একটি ঘাসফড়িংয়ের গল্প
পুরোনো গল্পগ্রীষ্মকালজুড়ে পিঁপড়া ওর নিজের জন্য ঘর বানাল এবং শীতের জন্য খাদ্য সঞ্চয় করল। আর ঘাসফড়িং ভাবল, পিঁপড়া একটা বোকা। সুতরাং ঘাসফড়িং হেসেখেলে মনের আনন্দে গ্রীষ্মকালটা পার করে দিল। তারপর যথারীতি শীতকাল এল। পিঁপড়ার এখন খাদ্যের অভাব নেই। আর তার থাকার জায়গাটাও বেশ গরম। ওদিকে ঘাসফড়িংয়ের খাদ্যও নেই, ভালো আশ্রয়ও নেই। সুতরাং শীতে টিকতে না পেরে, না খেয়ে বেচারা মারাই গেল।গল্পের নতুন বাংলাদেশি সংস্করণ গ্রীষ্মকালজুড়ে পিঁপড়া ওর নিজের জন্য ঘর বানাল এবং শীতের জন্য খাদ্য সঞ্চয় করল। আর ঘাসফড়িং ভাবল, পিঁপড়া ব্যাটা একটা গাধা। সুতরাং হেসেখেলে নেচেগেয়ে গ্রীষ্মকালটা পার করে দিল ঘাসফড়িং। তারপর যথারীতি শীতকাল এল। ঠান্ডায় মরমর ঘাসফড়িং প্রেস কনফারেন্স ডাকল এবং সে জানতে চায়, পিঁপড়া কেন একা একা ভালো ভালো খাবে আর গরম জায়গায় থাকবে, যেখানে অন্যরা না খেয়ে এবং শীতে জমে মরে যাচ্ছে। বিটিভি, বিবিসি, সিএনএন—সব এল, ওরা শীতে কাঁপা ঘাসফড়িংয়ের ভিডিও প্রচার করল আর পাশাপাশি প্রচার করল আয়েশে থাকা পিঁপড়ার ভিডিও। পিঁপড়ার আরামদায়ক একখানা বাড়ি আর টেবিল ভর্তি খাবারদাবার। এই তীব্র বৈপরীত্য দেখে সারা বিশ্ব হতভম্ব। বেচারা ঘাসফড়িংয়ের এ রকম দুর্ভোগ কিছুতেই মেনে নেওয়া যায় না। আ্য্যমনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুন ঘাসফড়িংয়ের মৌলিক অধিকার সংরক্ষণ না করায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন। পররাষ্ট্রমন্ত্রী এই অভিযোগ নাকচ করে দিয়ে বললেন, ‘এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার আন্তর্জাতিক অপচেষ্টা...’ সুশীল সমাজ ঘাসফড়িংয়ের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মানববন্ধন করল এবং বিবৃতি দিল, ‘সংখ্যালঘুদের ওপর এহেন অন্যায় মেনে নেওয়া যায় না...’ এবং সেই সঙ্গে আন্তর্জাতিক তদন্তের দাবি জানাল। ঘাসফড়িংয়ের সমর্থনে ইন্টারনেটে অনলাইন পিটিশনের বন্যা বয়ে গেল। সরকারি দলের ব্যাপক দুর্নীতি এবং দেশ লুটপাট করে খাওয়ার ফলে ঘাসফড়িংয়ের আজকের এই অবস্থা। বিরোধী দল তা কখনোই মেনে নিতে পারে না। আগামী নির্বাচনে বিরোধী দল ক্ষমতায় গেলে প্রতিটি ঘাসফড়িং একটা করে বিলাসবহুল বাড়ি এবং টেবিল ভর্তি খাবার পাবে—এই প্রতিশ্রুতি দিয়ে অনির্দিষ্টকালের জন্য হরতাল ঘোষণা করল। (সংসদে থাকলে ওয়াকআউটসহ হরতালের ডাক দিত) দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতেই বিরোধী দলের এই ষড়যন্ত্র। পুরো ঘটনাই মুক্তিযুদ্ধবিরোধী একটি কুচক্রী মহলের সাজানো নাটক। এই সরকার ক্ষমতায় আসার পর প্রতিটি ঘাসফড়িং সুখে আরামদায়ক বাড়িতে আছে এবং তাদের খাবারের কোনো অভাব নেই। (বিটিভিতে কতিপয় ঘাসফড়িংয়ের বিলাসবহুল বাড়ি এবং টেবিল ভর্তি খাবারসমেত ছবি দেখানো হলো এবং সাক্ষাৎ কারে তারা জানাল যে বিগত সরকারের আমলে তারা ভীষণ কষ্টে ছিল এবং এই সরকার আসার পর থেকে তারা ভীষণ সুখে আছে ইত্যাদি