঃখবোধ আছে?
টি.চৌ.: দুঃখবোধ ঠিক না, তবে আগের দিনের কথা মনে হলে খুবই স্মৃতিকাতর হয়ে পড়ি। আহ্, সেসব দিন!
র.আ.: আচ্ছা, এই যে দিন-রাত ২৪ ঘণ্টা চলেন, মাঝেমধ্যে মনে হয় না ‘একটু রেস্ট নিই’?
টি.চৌ.: এমনটা মনে হয় না। ব্যাটারি ডাউন হয়ে গেলেই বরং অস্বস্তি লাগে। কখন চলব, চলব-টাইপ একটা অস্থিরতা কাজ করে।
র আ.: ২৪ ঘণ্টার মধ্যে কোন মুহূর্তটা বেশি প্রিয়?
টি.চৌ.: দুইটা মুহূর্ত...যখন বারোটা বেজে যায়। জিরো আওয়ার। একটা দারুণ অনুভূতি কাজ করে তখন।
র.আ.: বাহ্, আপনার বারোটা বাজা আর আমাদের বারোটা বাজার মধ্যে কত পার্থক্য!
টি.চৌ.: সরি, ঠিক বুঝলাম না...।
র.আ.: না না, তেমন কিছু নয়। ইয়ে মানে সরি, সাক্ষাৎকারটি এখনই শেষ করতে হচ্ছে। সম্পাদক দুপুরের মধ্যে লেখাটা দিতে বলেছেন, আর এখন বাজে পাঁচটা। আজকে আমারও বারোটা বাজবে রে...