একটি ভাঙচুর হওয়া অক্ষত গাড়ির আত্মকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

খবর: যে লেগুনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে পুলিশ গাজীপুর বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা দিয়েছে, সেটি অক্ষত অবস্থায় পড়ে রয়েছে টঙ্গী থানার প্রাঙ্গণে। আর মামলার আসামিদের অধিকাংশই গাজীপুর সিটি করপোরেশনের বিএনপির মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকারের নিকটাত্মীয় ও নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল ব্যক্তি। (সূত্র: প্রথম আলো, ৯ মে ২০১৮)

কদিন ধরে খুব ঝড়-বৃষ্টি হচ্ছে। বলা নেই কওয়া নেই, হুট করে আকাশে কালো মেঘের আনাগোনা, সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত এবং মুষলধারে বৃষ্টি। এ রকম বৃষ্টির দিনগুলোতে আমার মন ভালো থাকে না একদমই, শুধু তারই কথা মনে পড়ে।

খুব অবাক হচ্ছেন নিশ্চয়ই? ভাবছেন, গাড়ির আবার মন হয় কী করে! গাড়ি তো গাড়িই, একগাদা যন্ত্রপাতির সমাবেশ, তাদেরও মন-মেজাজ হয়?

আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে, হ্যাঁ, গাড়িরও মন আছে, অনুভূতি আছে। জানি, আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না, কিন্তু অবিশ্বাস করেইও বা কী করবেন, বলুন? জগদীশ চন্দ্র বসু আর কটা দিন বাঁচলে গাছের মতো আমাদেরও যে অনুভূতি আছে, সেটা বলে যেতে পারতেন। এত দিন এটা নিয়ে আমাদের মাঝে খানিকটা আফসোস ছিল, তবে গত সপ্তাহে পাশার দান উল্টে গেছে। কারণ, আর কেউ ধরতে না পারলেও আমাদের পুলিশ ভাইয়েরা কিন্তু ঠিকই ধরে ফেলেছেন যে গাড়িরও মনমর্জি আছে, অনুভূতি আছে। ভাবছেন কীভাবে? বলছি। তবে তার আগে নিজের একটু পরিচয় দিয়ে নিই।

লোকে বলে, তাই আমার নাম লেগুনা। ছোটখাটো শরীর আমার, গায়ের রং নীল। টঙ্গী এলাকায় ছোটখাটো ট্রিপ দিই। রাস্তাঘাটে চলতে গিয়ে একদিন হঠাৎ করেই প্রেমে পড়ে যাই এক চলন্ত ট্রাকের। ড্যাশিং ট্রাক যাকে বলে আরকি! বাঘের মতো গর্জন তুলে ট্রাকটি যখন আমার সামনে দিয়ে সাঁই করে ছুটে যেত, আমি তখন লজ্জায় নীল থেকে আরও নীল হয়ে যেতাম। কিন্তু মুখ ফুটে কখনো কিছু বলতে পারিনি, কেবল ট্রাকটির নম্বরপ্লেটের সবগুলো সংখ্যা মুখস্থ করে রেখেছিলাম। দিন শেষে ওই সংখ্যাগুলোই কবিতা আবৃত্তির মতো আউড়ে যেতাম।

এভাবে ভালোই কাটছিল আমার জীবন। কিন্তু একদিন হঠাৎ করেই ছন্দপতন ঘটল আমার জীবনে। দিনটি ছিল ৬ মে, রোববার। সকালবেলা রাস্তায় বেরিয়েই শুনলাম, আমার জানপাখি ট্রাকটা নাকি চিরতরে চলে গেছে উত্তরবঙ্গের দিকে, আর ফিরবে না কোনো দিন। দুঃসংবাদটা শুনে আমার হাত-পা (পড়ুন ইঞ্জিন) ঠান্ডা হয়ে গেল, আর পথ চলতে পারছিলাম না। তবু আমার মালিক ক্রমাগত ঠেলাঠেলি করে চালিয়ে যাচ্ছিল। এ রকম দুঃসহ অবস্থায় কজন পুলিশ ভাইয়ের দেখা পেলাম। তাঁরা আমাকে রিকুইজিশন করলেন। কিন্তু ততক্ষণে আমার তো ‘বডি’ হয়ে গেছে দুর্বল। পুলিশ ভাইদের মধ্যে এক ভাই ছিলেন জগদীশ চন্দ্র বসুর খুব ক্লোজ এক প্রতিবেশীর ‍দূরসম্পর্কের আত্মীয়। সেই ভাইয়াই হঠাৎ করে আবিষ্কার করলেন যে, আমার মন ভেঙে গেছে, তাই আমি চলতে চাইছি না। ভাঙার কথা শুনে বাকি পুলিশ ভাইয়েরা নড়েচড়ে বসলেন। কিছু ভাঙলে তো মামলা দিতেই হবে, তাই তঁারা কোনোরকমে থানায় ফিরেই একটা মামলা দিয়ে ফেললেন। কিন্তু শুধু মামলা দিলেই তো হবে না, মামলার জন্য আসামিও লাগবে। তাই বিরোধী দলের অনেক নেতা-কর্মীকে আসামি করা হলো। আর আমাকে আদর-যত্নে রাখা হলো থানারই প্রাঙ্গণে। কিন্তু সাংবাদিকেরা না বুঝে-শুনেই আমাকে নিয়ে প্রতিবেদন ছেপে দিলেন। এটা ঠিক নয়, একদম অন্যায়।

তাই আমি সবার প্রতি আহ্বান জানাব যে, আপনারা সবকিছু বাইরের চোখ দিয়ে দেখেই সিদ্ধান্তে এসে যাবেন না। আপনারা পুলিশ ভাইদের মতো অন্তর্দৃষ্টির মালিক হন। গাড়িদেরও ন্যায্য অধিকার দিন। বাইরের জিনিসপত্র ভাঙচুর করলেই কেবল মামলা দিতে হবে, এই সনাতনী চিন্তাভাবনা থেকে বের হয়ে পুলিশ ভাইদের পাশে দাঁড়ান।