একটি বাংলাদেশ: যেখানে নারী ও শিশুরা থাকবে ভয়মুক্ত পরিবেশে

প্রতিবছরের ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ‘সিক্সটিন ডেজ অব অ্যাক্টিভিজম অ্যাগেইনস্ট জেন্ডারবেজড ভায়োলেন্স’ শীর্ষক এক কর্মসূচি পালন করে সারা বিশ্ব। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এবং এ ব্যাপারে সবার মধ্যে সচেতনতা বৃদ্ধিতে আন্তর্জাতিকভাবে এ কর্মসূচি ১৯৯১ সাল থেকে পালিত হয়ে আসছে। বাংলাদেশে এ বছর জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ সরকার ও কমিউনিটি পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অন্য উন্নয়ন-সহযোগীদের সঙ্গে এই কর্মসূচিতে অংশ নিয়েছে।
জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ। দেশটিতে নারীর সংখ্যা প্রায় সাড়ে সাত কোটি। আর্থসামাজিক উন্নয়ন সূচকে গত এক দশকে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক প্রবৃদ্ধি ঘটেছে। গত এক দশকে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমেছে, নারীশিক্ষার ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান উন্নত হয়েছে, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারীর প্রবেশ ঘটেছে।
তবে দুর্ভাগ্যক্রমে এ অগ্রগতির যাত্রায় একটি ক্ষেত্রে পিছিয়ে আছে বাংলাদেশ । এদেশের নারীরা এখনও নানাভাবে সহিংসতার শিকার হচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ ২০১১-এর প্রতিবেদন অনুযায়ী, এ দেশের ৮৭ শতাংশ নারী ও কন্যাশিশু সহিংসতা ও নির্যাতনের শিকার হন। লিঙ্গভিত্তিক অসমতার সূচকে ১৮৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৬।
বাংলাদেশে নারীর ওপর এ নির্যাতন অবশ্যই বন্ধ করতে হবে। নারীর প্রতি সহিংসতা দেশটিতে নারী ও পুরুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে, নারীর ওপর নিপীড়নকে উৎসাহিত করছে এবং নারীর প্রজননস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে। নারীর প্রতি সহিংসতার অবসান ঘটিয়ে বাংলাদেশ তার সাড়ে সাত কোটি নারী ও কন্যাশিশুর জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারে, যাতে তারা দেশের সামগ্রিক উন্নতিতে অবদান রাখতে পারে।
এ বছর ‘সিক্সটিন ডেজ অব অ্যাক্টিভিজম’ কর্মসূচি চলার সময় ইউএনএফপিএ নারীর প্রতি সহিংসতা অবসানে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও মেন এনগেজ নেটওয়ার্কের সঙ্গে কাজ করছে। ইউএনএফপিএ গণমাধ্যমের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বিষয়ে জনসচেতনতা তৈরির জন্য কাজ করছে। লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুরুষ ও বালকদের ভূমিকাকে আরও জোরদার করার জন্য এ সংস্থাটি তাদের নিয়ে কাজ করছে। সংস্থাটি যুবসমাজকে এ বিষয়ে এগিয়ে আসতে এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের বিষয়েও উদ্যোগ নিয়েছে।
‘সিক্সটিন ডেজ অব অ্যাক্টিভিজম’ কর্মসূচিতে অংশ নেওয়া ছাড়াও ইউএনএফপিএ বছরজুড়েই নারীর প্রতি সহিংসতা অবসানে কাজ করে যাচ্ছে। সহিংসতার শিকার নারী ও কন্যাশিশুদের সমর্থন ও স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ও বাল্যবিবাহ বন্ধে ইউএনএফপিএ সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে। এ ছাড়া সংস্থাটি নারী নির্যাতন ও বাল্যবিবাহের ঘটনা সম্পর্কে স্থানীয় থানাকে অবহিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ বিভাগের সঙ্গে একযোগে কাজ করছে।
পোশাকশিল্পে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ইউএনএফপিএ তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং আইন ও শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে। এ ছাড়া নারীর ওপর নির্যাতন প্রতিরোধে ইউএনএফপিএ জাতিসংঘের অন্যান্য সংস্থা এবং বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করছে।
‘সিক্সটিন ডেজ অব অ্যাক্টিভিজম’ হতে পারে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা দূরীকরণের লক্ষে বছরব্যাপী কর্মসূচির একটি মাধ্যম। পৃথিবীতে লিঙ্গভিত্তিক সহিংসতা আর একটিও যেন না ঘটে, নারী ও কন্যাশিশুরা যাতে একটি নির্যাতনমুক্ত ও ভয়হীন পরিবেশে বসবাস করতে পারে সেজন্য ইউএনএফপিএ বাংলাদেশসহ সারা বিশ্বে কাজ করে যাচ্ছে।
তথ্যসূত্র: ইউএনএফপিএ