
শিক্ষা হাসপাতাল থেকে পিএসসি পরীক্ষার একটি প্রশ্ন হারিয়ে গিয়েছে। প্রশ্নটির গায়ের রং সাদা, গায়ে কালো কালো ছাপার অক্ষর ছিল। এসএসসি, এইচএসসি ও জেএসসি পরীক্ষার প্রশ্নগুলো হারিয়ে যাওয়ার পর থেকে পিএসসির এই প্রশ্ন চরম একাকিত্ব ও হীনম্মন্যতায় ভুগছিল। আপন ভাইয়েরা নিরুদ্দেশ হওয়ার পর প্রশ্নটির মধ্যে নানা মানসিক সমস্যা দেখা দেয়। একপর্যায়ে সে পাগল হয়ে পড়ে এবং প্রলাপ বকতে থাকে, ‘আমি কি আমার ভাইদের মতো হতে পারব না?’
অবস্থা গুরুতর হলে প্রশ্নটিকে শিক্ষা হাসপাতালের প্রাথমিক এবং গণশিক্ষা ডাক্তারের অধীন নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়। প্রাথমিক এবং গণশিক্ষা ডাক্তার তখন বলেছিলেন, ‘পিএসসি প্রশ্নের কিছু হলে দায় আমার।’ এর মাত্র দুই দিনের মাথায় পিএসসির প্রশ্নটিও ভাইদের মতো নিখোঁজ হয়ে যায়। জানতে চাওয়া হলে প্রাথমিক এবং গণশিক্ষা ডাক্তার দায়ভারের কথা অস্বীকার করে সুরে সুরে বলেন, ‘আমি কার জন্য এত কিছু করব, আমার কী দায় পড়েছে...!’
ঘটনা তদন্তে শিক্ষা ডাক্তারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষা ডাক্তার বলেন, ‘প্রাথমিক এবং গণশিক্ষা ডাক্তারের ডাক্তারিতে ত্রুটি রয়েছে, তাঁর অতীত রেজাল্টে একটাও জিপিএ-৫ নাই।’ পিএসসির প্রশ্নের এই নিখোঁজ হওয়ার ঘটনা জানতে পেরে অর্থ ডাক্তার বলেন, ‘প্রশ্ন ফাঁস হয়েছে তো কী হয়েছে, উত্তর তো আর ফাঁস হয়নি। রাবিশ, বোগাস।’ এ ব্যাপারে সাবেক স্বরাষ্ট্র ডাক্তার বলেন, ‘একটি পিলার নাড়াতে যদি দশজন লাগে, তবে পিতা–পুত্রের বয়সের সমষ্টি কত?—এই অঙ্কটা প্রশ্নে থাকলে প্রশ্ন হারাত না।’ পিএসসি প্রশ্নের নিখোঁজ হওয়ার পেছনে বিরোধী দলকে দায়ী করেছেন উপদেষ্টা ডাক্তার। তিনি বলেন, ‘সব বিরোধী দলের চক্রান্ত।’ তঁার অভিযোগ অস্বীকার করে সাবেক বিরোধী ডাক্তার বলেন, ‘এটা সাজানো নাটক, সরকার নিজেই প্রশ্ন গুম করেছে।’ এ ব্যাপারে মতামত জানতে চাইলে বিশেষ ডাক্তার দূত বলেন, ‘আর একটা প্রশ্ন নিখোঁজ হলে আমি সুইসাইড করব।’ প্রশ্ন নিখোঁজ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ডাক্তার লীগের সভাপতি। তিনি বলেন, ‘প্রশ্নের এত বড় সাহস! পিটিয়ে প্রশ্নের ছাল তুলে ফেলা হবে!’