একটি পাকা সেতুর আশায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোরা কন কডে আছছ, বেয়াগুন এডে আয়। সরগারি মানুষ আইস্যে। আঁরারে পাক্কা পোল গরি দিব।’ (তোরা কে কোথায় আছিস। এখানে আয়। সরকারি লোক এসেছেন। আমাদের পাকা সেতু করে দেবে)একটি পাকা সেতুর আশায় এভাবেই উৎফুল্ল হয়ে পরস্পর ডাকাডাকির মাধ্যমে রাউজানের ডাবুয়া খালের পাড়ে জড়ো হয়েছিলেন পাঁচ গ্রামের কয়েক শ নারী-পুরুষ। দীর্ঘদিন ধরে একটি পাকা সেতুর অভাবে সীমাহীন দুর্ভোগের শিকার হয়ে আসছিলেন এসব গ্রামের মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন স্থানীয় বৃক্ষভানুপুর সড়কের ডাবুয়া খালের ওপর বাঁশের সাঁকোটি তাঁদের জন্য দুঃখ হয়ে দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে সাঁকোটি পেরিয়ে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় যাওয়া-আসা করেন নন্দগাঁও, বৃক্ষভানুপুর, পাঁচপুকুরিয়া, বৃন্দাবন ও বানারস গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ। এলাকার প্রবীণ ব্যক্তি বজল আহম্মদ বলেছেন, একটি পাকা সেতুর অভাবে যাতায়াতের অসুবিধা হওয়ায় এলাকার ছেলেমেয়েদের বিদ্যালয়ে যেতে সমস্যা হচ্ছে। বিশেষ করে খালে পড়ে যাবার ভয়ে শিশুরা সাঁকো পেরিয়ে বিদ্যালয়ে যেতে সাহস পায় না। এতে শিক্ষা-সংস্কৃতিতে পিছিয়ে পড়েছে তারা। সেতু না থাকায় স্থানীয়ভাবে কৃষিজীবীদের উৎপাদিত পণ্য বাজারজাত করতেও সমস্যা হয় বলে জানান তিনি। সম্প্রতি ওই বাঁশের সাঁকোর জায়গায় পাকা সেতু নির্মাণের সাম্ভব্যতা যাচাই করতে এসেছিলেন সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিধানচন্দ্র ধরের নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা। এ খবর পেয়েই গ্রামের মানুষের মধ্যে যেন আনন্দের জোয়ার ওঠে। তাঁরা একটি পাকা সেতু নির্মাণের মাধ্যমে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের জন্য কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান। ওইদিন এলাকাবাসীর অনুরোধে সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাঁশের সাঁকোতে ওঠেন। তিনি পাকা সেতু তৈরি করে দেওয়ার ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন। এর আগে কর্মকর্তারা এখানে শহীদ জাফর সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দর চৌধুরী, সওজের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার নাথ, উপবিভাগীয় প্রকৌশলী শফিউল্লাহ খান, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ রবিউল হোসেন, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এস এম বাবর, মাহবুবুল আলম, তসলিম উদ্দিন, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন প্রমুখ।