একটি গুলিও চলেনি, দখল হয়নি কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি বাবুল আক্তার, হাটহাজারী অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনগণের দৃষ্টি আকর্ষণ করছি। আগামীকাল সকাল থেকে আপনারা ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেবেন। নির্বাচন চলাকালে এখানে কোনো সন্ত্রাসী বাহিনী থাকবে না। থাকবে কেবল একটি বাহিনী। সেটি পুলিশ বাহিনী। পুলিশের যতক্ষণ প্রাণ থাকবে আর পুলিশের বন্দুকে গুলি থাকবে, ততক্ষণ কাউকে ভোটকেন্দ্র দখল করতে দেওয়া হবে না। কেউ ভোটবাক্স ছিনতাই করতে চাইলে পুলিশ আরও কঠোর হবে। এক এলাকার ভোটার অন্য এলাকায় গেলে গ্রেপ্তার করা হবে।’ফটিকছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগের দিন গত শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন বাজার, বাসস্ট্যান্ডসহ অন্তত ১২টি পয়েন্টে এ ধরনের প্রচারণা চালায় পুলিশ। এর সুফল পাওয়া যায় পরদিন নির্বাচনে ভোট গ্রহণের সময়।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. জেড এ মোরশেদ প্রথম আলোকে বলেন, গত ৪০ বছরে ফটিকছড়িতে এত শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত নির্বাচন হয়নি। কোথাও একটি গুলি কিংবা বোমা ফোটেনি। কোনো কেন্দ্র দখল হয়নি। প্রার্থী-সমর্থকদের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটেনি, যা ফটিকছড়িবাসীর কাছে অবিশ্বাস্য বলে মনে হয়েছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ফেনী জেলার আয়তনের চেয়েও বড় এ উপজেলায় ভোট শুরুর আগমুহূর্ত পর্যন্ত মানুষের মধ্যে অস্বস্তি ছিল। কারণ, অতীতে এখানে নাসির বাহিনী-তৈয়ব বাহিনীসহ অসংখ্য সন্ত্রাসী বাহিনীর অস্তিত্ব ছিল। ওরাই ঠিক করে দিত কে নির্বাচিত হবেন। কিন্তু এবার সেখানে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পেরেছেন, যা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। শুধু তা-ই নয়, নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী বিজয়ী প্রার্থীকে ফুলের মালা দিয়ে অভিনন্দনও জানিয়েছেন। নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এবারের নির্বাচনে রাজনৈতিকভাবে দুই ভাগ হয়ে গেছে ফটিকছড়ি। এখানকার ২০টি ইউনিয়নের মধ্যে ১৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে দক্ষিণের বেশির ভাগ ইউনিয়নসহ ১০টিতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন। আর উত্তরের চারটি ইউনিয়নে জিতেছেন জামায়াত-সমর্থিত প্রার্থী। একটি মাত্র আসনে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। দীর্ঘদিন ধরে ফটিকছড়িতে এ ধরনের রাজনৈতিক বিভাজন চলে আসছিল বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়। তবে উত্তরে জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগেরও চারজন প্রার্থী জয়ী হয়েছেন। তাঁরা হলেন—বাগান বাজার ইউনিয়নে রুস্তম আলী, দাঁতমারায় জানে আলম, নারায়ণহাটে আবু জাফর আহমদ ও কাঞ্চননগরে রশিদ উদ্দিন চৌধুরী। জামায়াতে ইসলামীর জয়ী প্রার্থীরা হলেন—ভুজপুরে শফিউল আলম, হারুয়ালছড়িতে ইকবাল হোসেন চৌধুরী, সুন্দরপুরে শহিদুল আজম ওরফে মোল্লা আজম ও পাইন্দং ইউনিয়নে সরওয়ার হোসেন। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও উত্তর ফটিকছড়ির বাসিন্দা মো. আবুল বশর প্রথম আলোকে বলেন, একমাত্র হারুয়ালছড়ি ছাড়া অন্য তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের সম্মিলিত ভোটের সংখ্যা জামায়াত প্রার্থীর চেয়ে অনেক বেশি। এখানে আওয়ামী লীগের একাধিক প্রার্থীর পাশাপাশি উপজেলার নীতিনির্ধারক পর্যায়ের অনেক নেতা জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করেছেন। তা ছাড়া আচরণবিধি লঙ্ঘন করে জামায়াতের নেতারা একেকটি ইউনিয়নে কোটি টাকা ব্যয় করেছেন। দক্ষিণ ফটিকছড়িতে বিজয়ী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা হলেন—রোসাংগিরি ইউনিয়নে শফিউল আলম, লেলাংয়ে কুতুব উদ্দিন মুহুরী, জাফতনগরে আবদুল হালিম, সমিতির হাটে নুরুল ইসলাম চৌধুরী, আবদুল্লাহপুরে হোসেন আলী ও ধর্মপুর ইউনিয়নে কাজী মাহমুদুল হক। একমাত্র বিজয়ী বিএনপি-সমর্থিত প্রার্থী হচ্ছেন ভক্তপুর ইউনিয়নে ফারুকুর আজম। এখানে আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক চেয়ারম্যান এ কে এম সোলায়মান মাত্র ৪৫ ভোটের ব্যবধানে হেরে যান। নির্বাচনে আওয়ামী লীগের আরেকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর নাম আবু আহমদ।