একটি ব্যর্থ সেলভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রস+আলোর ঘোষণা অনুযায়ী শুভ একটা দিন দেখে গেলাম হাটে, সেলফি তুলতে। বড় গরু তো কিনতে পারব না, তাই সেলফির গরু মোটাতাজা হতেই হবে। কিন্তু হাটে গিয়ে দেখি সাংঘাতিক অবস্থা। কোথাও কোনো মোটাতাজা গরু নেই! ব্যাপার কী? একজনকে জিজ্ঞেস করলাম, ‘ভাই, বড়সড় গরুগুলা কোথায়?’
ভদ্রলোক নির্বিকার মুখে জবাব দিলেন, ‘বিউটি পারলারে।’
: বিউটি পারলারে মানে?
: বিউটি পারলারে মানে বিউটি পারলারে! সামনের বিউটি পারলারে যান, বড় গরুর দেখা পাবেন।
বিউটি পারলারে গিয়ে দেখি গরুদের বিশাল লাইন! এত গরু হাতের কাছে পেয়ে লোভ সামলাতে পারলাম না। গেলাম সেলফি তুলতে। এক নাদুসনুদুস গরু ঘটনা বুঝতে পেরে একদম ছুটে এল, ‘ভাই, প্লিজ এখন তুলবেন না। চার দিনের স্লিমিং অ্যান্ড গ্রুমিং সেশনে এসেছি। এতকাল মালিক ইনজেকশন দিয়ে নাদুসনুদুস বানিয়ে এখন বিপদে পড়েছে। সবাই খুঁজছে স্লিম আর চঞ্চল গরু। এখন তাই চার দিনে হাড় জিরজিরে হয়ে, দৌড়াদৌড়ি শিখতে হবে। প্লিজ, এখন আর আমাদের সঙ্গে সেলফি তুলবেন না!’
যতই হোক, গরুর অনুনয় অমান্য করার মতো অধম আমি নই। তাই ব্যর্থ মনোরথে বাসায় ফিরলাম!
মিরপুর, ঢাকা