ইত্যাদি...) পরের দিন বিরোধী দল-সমর্থক ঘাসফড়িংয়ের মিছিলে পুলিশের লাঠিপেটায় নিহত ৫ আহত ২২। দেশের বিরুদ্ধে চক্রান্ত প্রতিরোধে সরকারি দল-সমর্থক ঘাসফড়িংয়ের বিক্ষোভ মিছিল। বুদ্ধিজীবীরা ‘ঘাসফড়িংয়ের মানবাধিকার এবং বাংলাদেশের প্রেক্ষাপট, ঘাসফড়িং শৈশব এবং আমাদের স্বাধিকার আন্দোলন’ এসব শিরোনামে একের পর এক কলাম লিখতে থাকলেন। টক শোতে ব্যাপক ঝড় উঠল। আলোচনা ক্রমেই ঘাসফড়িংয়ের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায় অতিক্রম করে অবশেষে মুক্তিযুদ্ধে গিয়ে শেষ হলো। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপশক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। অন্য দল বলল, এটা পার্শ্ববর্তী বৃহৎ একটি দেশের ষড়যন্ত্র। সাধারণ মানুষের চায়ের কাপের আলোচনায়ও বিষয়টি স্থান পেয়েছে। তাদের মতামত হলো, এটা আমেরিকা তথা পশ্চিমা বিশ্বের একটা ষড়যন্ত্র, ওরা আমাদের তেল-গ্যাস নিয়ে যাওয়ার পাঁয়তারা করছে, ‘এই যেমন সাদ্দাম, ওরা ইরাকের তেল-গ্যাস নিয়ে যাওয়ার জন্যই তো এই যুদ্ধটা করল...আর লাদেনের কথাই ধরুন না, লাদেনকে ওরা তো মারতেই পারেনি, পুরোটাই একটা সাজানো নাটক... হরতাল সফল হয়েছে বলে বিরোধী দল ‘ভি’ চিহ্ন দেখাল, হরতাল সফল হয়নি বলে সরকারি দল ‘ভি’ চিহ্ন দেখাল। বিপন্ন ঘাসফড়িংয়ের ভেতর মাইক্রোক্রেডিট চালু করে দারিদ্র্য বিমোচন এবং দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর লক্ষ্যে কতিপয় এনজিও এবং আন্তর্জাতিক সংস্থা বাস্তবভিত্তিক গঠনমূলক পদক্ষেপ নিতে শুরু করল। দুদক দুর্নীতির অভিযোগে পিঁপড়াদের গ্রেপ্তার করল এবং তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করল। এবং গ্রেপ্তারের পুরো দৃশ্য বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হলো। বান কি মুন এবং আ্য্যমনেস্টি ইন্টারন্যাশনাল এতে স্বস্তি প্রকাশ করল। মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করল। কিন্তু নিরীহ কোনো পিঁপড়াকে যেন অযথা হয়রানি না করা হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে বলেছে। বিরোধী দল অভিযোগ করল, শুধু বিরোধী দলের পিঁপড়াকেই গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং তারা হরতালের মেয়াদ বাড়িয়ে দিল। এরপর ঘাসফড়িংয়ের চেয়ে আরও বিস্ময়কর এবং আরও উত্তেজনাকর ঘটনা ঘটল, ফলে এই ঘটনাটি পুরোপুরি চাপা পড়ে গেল। অনেক অনেক বছর পর এসব কঠোর পরিশ্রমী পিঁপড়া মাইগ্রেশন করে ইংল্যান্ড-আমেরিকায় চলে গেল। ওখানে গিয়ে ওরা বড় বড় হোটেল দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার কামাতে লাগল। আর এদিকে হাজার হাজার ঘাসফড়িং নানাবিধ রাজনৈতিক প্রতিশ্রুতির ভারে এবং মাইক্রোক্রেডিটের সাপ্তাহিক কিস্তির চাপে না খেয়ে মারা যাচ্ছে—ফলে যা হলো, এসব কঠোর পরিশ্রমী পিঁপড়াকে হারিয়ে এবং ওই সব ঘাসফড়িংকে বসিয়ে বসিয়ে খাইয়ে গত হাজার বছরের মতো বাংলাদেশ সেই চিরকালের উন্নয়নশীল দেশই রয়ে গেল...!