একটি গ্রামোফোন রেকর্ডের উপাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই গ্রামোফোন রেকর্ডের সংগ্রাহক রুয়েটের অধ্যাপক ইকবাল মতিনএই গ্রামোফোন রেকর্ডের সংগ্রাহক রুয়েটের অধ্যাপক ইকবাল মতিন
এই গ্রামোফোন রেকর্ডের সংগ্রাহক রুয়েটের অধ্যাপক ইকবাল মতিনএই গ্রামোফোন রেকর্ডের সংগ্রাহক রুয়েটের অধ্যাপক ইকবাল মতিন

১৯১৬ সালের ১২ সেপ্টেম্বর। কলকাতার হাওড়া রেলস্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ‘আম্বালা এক্সপ্রেস’। ট্রেনটি সন্ধ্যা সাড়ে সাতটায় লাহোরের উদ্দেশে ছেড়ে যাবে। এই ট্রেনে চেপে বাঙালি পল্টনের প্রথম দল যাবে নওশেরা। সেখানে সামরিক প্রশিক্ষণ নেবে। প্রশিক্ষণ শেষে সৈনিকেরা যাবেন রণাঙ্গনে। সন্ধ্যার আগে থেকেই প্ল্যাটফর্মে জমায়েত হয়েছেন কলকাতার গণ্যমান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিরা। সেখানে আরও আছেন সৈনিকদের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য-সংখ্যক নারীও উপস্থিত আছেন। তাঁরা সবাই একত্র হয়েছেন বাঙালি পল্টনের প্রথম দলকে বিদায় জানাতে। বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে ‘বেঙ্গলি রেজিমেন্ট কমিটি’ নামের একটি স্বেচ্ছাসেবী দল আর অনুষ্ঠানটি পরিচালনায় আছে ‘মহিলা সমিতি’।
প্ল্যাটফর্মে ফেরিওয়ালারা গরম পুরি, পান-বিড়ি-সিগারেট, চা, বাদাম বিক্রি করছে। কলকাতা বয়স্কাউট দল প্ল্যাটফর্মের শৃঙ্খলা বজায় রাখতে হিমশিম খাচ্ছে। প্ল্যাটফর্মে গুঞ্জন উঠল, ‘বাঙালি পল্টন আসছে’, ‘এই, সরে দাঁড়া, সরে দাঁড়া, বাঙালি পল্টন আসছে’। চারদিকে হইচই পড়ে গেল। উপস্থিত জনতা সরে গিয়ে সৈনিকদের জন্য জায়গা করে দিল। বিউগল আর ব্যান্ডের তালে তালে বাঙালি পল্টনের প্রধান উদ্যোক্তা ডা. শরৎকুমার মল্লিকের নেতৃত্বে বাঙালি সৈনিকেরা মার্চ করে প্ল্যাটফর্মে প্রবেশ করলেন। সবার পরনে সামরিক পোশাক। তাঁরা তাঁদের জন্য নির্ধারিত তৃতীয় শ্রেণির কামরার সামনে এসে সারিবদ্ধভাবে দাঁড়ালেন। অপেক্ষাকৃত কম বয়সী মেয়েরা এগিয়ে এসে বাঙালি সৈনিকদের গলায় মালা পরিয়ে দিল এবং গান গেয়ে তাঁদের বরণ করল।

সৈনিকদের মা এবং মাতৃস্থানীয় অন্য মহিলারা সনাতন পদ্ধতিতে চন্দন-দূর্বা দিয়ে সৈনিকদের আশীর্বাদ করলেন। ব্রাহ্মণ পুরোহিত বিদায়ের মন্ত্র পাঠ করলেন। মহিলা সমিতির পক্ষ থেকে উপহার হিসেবে প্রত্যেক সৈনিককে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর একটি করে প্যাকেট তুলে দেওয়া হলো।

ঠিক সাড়ে সাতটায় গাড়ি ছাড়ার ঘণ্টা বেজে উঠলে বাঙালি সৈনিকেরা ‘বন্দে মাতরম’ আর ব্রিটেনের রাজা ও রানির নামে জয়ধ্বনি দিয়ে ট্রেনে আরোহণ করলেন। গার্ডের বাঁশির সঙ্গে সঙ্গে ট্রেনটি শিস দিতে দিতে চলতে শুরু করল। উপস্থিত জনতা ‘বন্দে মাতরম’ এবং বাংলার গভর্নর লর্ড ও লেডি কারমাইকেলের নামে জয়ধ্বনি দিয়ে বিদায় জানাল বাঙালি সৈনিকদের।

