একটি চাকুর আত্মকাহিনি

আমি একটা চাকু। হ্যাঁ, অনেকে আপনারা আমাকে ছুরি বলে ডাকেন। কিন্তু চাকু নামের মধ্যে যে একটা ভাব আছে, তার কি তুলনা চলে! আমার ভাই-বেরাদররা যেখানে অন্যের বাসাবাড়িতে ফল, সবজি, কাগজপত্রসহ নানা জিনিস কেটে জীবন পার করছে, সেখানে আমি কাটিয়েছি রোমাঞ্চকর এক জীবন!
আমার মালিক ছিলেন বড় ভালো লোক। আমি ছিলাম তাঁর ব্যক্তিগত আয়ের মূল হাতিয়ার। কারও অর্থনৈতিক জীবনে ভূমিকা রাখতে পেরে আমি সব সময় গর্বিত ছিলাম। আপনারা আমার মালিককে ছিনতাইকারী বলে ডাকলেও আমার কাছে তিনি আমার কর্তা।
আমি দেখতে ছিলাম বেশ সুন্দর, চকচকে। আমার ফলাটা যেমন লম্বা ছিল, তেমনি কিছুটা চওড়া ছিলাম। আমার মালিক প্রতিদিন আমার যত্ন নিতেন। ধার দিতেন নিয়মিত। রাত হলে দেখতাম, মালিক আমাকে নিয়ে বের হতেন। মানুষের শরীরে আমাকে ঠেকালে মালিককে টাকা দিয়ে যেত সবাই, পুরো মানিব্যাগসহ। মাঝেমধ্যে ঘড়ি, মোবাইল ফোনও দিত। সম্ভবত আমাকে দেখে খুশি হয়েই ওসব দিত তারা। বিশেষ করে বুধবার রাতে মালিক আমাকে নিয়ে বড় বড় শিকারে বেরোতেন। সেদিন অনেক কিছু পেতাম আমরা।
আমার মালিক আমাকে দিয়ে কখনো কারও ক্ষতি করেননি। কারও গায়ে আঁচড় দেননি। রক্ত বের করে দেননি। হ্যাঁ, রক্ত একবার বের হয়েছিল। সেটা আমার মালিকের নিজের। শুনেছিলাম, পাশের বাসার এক আপুকে আমার মালিক পছন্দ করতেন। কিন্তু সে নাকি আমার মালিককে পছন্দ করত না। এটা শুনে মালিক দুঃখে আমাকে দিয়ে নিজের হাত কেটে ফেলেছিলেন। আমার জীবনে সেই দিনটি ছিল ভয়ংকর এক দিন।
আরেক দিন ভয় পেয়েছিলাম খুব। আমার মালিককে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। ধরার ঠিক আগ মুহূর্তে আমাকে তিনি লুকিয়ে রাখেন এক জায়গায়। পুলিশ আমার মালিককে টেনে নিয়ে যাচ্ছিল। আমি চিৎকার করে বলতে চাইছিলাম, ‘আমার মালিককে ছেড়ে দাও, তাঁর কোনো দোষ নেই, সব দোষ আমার।’ কিন্তু এই সমাজে একটা চাকুর কথা কে শোনে? আমার আরেকটা গোপন ইচ্ছা ছিল। পত্রিকায় দেখতাম, একটা টেবিলের পেছনে কয়েকজনকে হাতকড়া পরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়, টেবিলে রাখা হয় আমাদের মতো কাউকে। ইশ্, সেদিন পুলিশের সঙ্গে যেতে পারলে হয়তো আমার ছবিও পত্রিকায় আসত। ওরা শুধু আমার মালিককে নিয়ে গেল! তিন দিন, তিন রাত ওই জায়গায় পড়ে ছিলাম আমি। পরে আমার মালিক এসে আমাকে আবার নিয়ে যায়। সেদিনের আনন্দ লিখে প্রকাশ করা সম্ভব নয়।
এভাবেই আমার মালিকের বয়স বাড়ে। তিনি আমাকে তুলে দেন তাঁর এক শিষ্যের হাতে। ওই ছেলেটা ভালো ছিল, তবে আনাড়ি। অনেক দিন দেখেছি, আমার মালিক তাকে অনেক কিছু শেখাচ্ছেন। যদিও ওই ছেলের হাতে যাওয়ার ইচ্ছা আমার ছিল না। কিন্তু কী করব, মালিক হয়তো খুশি মনে দিয়েছেন।
ছেলেটা যে আনাড়ি, তার প্রমাণ আমি প্রথম দিনে পেয়েছিলাম। বলতে পারেন এটা আমার জীবনকে শেষ করে দিয়েছে। ঘটনাটি বলি আপনাদের। মালিকের মতোই নতুন ছেলেটা আমাকে সন্ধ্যাবেলা এক পথচারীর শরীরে ছোঁয়াল। কিন্তু এই লোক দেখি বড্ড খারাপ। কী যে করল, কে জানে! নতুন ছেলেটা ছিটকে পড়ল একদিকে আর আমি আরেক দিকে। তারপর আমি খালি চেয়ে থেকে দেখলাম, লোকটা নতুন ছেলেটাকে কীভাবে মারল! ছেলেটা কোনোমতে পালাল। কিন্তু আমি পড়ে রইলাম। যাওয়ার আগে লোকটা আমার গায়ে এক লাথি মারল। ছিটকে দূরে গিয়ে পড়লাম। শুধু যাওয়ার আগে শুনলাম, লোকটা বলল সে কারাতে ব্ল্যাকবেল্টধারী! বুঝলাম না, প্যান্টের সঙ্গে কালো বেল্ট পরেছে তো কী হয়েছে!
যা হোক, এখন পড়ে আছি রাস্তার এক কোণে। কেউ এখনো দেখেনি। জানি না আমার মালিক এখনো আমাকে ভাবেন কি না, নতুন ছেলেটাই বা কী করে। আমারই বা কী হবে! হয়তো এভাবে ধীরে ধীরে ক্ষয়ে যাব একসময়!