একটি জরাজীর্ণ ভবনে চারটি সরকারি কার্যালয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেয়ালের আস্তরণ খসে পড়েছে। দেখা দিয়েছে ফাটল। দেবে গেছে মেঝেও। নুয়ে পড়েছে ছাদ। যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে জরাজীর্ণ ভবনটি। মৃত্যুভয় মাথায় নিয়ে গত নয় বছর ধরে এর ভেতরে কাজ করছেন রাঙ্গুনিয়ার চারটি সরকারি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মকর্তারা জানান, সরকারি কাজে ব্যবহূত উপজেলার তিনটি ভবনের মধ্যে একতলা এ ভবনের অবস্থা খুবই নাজুক। এর দুই কক্ষ পরিসংখ্যান, দুই কক্ষ মৎস্য, এক কক্ষ সমাজসেবা ও দুই কক্ষ সমবায় কার্যালয় হিসেবে ব্যবহূত হয়ে আসছে। উপজেলা পরিষদ সূত্র জানায়, ১৯৬০ সালে ভবনটি তৈরি হয়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সরকার বিভাগের চারটি কার্যালয়ের কাজ ভবনটিতেই চলে আসছে। যথাযথ সংরক্ষণ ও সংস্কারের অভাবে ভবনটি আশির দশকে জরাজীর্ণ হয়ে পড়ে। উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ২০০১ সালে ভূমিকম্পের আঘাতে ভবনটির ছাদে ফাটলের সৃষ্টি হয়। চারপাশের দেয়াল ফেটে গিয়ে ভবনটি নড়বড়ে হয়ে পড়ে। দেয়াল ফেটে হাঁ হয়ে থাকায় ভবনের শৌচাগারে কেউ ভয়ে পা মাড়ান না।নয় বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ভবনটি দাঁড়িয়ে থাকলেও সরকার পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি। এমনকি সরকারি কার্যালয়গুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়নি। এ অবস্থায় চারটি সরকারি কার্যালয়ের ৩১ কর্মকর্তা-কর্মচারী প্রতিদিন মৃত্যুভয় মাথায় নিয়ে সরকারি কাজ করছেন। সরেজমিনে দেখা যায়, ভবনটির সাত কক্ষের প্রত্যেকটির দেয়াল শেওলায় ঢেকে গেছে। আস্তরণ খসে পড়ে বড় বড় গর্ত ও ফাটলের সৃষ্টি হয়েছে। মেঝে দেবে গিয়ে উঁচু-নিচু হয়ে আছে। ছাদ নুয়ে পড়েছে নিচের দিকে। গত এপ্রিল থেকে কয়েকদফা বৃষ্টিপাতে ফাটা ছাদ দিয়ে পানি দেয়াল গড়িয়ে পড়ে। এতে এসব কার্যালয়ের নথিপত্র ভিজে নষ্ট হয়ে যায়। পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, ইউনিয়নের বিভিন্ন উন্নয়নকাজে ভবনটির সরকারি কার্যালয়ে আসা-যাওয়া করতে হয়। কিন্তু যতক্ষণ কার্যালয়ে থাকি ততক্ষণই মনে হয়, এই বুঝি ধসে মাথার ওপর পড়ছে। তিনি ভবনটি জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণের দাবি জানান। উপজেলা প্রকৌশলী হাসান আলী প্রথম আলোকে বলেন, ২০০৭ সালে ভবনটি সংস্কারের জন্য উপজেলা পরিষদ থেকে দুলাখ টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু ভবনটি সংস্কার করতে গেলে ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এটি পুনর্নির্মাণ প্রয়োজন বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ভবনটি নির্মাণের জন্য স্থানীয় সরকার পরিষদ মন্ত্রণালয়ে একাধিক প্রতিবেদন পাঠানো হয়েছে। কিন্তু অনুমোদনের অভাবে পুনর্নির্মাণ সম্ভব হচ্ছে না।