একটি খবর পাল্টে দিল কষ্টমাখা জীবনগল্প

দুই শিশুকন্যাসহ মায়িশা ফারাহ্। ১০ আগস্ট প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর বগুড়ার পুলিশ সুপারের কার্যালয়েছবি: সোয়েল রানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ আগস্ট, মঙ্গলবার। অন্য দিনের মতোই সকাল নয়টার মধ্যে আকবরিয়া গ্রুপে পরিচ্ছন্নতাকর্মীর কাজে যাই। প্রথম আলোর নারীমঞ্চ পাতায় আমাকে নিয়ে ছাপা হওয়া ‘করোনায় স্বামী হারিয়ে শিক্ষক মায়িশা এখন পরিচ্ছন্নতাকর্মী’ শিরোনামের প্রতিবেদনটি তখনো চোখে পড়েনি।

সকাল সাড়ে ১০টা। হঠাৎ ফোনের পর ফোন। দেশ-বিদেশ থেকে শত শত অচেনা মানুষ। সহানুভূতি আর সহমর্মিতা জানান তাঁরা ফোনে। কেউ চাকরির কথা বলেন, কেউ অর্থসহায়তা পাঠান। আমার মা-বাবা ও দুই শিশুকন্যাসহ নিজ কার্যালয়ে ডেকে পাঠান বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী। সেখানে যাই দুই মেয়ে সুহিতা ফারাহ্‌ ও শেহ্‌ রিশ ফারাহ্‌কে নিয়ে।

করোনাকালে সংকটে বেঁচে থাকার লড়াই-সংগ্রামের জীবনগল্প শোনেন পুলিশ সুপার। সংকটে ভেঙে না পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টার প্রশংসা করেন। উৎসাহ দেন। এমন সংকটে সব সময় পরিবারের পাশে থাকার এবং জেলা পুলিশের পক্ষ থেকে পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। সম্মানজনক একটা চাকরির ব্যবস্থা করার কথাও বলেন তিনি। পুলিশ সুপার স্যার তাৎক্ষণিক নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা এবং পরিবারের সবার হাতে উপহার তুলে দেন।

মায়িশা ফারাহ্

আমার জন্য এ এক অন্য রকম দিন। পুলিশ সুপারের এই মানবিক ভালোবাসায় আবেগে আপ্লুত হয়ে পড়েন আমার বৃদ্ধ বাবা রোস্তম আলী (৮২) এবং অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মা নেকনূর খাতুন (৭৫)। এসপি কার্যালয় থেকে গাড়িতে করে আমাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

পত্রিকার একটা খবর মুহূর্তেই একজন অসহায় মেয়ের জীবনগল্প কতটা পাল্টে দিতে পারে, সেটা কাউকে বোঝাতে পারব না। অথচ কদিন আগেও একবুক কষ্ট নিয়ে পরিচ্ছন্নতাকর্মীর কাজে গেছি, ছোট দুটি শিশুর দুধের টাকা কীভাবে জোগাব, তা নিয়ে দুশ্চিন্তায় পেরিয়ে গেছে রাত-দিন। পাঁচ ও আড়াই বছর বয়সী দুই শিশুকন্যা এবং বৃদ্ধ মা-বাবাকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছি। অবুঝ শিশুদের মুখে খাবার তুলে দিতে ফুটপাতে মানুষের কাছে হাত পেতেছি। চেয়েচিন্তে কোনোরকমে বেঁচে থাকার লড়াই করেছি। একমুঠো খাবার জোগাতে এখানে-ওখানে ছুটে গেছি। করোনায় হারিয়েছি স্বামীকে।

গেল ঈদুল আজহায় মা-বাবা কিংবা শিশুকন্যাদের পাতে জোটেনি ভালো কোনো খাবার। অথচ প্রথম আলোর একটি খবর রাতারাতি পাল্টে দিয়েছে আমার মতো একটা অসহায় মেয়ের কষ্টমাখা জীবন।

দিনে-রাতে কয়েক শ ফোন এসেছে। এত মানুষের ভালোবাসায় মুগ্ধ আমি। এর মধ্যে ফ্রেশ গ্রুপের অন্যতম কর্ণধার তৌহিদুর রহমান নগদ ১০ হাজার টাকা পাঠানো ছাড়াও প্রতি মাসে সমপরিমাণ অর্থসহায়তার কথা জানিয়েছেন। বেসরকারি টেলিভিশন এনটিভির কর্মীদের পক্ষ থেকে ১৩ হাজার টাকা।

