একটি বাড়ি একটি খামার প্রকল্পে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পে বিনা মূল্যে দেওয়া গরু, হাঁস-মুরগি, ঢেউটিন বিতরণে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয় সূত্র জানায়, সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় উপজেলার চারটি ইউনিয়নে এক হাজার ২০০ দুস্থ পরিবারকে তালিকাভুক্ত করা হয়। প্রথম পর্যায়ে ১০০টি পরিবারকে গরু, ৩০টি পরিবারকে হাঁস-মুরগি, ৬০টি পরিবারকে ঢেউটিন, ৯০টি পরিবারকে ফলদ গাছের চারা ও বীজ দেওয়া হচ্ছে। অভিযোগ আছে, তালিকাভুক্ত পরিবারগুলোকে গরু বিতরণের সময় বিআরডিবি কার্যালয় কার্যালয়-খরচের নামে প্রতিজন থেকে দুই থেকে পাঁচ হাজার টাকা আদায় করছে। কার্যালয়ে অগ্রিম ঘুষ দিয়েই গরু নিতে হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। পূর্ণ কান্ত চাকমা ও শিবপ্রু চাকমা জানান, যাঁরা আগে টাকা দিতে পেরেছেন, তাঁরা গরু পেয়েছেন। আর যাঁরা দিতে পারেননি, তাঁরা পাননি।এ ব্যাপারে লোগাং ইউনিয়নের চেয়ারম্যান সমর বিকাশ চাকমা বলেন, ‘আমার কাছে শ্রীকুন্তিমা ছড়ার দুজন লোক অভিযোগ করেছে। গরু বিতরণ করার আগে তাঁদের কাছ থেকে তিন হাজার টাকা করে ঘুষ নেওয়া হয়েছে।’উপজেলা প্রকল্প সমন্বয় কমিটির সদস্য-সচিব ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তিনি পানছড়ি উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে কিছু বলতে তিনি রাজি হননি। পানছড়ি উপজেলার বিআরডিবির চেয়ারম্যান নুর মোহাম্মদ বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না। অফিসের নাম দিয়ে কেউ টাকা নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প সমন্বয় কমিটির সভাপতি সর্বোত্তম চাকমা বলেন, ‘অসহায় মানুষের জন্য এ প্রকল্প। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করলেই ব্যবস্থা নেওয়া হবে।’