একটি কাব্যময় সন্ধ্যা
কবি রণজিৎ দাশ তাঁর কবিতায় গল্পচ্ছলে জীবনের অমোঘ জিজ্ঞাসাগুলো প্রকাশ করেন। তাঁর কবিতার শব্দ ও বাক্যবন্ধ খুবই সহজ, কিন্তু বিষয় ও ভাবের দিক থেকে দার্শনিক বোধ অনেক গভীর।
‘আমাদের শহরে প্রত্যেক ধর্মের মানুষের জন্য ভিন্ন ভিন্ন দেবালয়;
কিন্তু সকল ধর্মের মানুষদের জন্য একটিই বেশ্যালয়।
কোনো সমস্যা নেই।’
চেতনায় কড়া নাড়ার মতো এ রকম বেশকিছু কবিতা পাঠ করে শ্রোতাদের মোহিত করে রেখেছিলেন কবি গত শুক্রবার সন্ধ্যায়। গ্রন্থবিপণিকেন্দ্র ‘বাতিঘর’ আয়োজিত ‘আমার কবিতা’ শিরোনামে অনুষ্ঠানে তিনি পাঠকদের মুখোমুখি হয়েছিলেন।
কবিতা পাঠের আগে কবিতা সম্পর্কে তাঁর ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি বলেন, কবিতা হলো প্রেমানুভূতির শিল্প। তার উৎসে রয়েছে অপরের দুঃখ-যন্ত্রণাকে নিজের দুঃখ-যন্ত্রণা হিসেবে অনুভব করার মতো অনুভূতি। অর্থাৎ, শিল্প কখনোই আমি-কেন্দ্রিক নয়, তুমি-কেন্দ্রিক। কবিতায় কবির নিজের দুঃখ-যন্ত্রণার যে প্রকাশ, তার মধ্যেও রয়েছে কবির তুমি-কেন্দ্রিক নৈর্ব্যক্তিতার মানস। কোনো শিল্পই শিল্পের জন্য নয়, শিল্প পৃথিবীর জন্য।
কবিতা সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করার পর কবি রণজিৎ দাশ ‘মাকে’ ‘মন্দিরে’ ‘এই শহরে’ ‘এয়ারপোর্ট’সহ একে একে ২৫টি কবিতা পড়ে শোনান। নিজের পছন্দের কবিতা পাঠ শেষ করার পর দর্শকদের অনুরোধে তাঁকে আরও কয়েকটি কবিতা পড়ে শোনাতে হয়।
কবিতা পাঠ শেষে তিনি উপস্থিত কবিতাপ্রেমীদের নানা প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি বলেন, ‘আমরা যাই লিখি না কেন, তা যেন সহজ ভাষায় লিখি। যাতে যেকোনো স্তরের পাঠক তা বুঝতে সক্ষম হন।’
অনুষ্ঠানের শুরুতে কবি রণজিৎ দাশ সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন কবি তুষার দাশ। সত্তর দশকের প্রধান কবি রণজিৎ দাশের জন্ম ১৯৪৯ সালের আসামের শিলচর শহরে। ১৯৭১ সাল থেকে তিনি কলকাতায় বাস করছেন। পৈতৃক নিবাস ঢাকার বিক্রমপুরে। রণজিৎ দাশ পেশায় ছিলেন সরকারি আমলা। কিছুদিন আগে চাকরি থেকে ইস্তফা দিয়ে লেখালেখিকেই সার্বক্ষণিক কাজ হিসেবে নিয়েছেন।
রণজিৎ দাশের কবিতা শুনে মুগ্ধ তরুণ কবি ফারহানা আনন্দময়ী বলেন, এ রকম অনন্য কবিতাময় সন্ধ্যার কথা অনেক দিন মনে থাকবে।
অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন ঈশিতা চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি বিশ্বজিৎ চৌধুরী।