একটি ডুবন্ত সড়কের কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোয়ারের পানিতে ডুবে গেছে টেকনাফের শাহপরীর দ্বীপ সড়ক। ভাটার সময় ভেসে ওঠা সড়কের ক্ষতবিক্ষত চেহারা (ইনসেটে)। ছবি দুটি ৮ অক্টোবর তোলা l প্রথম আলো
জোয়ারের পানিতে ডুবে গেছে টেকনাফের শাহপরীর দ্বীপ সড়ক। ভাটার সময় ভেসে ওঠা সড়কের ক্ষতবিক্ষত চেহারা (ইনসেটে)। ছবি দুটি ৮ অক্টোবর তোলা l প্রথম আলো

সমুদ্রে জোয়ারের সময় ডুবে যায় সড়ক। চলাচলের একমাত্র বাহন নৌকা। ভাটার সময় সড়কের দেখা মেলে। তাও কিছু সময়ের জন্য। ক্ষতবিক্ষত সড়কে তখনো কোনো গাড়ি চলতে পারে না। হাঁটাও দায় হয়ে পড়ে। আবার সন্ধ্যার পর নৌকা চলাচল বন্ধ থাকে। তখন সব ধরনের যোগাযোগও বন্ধ। এভাবে চলছে দুই বছর ধরে। এমন করুণ কাহিনি কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সড়কের।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তৈরি ১৩ দশমিক ৭ কিলোমিটারের পাকা সড়কটির পাঁচ কিলোমিটার ডুবে থাকে পানিতে। ফলে টেকনাফ সদরের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন শাহপরীর দ্বীপ।
স্থানীয় লোকজন জানান, নৌকায় চলাচল করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। নৌকাডুবির ঘটনায় গত দুই মাসে দুজন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। বিশেষ করে নারীশিশুদের এই জলপথ পাড়ি দিতে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় সামুদ্রিক মাছ, পান, সুপারি, লবণ, নারকেল ও চিংড়ি উৎপাদনের জন্য প্রসিদ্ধ শাহপরীর দ্বীপ এখন মৃত্যুপুরিতে পরিণত হয়েছে। একে একে বন্ধ হয়ে গেছে এখানকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।
ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) দুপুরে গিয়ে দেখা যায়, জোয়ারের পানিতে ডুবন্ত সড়কটির দুই পাশে কয়েক শ একরের লবণ মাঠেও পানি। লোক পারাপার চলছে নৌকায়। ভাড়া মাথাপিছু ২০ টাকা।
সেখানে কথা হয় শাহপরীর দ্বীপের বাজারপাড়ার বাসিন্দা ৯১ বছরের বৃদ্ধ মাওলানা দলিলুর রহমানের সঙ্গে। তিনি মাদ্রাসাপড়ুয়া এক ছেলের হাত ধরে নৌকায় পার হয়ে এপারে পৌঁছালেন তখন। তিনি বলেন, ‘অসুস্থ শরীরে নিঃশ্বাস নিতে পারছি না, টেকনাফ হাসপাতালে যাচ্ছি চিকিৎসা করতে। কিন্তু পথের এই দুর্ভোগ যন্ত্রণাটা আরও বাড়িয়ে দিচ্ছে। দীর্ঘ দুই বছর ধরে সড়কটি লোনাজলে ডুবে থাকলেও কারও যেন মাথাব্যথা নেই।’
এ প্রসঙ্গে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, ‘দুই বছর আগে পূর্ণিমার জোয়ারে শাহপরীর দ্বীপের পশ্চিম পাশের এক কিলোমিটার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ বিলীন হয়। তখন জোয়ারের পানিতে তলিয়ে যায় টেকনাফ সদরে যোগাযোগের একমাত্র পাকা এই সড়কটি। এর আগে ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে একই স্থানের এক কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়। এই পর্যন্ত ওই এক কিলোমিটার ভাঙা বাঁধ মেরামত করতে বিভিন্ন সরকার ৯৮ কোটি টাকা খরচ করে। কিন্তু দুর্নীতি করে টাকা আত্মসাৎ ও বালুর বাঁধ নির্মাণ করায় তা স্থায়ী হচ্ছে না। শাহপরীর দ্বীপ রক্ষা ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, গত দুই বছরে সামুদ্রিক জলোচ্ছ্বাসে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, গোলাপাড়া, মাঝরপাড়া, ডাঙ্গাপাড়ার কয়েক শ ঘরবাড়ি সমুদ্রে বিলীন হয়েছে। এর আগে সাত হাজার একরের ফসলি জমি, চিংড়িঘের ও লবণমাঠ সাগরে তলিয়ে গেছে। বেড়িবাঁধ না হলে দ্বীপের অন্যান্য এলাকাও তলিয়ে যাবে। নানা আন্দোলন–সংগ্রাম করেও ভাঙা বাঁধটি নির্মাণ করা যাচ্ছে না।
জানতে চাইলে সওজ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী নুর এ আলম বলেন, টেকনাফ-শাহপরীর দ্বীপ ১৩ দশমিক ৭ কিলোমিটার সড়কের মধ্যে পাঁচ কিলোমিটার (খারিয়াখালী গ্রাম থেকে উত্তরপাড়া পর্যন্ত) জোয়ারের পানিতে ডুবে রয়েছে। এর মধ্যে সম্পূর্ণভাবে সড়ক ভেঙে গেছে প্রায় ৫০০ মিটার। অন্যান্য স্থানে জোয়ারের ধাক্কায় তিনটি কালভার্ট তলিয়ে গেছে। এ কারণে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ভাঙা বেড়িবাঁধ নির্মাণ না হওয়া পর্যন্ত সড়ক সংস্কার কাজে হাত দেওয়া যাচ্ছে না। এখন টাকা খরচ
করে সড়কটি সংস্কার করলে জোয়ারের পানিতে তা পুনরায় তলিয়ে যাবে।
তিনি বলেন, বর্তমানে সড়কটি প্রস্থ ১২ ফুট। সেটি ১৮ ফুটে উন্নত করে ৫ দশমিক ৭ কিলোমিটার বিলীন সড়ক সংস্কারের জন্য ২৩ কোটি ৬০ লাখ টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছে। কিন্তু বেড়িবাঁধ না হওয়ায় এই প্রকল্পের বরাদ্দ পাওয়া যাচ্ছে না।
ভাঙা বেড়িবাঁধ নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে পাউবো টেকনাফ অঞ্চলের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, ভাঙা বাঁধটি নির্মাণে শত কোটি টাকা বরাদ্দ দরকার। কিন্তু এত টাকা পাউবোর নেই। সম্প্রতি পানিসম্পদমন্ত্রী হেলিকপ্টারে ভাঙা বাঁধ পরিদর্শন করে গেছেন। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে আগামী নভেম্বর-ডিসেম্বর নাগাদ বেড়িবাঁধ নির্মাণে হাত দেওয়া হবে।
অনিয়ম-দুর্নীতি প্রসঙ্গে জানতে চাইলে এসব অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। কিন্তু সে হিসেবে বেড়িবাঁধের উচ্চতা বাড়ানো হচ্ছে না। ফলে জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় বেড়িবাঁধও বিলীন হয়।