একটি ভালো উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এখন ফরমালিনমুক্ত মাছ পাওয়া যাচ্ছে। না, কোনো আশ্বাসবাণী শুনে বা বিজ্ঞাপনের ওপর ভরসা করে নয়, বরং নিজে পরীক্ষা করে সংশয়মুক্ত হয়ে এই মাছ কিনে বাড়ি ফিরতে পারবেন আপনি। আপাতদৃষ্টিতে খুবই ছোট্ট একটি সংবাদ। কিন্তু এটি কত বড় স্বস্তির সংবাদ, ক্রেতামাত্রই তা জানে। দাম দিয়ে পণ্য কেনার পর তা যদি নিজের ও পরিবারের স্বাস্থ্যের ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়, তার চেয়ে বড় দুর্ভাগ্য আর কী হতে পারে! সেই দুর্ভাগ্যের শিকার তো আমরা সবাই। ফরমালিনযুক্ত মাছ খাচ্ছি, কার্বাইড দেওয়া ফলমূল খাচ্ছি, ভেজালে ভেজালে সয়লাব বাজার। প্রতিটি খাদ্যদ্রব্যই বিপজ্জনক। সে ক্ষেত্রে একটি ছোট উদ্যোগও আমাদের আশাবাদী করে তুলতে পারে।সম্প্রতি চট্টগ্রাম শহরের একটি কাঁচাবাজারে বিনা মূল্যে ফরমালিন পরীক্ষার যন্ত্র বসানো হয়েছে। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নিয়েছে এই উদ্যোগ। আলম ট্রেডিং করপোরেশন ও মাসুদ অ্যান্ড ব্রাদার্সের সহযোগিতায় কাজির দেউরি বাজারে বসেছে যন্ত্রটি। এ ব্যাপারে কাজির দেউরি কাঁচাবাজার দোকান মালিক সমিতিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, পাশাপাশি তারা ওজন পরীক্ষার যন্ত্রও বসিয়েছে বাজারে।জানি, মাত্র একটি বাজারে এই পরীক্ষণযন্ত্র বসিয়ে এই এলাকার সব ক্রেতাকে এর সুফল দেওয়া যাবে না। কিন্তু আমরা মনে করি, এটি শুরু মাত্র। এখন পর্যায়ক্রমে নগরের সবকটি বাজারে যাতে ফরমালিন পরীক্ষাযন্ত্র বসানো হয়, এই দাবি তুলতে হবে। এ ক্ষেত্রে সামাজিক-নাগরিক সংগঠনগুলোরও দায়িত্ব রয়েছে। ক্রেতাস্বার্থ সংরক্ষণ কমিটি বা লায়ন, রোটারিসহ সেবামূলক সংগঠনগুলোর এগিয়ে আসতে হবে। জনসাধারণকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন বাজারে এ ধরনের যন্ত্র বসানোর জন্য অর্থ ও স্পনসর সংগ্রহের কাজটিও তারা করতে পারে। মোট কথা, সভা-সমাবেশ-সেমিনারে বক্তব্য দিয়ে বা প্রতিদিনের সব সমস্যাই সরকার সমাধান করে দেবে এই আশায় কালক্ষেপণ না করে কাজে নেমে পড়তে হবে, তা সে যত ছোট পরিসরেই হোক। এ ব্যাপারে সিটি করপোরেশনের দায়িত্বের কথাটিও আমরা আর একবার স্মরণ করিয়ে দিতে চাই। কিছুদিন আগে বিভিন্ন বাজারে সঠিক ওজন মাপার যন্ত্র বসানো হয়েছিল। সেই প্রক্রিয়া অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেছে। অবিলম্বে আবার তা চালু হোক। ভেজাল প্রতিরোধে হোটেলে-রেস্তোরাঁয় অভিযান পরিচালনার বিষয়টি শুধু রমজান মাসে সীমাবদ্ধ না রেখে সারা বছর যাতে অব্যাহত থাকে সেদিকেও নজর দেওয়া দরকার। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি পর্যায়ক্রমে নগরের সব বাজারে বিনা মূল্যে ফরমালিন পরীক্ষার যন্ত্র বসানোর উদ্যোগ নিতে অনুরোধ জানাই। সচেতন হতে হবে ক্রেতাসাধারণকেও। যন্ত্রটি অকেজো পড়ে থাকলে তার সুবিধা নেবে অসাধু ব্যবসায়ীরা। তাই মাছ কিনে ফরমালিনমুক্ত কি না দেখে নিতে হবে। সামান্য সময়ক্ষেপণের জন্য এ কাজটিকে বিড়ম্বনা মনে করলে তার খেসারত দিতে হবে।আশা করতে দোষ কী—চট্টগ্রামের এই ছোট একটি উদ্যোগ একদিন সারা দেশকে অনুপ্রাণিত করবে। ফরমালিনমুক্ত আমিষ খেয়ে বেড়ে উঠবে আমাদের সন্তানেরা।