একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না
সাকিব কৃষ্ণচূড়াগাছটার নিচে মীরার জন্য অপেক্ষা করছিল। তার পাশে বসে ছিল তারিক। নিশ্চয়ই কোনো খারাপ ভবিষ্যদ্বাণী করার জন্য সাকিবের পাশে বসে আছে। তার কাজই হলো ভয়ংকর কোনো ভবিষ্যদ্বাণী করা। ‘দেখ সাকিব, তুই একটু সাবধান হ। তুই যে মীরা ছাড়াও দু-তিনটা মেয়ের সঙ্গে মোবাইল ফোনে প্রেম করিস, এটা নিয়ে কোনো বিপদ হতে পারে।’ সাকিব কথাটা তেমন গায়ে মাখাল না। শুধু বলল, ‘প্রেম শুধু মীরার সঙ্গেই করি। মোবাইল ফোনে তো অন্যদের সঙ্গে টাইম পাস করি। তোর মতো গাধা এসব বুঝবে না। তুই ভাগ এখান থেকে।’ তারিক অবশ্য এমনিতেই উঠত। কারণ মীরা এদিকে আসছে। যাওয়ার সময় আবার বলল, ‘আমার কথাটা মাথায় রাখিস।’মীরা এসেই বলল, ‘এই সাকু, তুমি মোবাইল ফোন কিনছ কি ঘর সাজানোর জন্য? তুমি তো ফোনই করো না।’ ‘প্রেম করার জন্য আমি পয়সা খরচ করি না। আমি তোমাকে মিসকল দিলে তুমি কল কোরো।’‘তখন আমার যে পয়সা খরচ হবে সেটা কিছু না?’‘না। কারণ তুমি প্রেম করার জন্য পয়সা খরচ করার পক্ষে।’‘কিপটা লোকের সঙ্গে মেশাই ভুল।’‘মিতব্যয়িতাকে কিপটা বলার নেই কোনো যুক্তি, মিতব্যয়ী হলে ঘটবে অর্থনৈতিক মুক্তি।’‘আহা হা, ছড়া বানাচ্ছে। আচ্ছা শোনো, তুমি যে তোমার বগুড়ার এত প্রশংসা করো, আমাকে একদিন বগুড়ায় নিয়ে যাবা না? বগুড়ার দই খাওয়াবা না?’‘বগুড়ার দই ঢাকাতেও আসে। দই খাওয়ার জন্য বগুড়ায় যেতে হয় না।’‘আসা-যাওয়ার খরচ আমি দেব।কবে যাবা?’‘এখন বলে কবে যাবা! তুমি এত কিপটা ক্যান?’সেদিন রাত ১২টা। সাকিব ওর ‘টাইম পাস’ করার সিমটা বের করল। এই সিমের নম্বর ওর পরিচিতরা কেউ জানে না। সাকিব ভাবছে, আজকে নতুন কোনো নম্বরে চেষ্টা করবে। নিজের জন্মতারিখ, মাস, সাল দিয়ে নম্বর সাজাল। কল দিল। রিং হচ্ছে...‘হ্যালো,’ যুবতীর কণ্ঠ।‘হ্যালো, কে বলছেন?’ সাকিব বলল।‘আপনি ফোন করেছেন, আপনি আগে পরিচয় দেন।’‘ওমা, আপনার কণ্ঠটা এত সুন্দর। একটু ভালো করে কথা বলেন না।’ওপাশ থেকে কোনো কথা নেই।সাকিব নিজেই কথা বলে গেল, ‘আপনি যদি আমার সঙ্গে কথা বলেন, তাহলে আপনাকে বগুড়ার দই খাওয়াব। আমার হোমটাউন বগুড়া।’ওপাশের মেয়েটা চুপ করে আছে।‘একটা ছড়া শুনবেন? শোনেন—বগুড়ার দই সবার সেরা, অতি সুস্বাদু—বগুড়ার দই মনের ভেতর করতে জানে জাদু।’মেয়েটা এখনো চুপ।‘একটা কিছু তো বলেন।’‘ইতর কোথাকার।’ এবার মেয়েটা কথা বলল।সাকিবের মাথাটা চক্কর দিয়ে উঠল। গালি শুনে নয়, কণ্ঠ শুনে। কেমন যেন চেনা চেনা গলা।আমতা আমতা করে সাবিক বলল, ‘ককেক?’ওপাশ থেকে উত্তর এল, ‘আমাকে তুমি মিতব্যয়িতা দেখাও। আর অন্য মেয়েদের বগুড়ার দই খাওয়াও, নিজের পয়সা খরচ করে ফোন করো!’সাকিব বুঝে ফেলেছে, এটা মীরা।‘না মানে, ইয়ে...এটা তোমার ফোন নম্বর?’‘চুপ করো! আর কখনো আমার সঙ্গে কথা বলবে না, তুমি একটা বিশ্ব চিট।’লাইন কেটে গেল।পরদিন সকালবেলা। সাকিব কৃষ্ণচূড়াগাছটার নিচে বসে আছে। পাশে তারিক। সে এসব কথা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে।সাকিব বলল, ‘আমি এখনো তোর ভবিষ্যদ্বাণী বিশ্বাস করি না। তুই আসলে বদ দোয়া দিস। ভবিষ্যদ্বাণী করিস না।’তারিক হাসতে হাসতেই বলল, ‘এটা আসলে একটা হাস্যকর দুর্ঘটনা।’সাকিব বলল, ‘কিন্তু আমার এখন কী হবে?’তারিক বলল, ‘বসে বসে কান্নাকাটি কর। এমনি কি মানুষ বলে “একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না”?’ দ্বাদশ শ্রেণী, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ব্যবসায় শিক্ষা