
জাপানের বর্তমান প্রধানমন্ত্রী শিনজো আবে ঢাকায় আসেন গত ৬ সেপ্টেম্বর দুপুরে। তিনি ঢাকায় পা রাখার এক মাসেরও আগে জাপান দূতাবাসের কর্মকর্তার ফোনটা পেয়েছিলাম। আগস্টের প্রথম সপ্তাহের সেই সকালে একটি অ্যাসাইনমেন্ট কাভার করছিলাম বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিসে)। অনুষ্ঠান শুরুর আধা ঘণ্টার মাথায় ফোন পেলাম দূতাবাসের কর্মকর্তা রুমি আরিওশির। ব্যস্ত আছি, পরে কথা বলব, বলে ফোনটা রাখতে যাচ্ছিলাম। ওপার থেকে অনুনয় কণ্ঠে শুনলাম: বিষয়টা খুব জরুরি, কথা বলতেই হবে। পরে কথা বলার আশ্বাস দিয়ে ফোনটা রাখলাম। ফোনটা রাখার পর মনে হলো নিশ্চয় শিনজো আবের সফর নিয়ে তিনি কিছু বলতে চাইছেন।
সে যা-ই হোক। চা-পানের বিরতির সময় বের হয়ে রুমিকে ফোন করলাম। তিনি জানান, সেপ্টেম্বরে জাপান থেকে একটি উচ্চপর্যায়ের সফর হতে যাচ্ছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ব্যক্তিত্বের সফরের সময় প্রথম আলোতে সাক্ষাৎকার ছাপাতে আগ্রহী।
— কে আসছেন?
— এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি। জাপানের মন্ত্রিপরিষদের ঘোষণা দেওয়ার আগে কে ঢাকায় আসছেন, তা জানানো সম্ভব নয়।
— ঘোষণাটি কবে নাগাদ হবে?
— সফরের ঠিক আগমুহূর্তে।
রুমি আরিওশি যখন এ কথাগুলো বলছিলেন, তার কয়েক দিন আগেই প্রথম আলোসহ অন্যান্য গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় আসছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। রুমির আলাপের প্রতিপাদ্য প্রথম আলোতে শিনজো আবের সাক্ষাৎকারের প্রসঙ্গ।
— সাক্ষাৎকারটি কি শুধু প্রথম আলোর জন্য?
— অবশ্যই। তবে প্রথম আলো যে সাক্ষাৎকারটি ছাপবে, সেটি পরে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবহারে কোনো আপত্তি নেই তো!
— থাকার কোনো কারণ নেই। চাইলে মূল কাগজের পাশাপাশি সাক্ষাৎকারের ইংরেজি ভাষ্যটি প্রথম আলো অনলাইনের ইংরেজি সংস্করণেও ব্যবহার করা যেতে পারে।
— আমাদের লক্ষ্য মূল কাগজে সাক্ষাৎকারটি ছাপা হোক। ইংরেজি সংস্করণের ব্যাপারে এ মুহূর্তে আমাদের বিশেষ কোনো অগ্রাধিকার নেই।
এরপর সাক্ষাৎকারের ব্যাপারে রুমি যে শর্ত জুড়ে দিলেন, তাতে তো অবাক হওয়ার পালা! জাপান দূতাবাসের গণমাধ্যম কর্মকর্তা জানালেন, সাক্ষাৎকারটি দীর্ঘ হলেও প্রশ্ন হবে দুটি। এ ব্যাপারে প্রথম আলোর মতামত কয়েক দিনের মধ্যে জানাতে হবে।
ফোন রাখার পর জাপান দূতাবাসের প্রস্তাব নিয়ে ভাবতে শুরু করলাম। সাক্ষাৎকার শুধু প্রথম আলোতে ছাপা হবে, বুঝলাম। কিন্তু দুটি প্রশ্ন দিয়ে সাক্ষাৎকার কীভাবে সম্ভব! অফিসে এসে বিষয়টি মতি ভাইকে জানালাম। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথম আলোতে সাক্ষাৎকার ছাপাতে চায়, জেনে তিনি রাজি হলেন। এ সময় বললাম, সাক্ষাৎকারে প্রশ্ন কিন্তু দুটি!
— তোমার সমস্যা কোথায়?
— ১৪ বছর পর জাপানের কোনো প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন। আর দুটি প্রশ্ন দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় কীভাবে আনবেন?
— তুমি প্রশ্ন তৈরি করো। প্রতিটা প্রশ্নের মধ্যে একাধিক বিষয় রাখো। এরপর ঠিক করা যাবে কোন প্রশ্নগুলো পাঠাব।
এরপর প্রশ্ন তৈরির পালা। একাধিক বিষয় জুড়ে দিয়ে প্রশ্ন তৈরি করে মতি ভাইকে দিলাম। খসড়া প্রশ্নগুলো দেখে তিনি তা চূড়ান্ত করলেন। প্রশ্ন চূড়ান্ত করে পরদিন রুমিকে পাঠালাম।
শিনজো আবে ঢাকায় আসার কয়েক দিনের মধ্যেই সাক্ষাৎকারে দেওয়া প্রশ্নগুলোর উত্তর পাঠালেন রুমি। জানালেন, আমাদের অনুরোধ অনুযায়ী তিনি দুটির পরিবর্তে গোটা চারেক প্রশ্ন-উত্তর দিয়ে সাক্ষাৎকারটি তৈরির প্রস্তাব পাঠান টোকিওতে। সে প্রস্তাবে সাড়া মেলেনি টোকিওর। শেষ পর্যন্ত তাদের প্রস্তাব অনুযায়ী, দুটি প্রশ্ন দিয়েই ছাপা হলো ‘দুই দেশের বন্ধন পতাকা আর ধানে’ শিরোনামে শিনজো আবের সাক্ষাৎকারটি।
রাহীদ এজাজ: কূটনৈতিক প্রতিবেদক