এই ছিল ব্রিটিশ শাসনামলের একমাত্র বাঙালি পল্টনের প্রথম সৈনিক দলের বিদায় অনুষ্ঠান। মধ্যযুগে বা এরও আগে বাঙালির নিজস্ব কোনো পল্টন ছিল কি না, তা নিয়ে বিতর্ক থাকলেও আধুনিক সময়ে এটিই প্রথম বাঙালি পল্টন। পল্টনের নাম ছিল প্রথমে ‘বেঙ্গলি ডাবল কোম্পানি’, পরবর্তী সময়ে ‘৪৯তম বেঙ্গল রেজিমেন্ট’। এর জন্ম প্রথম মহাযুদ্ধকালে, ১৯১৬ সালের আগস্ট মাসে। আর এর বিলুপ্তি ঘটে যুদ্ধ শেষে, ১৯২০ সালের অক্টোবর মাসে।

সামরিক বিদ্যায় অনভিজ্ঞ এবং এ বিষয়ে ঐতিহ্যের অভাব থাকায় বাঙালি পল্টন গঠন খুব সহজ ছিল না। সৈনিকের কঠোর জীবনের প্রতি বাঙালি তরুণদের মধ্যে খুব একটা আগ্রহ লক্ষ করা যায়নি। তাই পল্টন গঠনের জন্য বাঙালি নেতারা সারা বাংলায় একধরনের সামাজিক আন্দোলনের উদ্যোগ নেন। আপামর জনসাধারণ এতে সম্পৃক্ত না হলেও রাজার প্রতি অনুগত শিক্ষিত সমাজ এই আন্দোলনে যোগ দেয়। এই আন্দোলনে সে সময়ের অগ্রণী মহিলারাও ব্যাপকভাবে সম্পৃক্ত হন। আন্দোলনকারীরা বাঙালি তরুণদের পল্টনে যোগদানে উদ্বুদ্ধ করার জন্য গ্রাম, গঞ্জ ও শহরে দফায় দফায় জনসভার আয়োজন করেন। জমিদার ও ধনী ব্যক্তিরা সৈনিকদের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনার ঘোষণা দেন। মহিলারা সৈনিকদের স্বস্তি, আরাম-আয়েশের জন্য তহবিল গড়ে তোলেন। কবি-সাহিত্যিকেরা বাঙালি পল্টন নিয়ে রচনা করেন গান, কবিতা, গল্প আর নাটক।

বিংশ শতাব্দীর শুরুতে ভারতের বাজারে ‘গ্রামোফোন যন্ত্র’-এর আগমন ঘটে। গ্রামোফোন যন্ত্রে রেকর্ড বাজিয়ে কণ্ঠসংগীত, যন্ত্রসংগীত, আবৃত্তি, নাটক বা শব্দ শোনা যেত। বিংশ শতাব্দীর প্রথম তিন দশক এটিই সবচেয়ে আধুনিক বিনোদনমাধ্যম ছিল। তখনো রেডিও বা বেতারযন্ত্রের সাহায্যে বিনোদন শুরু হয়নি। গ্রামোফোন যন্ত্র বিদেশ থেকে এলেও স্থানীয় শ্রোতাদের রুচি ও চাহিদানুযায়ী এখানেই গ্রামোফোন রেকর্ড তৈরি হতো। হাওড়া রেলস্টেশনে বাঙালি পল্টনের বিদায় অনুষ্ঠানটির আদলে কলকাতার ‘দ্য গ্রামোফোন রেকর্ড কোম্পানি লিমিটেড’ একটি গ্রামোফোন রেকর্ড প্রকাশ করে। সেখানে রেলস্টেশনের চিত্রটি কণ্ঠ, সংগীত ও অন্যান্য শব্দের সাহায্যে ধারণ করা হয়। ‘দ্য গ্রামোফোন মিউজিক্যাল পার্টি’র কলাকুশলীরা কণ্ঠ ও সংগীতশিল্পীর ভূমিকা পালন করেন। রেকর্ডটি ‘হিজ মাস্টার্স ভয়েস’ ব্র্যান্ড নামে প্রকাশিত হয়। রেকর্ডটি ‘কোরাস’ শ্রেণির ও এর নম্বর ছিল ‘পি ৩৫৯০’। দুই পিঠেই রেকর্ডের শিরোনাম বাংলায় আর বাকি তথ্য ইংরেজিতে লেখা ছিল। রেকর্ডের এক পিঠের শিরোনাম ছিল ‘হাওড়া স্টেশনে বাঙালি পল্টনকে বিদায়’। এখানে ধারণ করা হয় বিদায় অনুষ্ঠানের দৃশ্য, যার দৈর্ঘ্য ছিল ৩ মিনিট ১৫ সেকেন্ড। আর অপর পিঠের শিরোনাম ছিল ‘বাঙালি পল্টনের মার্চ সংগীত’। এখানে ধারণ করা হয় বাংলায় একটি রণসংগীত, যার দৈর্ঘ্য ছিল ২ মিনিট ৩৫ সেকেন্ড। রেকর্ডটি সম্পর্কে তৎকালীন পত্রিকায় নিচের বিজ্ঞাপনটি প্রকাশ পায়:

‘মার্চ সঙ্গীত ও হাওড়া স্টেশন হইতে যাত্রাকালীন দৃশ্যের সবিশেষ বিবরণ

প্রথম পৃষ্ঠা —তূর্য্যধ্বনি ও ভেরী নিনাদ ব্যান্ড বাদ্যের সহিত পদ বিক্ষোপের তালে তালে সমস্বরে মার্চ গীত

দ্বিতীয় পৃষ্ঠা —হাওড়া স্টেশনে আরোহী ও ফেরিওয়ালাদের কলরব—ব্যান্ড বাদ্য—মহিলাগণের আশীর্বাদ গীত-ব্রাহ্মণ ও ভদ্রমহোদয়গণ কর্তৃক কল্যাণকামনা—গাড়ির ঘণ্টা—গার্ডের শিটি—আনন্দ ও জয়ধ্বনি—গাড়ি ছাড়ার শব্দ ইত্যাদি।

রেকর্ডখানি সর্বাঙ্গ সুন্দর হইয়াছে। নিকটস্থ গ্রামোফোন ব্যবসায়ীর দোকানে গিয়া শ্রবণ করুন। মূল্য আড়াই টাকা।’

রেকর্ডের মূল্য লক্ষ করলে মনে হতে পারে যে এই রেকর্ডটি প্রকাশিত হয়েছিল ব্যবসায়িক বিবেচনায় এবং তখনকার বাবু সংস্কৃতির ধারক-বাহক মধ্যবিত্ত শ্রেণিকে মাথায় রেখে। কারণ, তখন একজন সৈনিকের বেতন ছিল ১১ টাকা আর রেকর্ডের মূল্য আড়াই টাকা অর্থাৎ সৈনিকের বেতনের প্রায় এক-চতুর্থাংশ।

এই রেকর্ডটি ছাড়াও বাঙালি পল্টনকে ঘিরে সে সময় আরও কয়েকটি রেকর্ড প্রকাশ পেয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘চিরস্মরণীয় বাঙালি পল্টনের মার্চ সংগীত ও অবসর সময়ের শিবির দৃশ্য’, ‘যাও বৎস যাও রণমাঝে যাও আর্য্যবীর্য পুনঃপ্রকাশ ধারায়’, ‘চল চল চল সবে মাতি রণরঙ্গে’ ইত্যাদি শিরোনামের রেকর্ডগুলো। বাঙালি পল্টন আন্দোলনকে উজ্জীবিত করতে নামকরা সংগীতকারদের মধ্যে ডি এল রায়ের একাধিক দেশাত্মবোধক গানও এ সময় রেকর্ড করা হয়েছিল।

এই গ্রামোফোন রেকর্ডটি শুধুই আমাদের সংস্কৃতির উপাদান নয়, এটি বিশেষ একটি সময়ের সামাজিক ইতিহাসেরও দলিল। বাঙালি পল্টনকে ঘিরে যে উন্মাদনা সে সময় সৃষ্টি হয়েছিল তা আজ হাস্যকর মনে হতে পারে, তবে সেটাই ছিল তখনকার বাস্তবতা।