একটি কৃষ্ণচূড়ার কথা

প্রায় বছর ছয়েক আগের কথা। শুরু হয়েছে হাতিরঝিল প্রকল্পের কাজ। সেটি বাস্তবায়নের পর নগরবাসী একটি চমৎকার প্রকল্পের দেখা পেলেও আলোকচিত্রী জাঈদ ইসলাম হারিয়েছিলেন তাঁর প্রিয় কৃষ্ণচূড়াগাছটি। হাতিরঝিল প্রকল্পের কাজের সময় গাছটি উপড়ে ফেলা হয়। সেই সময়ের উপড়ে ফেলা কৃষ্ণচূড়াগাছটি ও তার আশপাশের পরিবেশ নিয়ে ছবি তোলেন জাঈদ ইসলাম। সেসব আলোকচিত্র নিয়ে হাতিরঝিলের সেই জায়গাটায় হলো এক প্রদর্শনী। ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত চলে এটি।

প্রদর্শনী নিয়ে জাঈদ ইসলাম বলেন, ‘রোজ সকালে জানালা খুলেই দেখা হতো গাছটির সঙ্গে। মাঝেমধ্যে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতাম লাল-হলুদ রঙা ফুলগুলোর দিকে। একটা ভালো লাগা তৈরি হয় গাছটির প্রতি। একদিন দেখি গাছটি উপড়ে ফেলা হয়েছে। একটু পরে খেয়াল করলাম, কিছু ছোট ছেলে-মেয়ে গাছটির পড়ে থাকা ফুল, ডালপালা দেখছে। গাছ ও শিশুদের ছবি তুললাম। ছয় বছর পরে সেই ছেলে-মেয়েগুলোকে খুঁজে বের করি। ওরাই এই প্রদর্শনীর উদ্বোধন করে।’