একটি বাঁধের জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতকালেও ছোট খাগড়াছড়ি খালে কুলকুল করে পানি বয়ে যায়। তবে একটি ছোট্ট উদ্যোগের অভাবে সে খালের পানি কাজে লাগানো যাচ্ছে না। এই খালের পানি ব্যবহার করে খাগড়াছড়ি শহরতলির তিনটি পাড়ার প্রায় ১২০ একর কৃষিজমি সেচের আওতায় আনা যেত একটি বাঁধ নির্মাণ করলে।খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়া, অপর্ণা চৌধুরীপাড়া ও বাজ্যমুনিপাড়ার ১৭০ কৃষক পরিবারের দাবি, খালের ওপর বাঁধ নির্মাণ করা হোক। পানখাইয়াপাড়া এলাকার কৃষক হ্রাচাই মারমা বলেন, ১৪-১৫ বছর আগে নির্মিত স্লুইসগেটটি আরও দু-তিন ফুট উঁচু করা গেলে সহজেই সেচের পানি পাওয়া যাবে। অপর্ণা চৌধুরীপাড়ার কৃষক মমং মারমা ও রাজ্যমুনিপাড়ার অংথৈয়ংগ্য কারবারি বলেন, স্থায়ী বাঁধ ও সেচ-নালাটির প্রয়োজনীয় সংস্কার করা হলে এই দুই গ্রামের বহু কৃষক তাঁদের জমিতে বছরে তিন বার ফসল ফলাতে পারবেন। খাগড়াছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঙরে মারমা বলেন, এ বছর আমন চাষের সময় খালের ওপর কৃষকেরা তিন বার অস্থায়ীভাবে বালির বস্তা দিয়ে বাঁধ দিয়েছিলেন। কিন্তু সে বাঁধ বেশিদিন টেকেনি। খাগড়াছড়ি উপসহকারী কৃষি কর্মকর্তা দোলনকান্তি মল্লিক জানান, ‘পানখাইয়াপাড়া এলাকায় কৃষিজমিতে সেচসুবিধা দিতে হলে ছোট খাগড়াছড়ি খালের ওপর বাঁধ নির্মাণ করতে হবে।’