যেখানে আমি এক মাস ধরে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছি বগুড়া শহরের সেই আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রতিবেদন ছাপা হওয়ার পরপরই তিনি পরিচ্ছন্নতা বিভাগের বদলে তাঁর প্রতিষ্ঠানে কমপ্লায়েন্স অফিসার পদে আমার পদোন্নতি দিয়েছেন। পরিচ্ছন্নতাকর্মী হিসেবে মাস শেষে বেতন পাওয়ার কথা ছিল ৬ হাজার টাকা। কিন্তু কমপ্লায়েন্স অফিসার পদে পদোন্নতির সঙ্গে এক মাসের বেতন ১৫ হাজার টাকা আমার হাতে তুলে দিয়েছেন তিনি। এই পদে কাজের পরিধি সম্পর্কে ধারণা দিতে প্রশিক্ষণের ব্যবস্থাও করেছেন।

এর বাইরে পেয়েছি শত শত মানুষের ভালোবাসা আর সহায়তা। প্রতিবেদন প্রকাশের পর কয়েক দিন কেটে গেল। প্রতিদিনই দেশ-বিদেশের অসংখ্য নম্বর থেকে ফোন আসছে। তাঁরা কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী কিংবা গৃহিণী। কেউ নগদ অর্থসহায়তা পাঠাচ্ছেন, কেউ দিচ্ছেন দীর্ঘমেয়াদি সহায়তার আশ্বাস।

এরই মধ্যে তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে চাকরির প্রস্তাব এসেছে। সরকারি একটি গ্যাস কোম্পানিতেও চাকরির আশ্বাস মিলেছে। একটি সুপারশপের পক্ষ থেকেও চাকরির প্রস্তাব পেয়েছি। দুটি বেসরকারি সংস্থাও চাকরির কথা বলেছে। এখন সংসারে খাবারের সংকট নেই। শিশুকন্যাদের দুধ কেনার অর্থ ও মাস শেষে বাসাভাড়া নিয়েও দুশ্চিন্তা নেই।

কিছু কিছু মানুষের ভালোবাসার ঋণ কখনো শোধ দিতে পারব না। প্রথম আলোতে যেদিন জীবনগল্প ছাপা হলো সেদিনই একজন নারী মুঠোফোনে যোগাযোগ করে আমাকে দেখতে চান। আমার স্মার্টফোন নেই জানার পর তাৎক্ষণিক ১৬ হাজার টাকা পাঠান মুঠোফোন কেনার জন্য। মেসেঞ্জারে ভিডিও কল দিয়ে আমাকে দেখার পর তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। বগুড়ার আরেকজন নারী আমাকে ফোনে আড়ংয়ের শোরুমে ডেকে নেন। এরপর দামি পোশাক উপহার দেন। আমার বড় মেয়েকে উপহার দেন স্বর্ণালংকার। এ রকম অসংখ্য মানুষের ভালোবাসায় এখন মুগ্ধ আমি।

সবকিছুই এখন আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। একদিন আগেও কতটা অসহায় ছিলাম। অথচ আমার অসহায়ত্বের জীবনগল্প তুলে ধরে প্রথম আলো আমাকে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। একদিন আমার কাজ ছিল, সংসার ছিল, আমার বাড়ি ছিল, ঘর ছিল। এখন আমার কিছুই নেই। করোনা মহামারি না এলে বুঝতে পারতাম না, বাস্তব দুনিয়াটা কত কঠিন!

এই করোনা মহামারিতে আমার মতো হাজারো মায়িশা জীবনযুদ্ধে পরাজিত হয়ে সমাজ থেকে হারিয়ে যেতে বসেছে। এখন আমার একটাই চাওয়া, প্রথম আলো যেন সমাজে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আমার মতো মায়িশাদের জীবনগল্প বেশি বেশি করে তুলে আনে, হারিয়ে যাওয়ার আগেই মায়িশাদের যেন খুঁজে খুঁজে বের করে। মায়িশারা যেন জীবনযুদ্ধে পরাজিত না হয়।

অনুলিখন: আনোয়ার পারভেজ, বগুড়া