একটি ফুটপাতের কাহিনি
চেরাগী পাহাড় থেকে বৌদ্ধ মন্দিরের মোড়। মোমিন রোডের একাংশ। মাত্র কয়েক শ গজের এই সড়কের একপাশে একটিই ফুটপাত। চেরাগী পাহাড় থেকে সেই ফুটপাত ধরে বৌদ্ধ মন্দিরের দিকে হাঁটা শুরু করলে প্রথমেই আপনাকে স্বাগত জানাবে একটি ফুলের দোকান। ফুটপাত দখল করে আড়াআড়িভাবে বসানো একটি কাঠের তাকে ফুলের তোড়াগুলো দেখে থমকে যাবেন না। রাস্তায় নেমে পথচলা শুরু করুন। রাস্তায় তখন যানজট দেখতে পাবেন, দেখবেন ফুলের দোকানের কর্মীরা আপন মনে বিয়ের গাড়ি সাজাচ্ছেন। মাঝে মাঝে একসঙ্গে ১০-১২টি গাড়ি সাজানোর কাজ চলে এই রাস্তায়। আবার ফুটপাতে ওঠার চেষ্টা করুন। কিন্তু পারবেন না। দেখবেন ওখানে নিবিষ্ট মনে ফুটপাতের ওপর রিকশা মেরামতের কাজ করছেন একজন প্রবীণ কারিগর। কোনোরকমে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে আপনি একটু এগিয়ে যান। আবার ফুটপাতে ওঠার চেষ্টা করুন। না, তা-ও পারবেন না। এবার দেখবেন ভ্যান গাড়ির দীর্ঘ লাইন। জীবনের ঝুঁকি নিয়ে আপনি আবার রাস্তা দিয়ে হাঁটা শুরু করুন। ফুটপাতে ওঠার চেষ্টা করবেন না। কারণ ভ্যান গাড়ির দীর্ঘ লাইন পেরিয়ে এবার দেখবেন ডিসি পাহাড় দখল করে গড়ে ওঠা আরও কিছু ফুলের দোকান। দোকানগুলোর সব কাজ চলে ওই ফুটপাতের ওপরই। এরপর আপনি দেখবেন একটু সমৃদ্ধ (!) ডাস্টবিন। ফুলের দোকানগুলোর বর্জ্যে ডাস্টবিনটি সব সময় ভর্তি থাকে। আর তার চারপাশে প্রাকৃতিক কর্মটি সেরে ফেলেন কেউ কেউ। আপনি এখানে দুর্গন্ধ থেকে নিজেকে বাঁচাতে নাকটা চেপে ধরে সামনের দিকে এগিয়ে যান। সতর্ক হয়ে হাঁটুন, নইলে পেছন থেকে যেকোনো মুহূর্তে যানবাহনের চাপে আপনার ভবলীলা সাঙ্গ হতে পারে। এরপর এগোলে ফুটপাতে দেখতে পাবেন বাঁশের স্তূপ। দীর্ঘ এই বাঁশগুলোর স্থায়ী বাস এখানেই। তারপর এই ফুটপাতে আপনার জন্য অপেক্ষা করছে অতি পুষ্টিকর সামুদ্রিক মাছ। হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যায় এখানে চেরাগ জ্বালিয়ে মাছের পসরা সাজান একজন বিক্রেতা। প্রয়োজনে আপনিও কিনে নিতে পারেন। হ্যাঁ, এগোতে থাকুন ফুটপাতের পাশ দিয়ে। তারপর দেখবেন রহস্যময় একটি টিনের ঘর। সিটি করপোরেশন ফুটপাতের ওপর ঘরটি বানিয়েছে নিরাপত্তা প্রহরীর জন্য। এ পর্যন্ত কোনো দিন সেখানে নিরাপত্তা প্রহরী দেখা যায়নি। ঘরটির আশপাশে অবশ্য এখন প্রাকৃতিক কর্মটি খোলামেলাভাবে সারেন অনেকেই। টিনের ঘরটি পেরিয়ে গেলে আবার আপনি দেখবেন বাঁশের স্তূপ। একটি ডেকোরেটার্স কোম্পানি দীর্ঘদিন ধরে এই ফুটপাতকে নিজেদের গুদাম হিসেবে ব্যবহার করছে। আরও চমক অপেক্ষা করছে। একটু এগোলে আপনি দেখবেন সুন্দর ড্রয়িং রুমের মতো সাজানো ফুটপাত। বিক্রির জন্য ওখানে পাতা আছে চেয়ার, সোফা, খাট ও ড্রেসিং টেবিল। সারা দিন রোদের মধ্যে ফার্নিচারগুলো কাপড় দিয়ে ঢাকা থাকে। বিকেলের রোদ নরম হলেই কাপড়ের আবরণ থেকে বেরিয়ে আসে এসব। আসবাবের পর দেখবেন রিকশার সারি। এরপর আরও একটি ডাস্টবিন। এতটুকু পথ হেঁটে যদি আপনার জুতো কিংবা স্যান্ডেল ছিঁড়ে যায় তাতে অসুবিধা নেই। কারণ এরপরই দেখবেন জুতা সেলাইকারী। কী নেই মোমিন রোডের এই ফুটপাতে! হাঁটতে হাঁটতে চায়ের তেষ্টা পেয়ে গেলে এক কাপ চা-ও পান করতে পারেন। ডিসি পাহাড়ের উত্তরের ফটকে আপনাকে আপ্যায়নের জন্য তিনটি চায়ের দোকান অপেক্ষা করছে। চা পানের পর আপনি পৌঁছে যাবেন এবার বৌদ্ধ মন্দিরের সামনে। ওখানে তরি-তরকারি বিক্রি করছেন কয়েকজন। পিঁয়াজু আর তেলেভাজার দোকানও পেয়ে যাবেন। এই হলো একটি বহুমুখী ব্যবহার উপযোগী ফুটপাতের কাহিনি। এই ফুটপাতে দেখার আছে অনেক কিছু, আছে বিশ্রাম ও আহারেরও সুযোগ। কেবল যে কারণে ফুটপাতটি তৈরি হয়েছে সেই হাঁটার সুবিধাটুকুই নেই। রোজ এ পথ দিয়ে হাজারো মানুষ সকালে ও বিকেলে ডিসি পাহাড়ে বেড়াতে আসেন শরীরচর্চা, আড্ডা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে। ফুটপাত দখলের ধকল সইতে হয় তাঁদের। ডিসি পাহাড়ের ওপরে থাকেন স্বয়ং জেলা প্রশাসক। তিনি নিশ্চয় দিনে অন্তত একবার যান এই পথ দিয়ে। তিনি কী দেখেন না? তিনি না দেখুন, কোনো ট্রাফিক পুলিশও কি এই পথ দিয়ে একবারও যায় না? এই প্রশ্ন মোমিন রোডের বাসিন্দাদের, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের।