একটি ভাস্কর্যের অপেক্ষায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধশেষে মুক্ত স্বদেশে ফিরেছেন এক গেরিলা যোদ্ধা। তাঁর বাঁ কাঁধে রাইফেল। ঊর্ধ্বমুখী ডান হাতে ধরা শৃঙ্খলমুক্তির প্রতীক—সাদা পায়রা। মুখে স্মিত হাসি। আকাশপানে তাকিয়ে দীর্ঘদিন পরে গায়ে মাখছেন স্বাধীন মাতৃভূমির আলো-হাওয়া। এই মূল ভাবনার ওপর ভিত্তি করে নির্মাণ করা হচ্ছে ভাস্কর্য ‘স্বাধীনতা’। চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী ছাত্রাবাসের সামনের খোলা মাঠে চলছে এই ভাস্কর্য নির্মাণের কাজ। ভাস্কর নাসির খান দুই সপ্তাহ আগে নির্মাণকাজ শুরু করেন। কয়েক দিনের মধ্যেই পুরো কাজ শেষ করার আশা করছেন তিনি। ১০ ফুট ভিত্তির ওপর ১২ ফুট দৈর্ঘ্যের ‘স্বাধীনতা’ শীর্ষক ভাস্কর্যটি স্থাপন করা হবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কার্যালয়ের সামনে। নোয়াখালী জেলা পরিষদের অর্থায়নে এটি নির্মাণ করা হচ্ছে।ভাস্কর নাসির খান প্রথম আলোকে জানান, গ্লাস ফাইবার ও প্লাস্টার অব প্যারিস দিয়ে মূল কাঠামো তৈরি করা হচ্ছে। কাঠামোটি ভিত্তির ওপর বসানোর পর পাথর, সিমেন্ট ও রড ব্যবহার করে ঢালাই করা হবে। ভাস্কর্যের উপরিভাগে গ্লাস ফাইবার ব্যবহার করা হবে। ভাস্কর্যটি নির্মাণে তাঁকে সহযোগিতা করছেন ফজলে রাব্বি ও আবিদুল ইসলাম। এর আগেও নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তায় স্থাপিত ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি ভাস্কর্য’ তৈরি করেছেন তিনি। গত কয়েক সপ্তাহ সৃষ্টির আনন্দে কাজ করে যাচ্ছেন তিনি। তবু মাঝেমধ্যেই মনের আকাশে জমছে কালো মেঘ। আক্ষেপ করে বললেন, ‘চট্টগ্রাম ব্রিটিশবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। অথচ এসব ঘটনার স্মৃতি ধরে রাখার কোনো উদ্যোগ নেই। মুক্তিযুদ্ধের ৪০ বছরেও কোনো ভাস্কর্য নির্মাণ হলো না!’তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের অনেক মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতাকে বিভিন্ন সময়ে ভাস্কর্য নির্মাণে উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করেছি। কিন্তু সাড়া পাইনি। আর কতকাল চট্টগ্রামবাসীকে একটি ভাস্কর্যের জন্য অপেক্ষা করতে হবে?’এদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথম আলোকে জানান, স্বাধীনতার মাস মার্চের মধ্যেই ভাস্কর্য স্থাপনের লক্ষ্য নিয়ে কাজ করছেন শিল্পী নাসির খান। কাজ শেষ হওয়ামাত্রই এটি নিয়ে এসে নির্ধারিত স্থানে স্থাপন করা হবে।