একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় না থাকায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ইতি টানতে হতে পারে। ইউনিয়নের লিরাগঁই নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এলাকার বাসিন্দারা জানান, আর্থিক ও শিক্ষক সংকটের কারণে ২০১০ সালে লিরাগঁই বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। এটি চালু না হওয়ায় এলাকার ছেলেমেয়েরা নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদ ভবন কিংবা রাস্তাঘাট নির্মাণের মতো উন্নয়ন কাজ করলেও বিদ্যালয় পরিচালনার জন্য টাকা দেয় না।
দরিদ্র অভিভাবকদের চাঁদার টাকায় এতদিন বিদ্যালয়টি চলেছে। এখন সেটা আর সম্ভব না হওয়া বিদ্যালয়টি বন্ধ হয়েছে। এতে এলাকার শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, লিরাগঁই বিদ্যালয় ভবনে চেয়ার-টেবিল ও আসবাবপত্রের ওপর ধুলা জমেছে। বিদ্যালয়ের একটি কক্ষ ব্যবহার করছেন কাঠ চেরাই শ্রমিকেরা। বিদ্যালয়ে প্রধান শিক্ষক অংচিনু জানান, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দেড় শ ছাত্রছাত্রী ছিল। দরিদ্র ছেলেমেয়েদের উপজেলা ও জেলা শহরে গিয়ে পড়ার সামরর্থ্য নেই। প্রতিবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ করে দরিদ্র পরিবারের ৫০-৬০ জন শিক্ষার্থী এখানে পড়ার সুযোগ পেত। কিন্তু বিদ্যালয়টি বন্ধ হয়ে যাওয়ায় প্রাথমিকের পর অনেক শিক্ষার্থীকে শিক্ষা জীবনের ইতি টানতে হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইনিং মারমা বলেন, ১৯৯১ সালে এলাকার লোকজন নিজেদের উদ্যোগে লিরাগঁই নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করেন। পরে তৎকালীন জেলা পরিষদ একটি টিনের ছাউনি দেওয়া ভবণ নির্মাণ করে দেয়। ২০০১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিন বছর বন্ধ থাকলেও প্রায় ২০ বছর শুধু অভিভাবকদের টাকায় বিদ্যালয়টি চলেছে। শেষে তহবিলের অভাবে শিক্ষকদের বেতনও বন্ধ হয়ে যায়।
রোয়াংছড়ি উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান পুহ্লা অং মারমা বলেন, বিদ্যালয়টি চালু করার জন্য ইউএনডিপি থেকে ১৪ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু প্রক্রিয়াগত কিছু জটিলতার কারণে টাকা ছাড় করতে কিছুটা দেরি হচ্ছে।
রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা বলেন, লিরাগঁই নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চালু করা অত্যন্ত জরুরি। কিন্তু উপজেলা পরিষদের আর্থিক সংগতি না থাকায় তারা চালু করতে পারছে না।