একটি টেবিলের কাহিনি
১২ ফুট দীর্ঘ ও ছয় ফুট প্রস্থের একটি টেবিল। পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তির আগে এই টেবিল ঘিরেই আলোচনায় বসেছিলেন সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতারা। এই টেবিলে আলোচনার পর দীর্ঘ কয়েক দশকের হানাহানির অবসান হয়েছে ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির মধ্য দিয়ে। তবে সমঝোতার স্মারক এই টেবিল সংরক্ষণের উদ্যোগ নেয়নি কেউ। জানা গেছে, শান্তি আলোচনার সুবিধার্থে তৎকালীন চেংগী ইউনিয়নের চেয়ারম্যান জগদীশ চন্দ্র চাকমা টেবিলটি উপহার দেন। এখন টেবিলটি পানছড়ি উপজেলার চেংগী ইউনিয়ন পরিষদ হলরুমে অযত্নে অবহেলায় পড়ে আছে। ১৯৮৫ সালের ২১ অক্টোবর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে প্রথম বৈঠক হয় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেংগী ইউনিয়ন সামাজিক কেন্দ্রে (কমিউনিটি সেন্টার)। সেখানে এই টেবিল ঘিরেই আলোচনায় বসেন দুই পক্ষের নেতারা। শুধু একবার নয়, এ টেবিলে পরপর পাঁচটি বৈঠক করেছিলেন বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিনিধিরা।চেংগী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা প্রথম আলোকে বলেন, সম্প্রতি এক বৈঠকে টেবিলটিকে মঞ্চে পরিণত করার বিষয়ে আলোচনা হয়। এরপর টেবিলটির ছয়টি পা কাটাও হয় মঞ্চের উপযোগী করে তৈরির জন্য। টেবিলটি এখন এই অবস্থায় পড়ে আছে। তবে উদ্যোগ নেওয়া হলে টেবিলটি সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। শান্তি আলোচনার সাক্ষী এই টেবিল সংরক্ষণের দাবি জানান উপজেলার বনশ্রী শিশুবিদ্যা নিকেতনের শিক্ষক কালাচাঁদ চাকমা। তিনি বলেন, ‘শান্তি চুক্তির পর কথা ছিল পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন হবে। কিন্তু চুক্তিই তো এখনো বাস্তবায়িত হয়নি। তবে এই টেবিলটি সংরক্ষণ করা হলে আগামী প্রজন্ম অন্তত জানবে একদিন শান্তি চুক্তি হয়েছিল।’