একটি ঘূর্ণিঝড়বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ক্রাশ’ আমার মনের উপকূলের দিকে এগিয়ে আসছে। বর্তমানে এটি আমার থেকে ১০ মিটার দূরে অবস্থান করলেও গুটি গুটি পায়ে আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।হালকা দৃষ্টি বিনিময় থেকে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের কারণে আমাকে ১১ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত পরশু লাইব্রেরিতে আমার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে তিন টেবিল পরে অবস্থান করা ঘূর্ণিঝড়টি গতকাল উত্তর উত্তর-পূর্বে আরও দুই টেবিল এগিয়ে দৃষ্টি বিনিময় থেকে ‘ক্রাশ’-এ রূপ নেয়।‘ক্রাশ’ সৃষ্টি হওয়ার পর থেকে আমার হূদয় অধিদপ্তর টিন বাজিয়ে বিশেষ বুলেটিন প্রচার করতে শুরু করে। অধিদপ্তরের এই বিশেষ বুলেটিনের দরুন গত রাত থেকে আমার চোখ ঘুম থেকে বিরত আছে। বিশেষ বুলেটিনে ঘূর্ণিঝড়টি আগামী দুই দিনে ‘ক্রাশ’ থেকে ‘হাত ধরাধরি’তে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে অধিদপ্তর। অথবা এটি আরও দুর্বল হয়ে অধিকাংশ ঘূর্ণিঝড়ের মতো আমাকে আরও একটি ‘ছ্যাঁকা’ পরোটা খাইয়ে দিতে পারে।ঘূর্ণিঝড় কেন্দ্রের দুই মিটারের মধ্যে অবস্থান করা বান্ধবীদের একটানা খিলখিল হাসির গতিবেগ প্রতিবারে ২০টি দাঁত দেখানো হতে শুরু করে ৩২টি দেখানো পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রে যিনি আছেন, তিনি খুবই উত্তালের বদলে নরমাল আছেন। তার চাহনি এবং হাসির তারতম্যের কারণে আমার হূদয় উপকূলে ঝড়ের সঙ্গে সঙ্গে একটা দ্বিধাও বয়ে যাচ্ছে, উনি কি আমার দিকে হেসে তাকাচ্ছেন, নাকি তাকিয়ে হাসছেন!হূদয় সাগরে পূর্বের ‘ক্রাশ’সমূহের সঙ্গে অবস্থানরত সব নৌকা এবং ট্রলারগুলোকে কল্পনার প্রমোদ ভ্রমণ বাদ দিয়ে তার কাছাকাছি চলাচল করতে বলা হচ্ছে এবং সুযোগ পাওয়া মাত্র তাকে নৌকায় উঠিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।এদিকে ‘ক্রাশ’ মোকাবিলায় যথাযথ পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে আমার ব্যাগের ভেতর একটি গোলাপ ও একটি চকলেট বাক্স রেডি আছে। মানিব্যাগকেও জরুরি প্রয়োজনের উদ্দেশ্যে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য এক প্যাকেট ‘টিস্যু’ও প্রস্তুত রাখা হয়েছে।