একটি মহৎ উপন্যাসের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াশা কাটছে না। সামনে এক তরুণ। নীল-মেরুনের ডোরা আছে, কিন্তু পরনের জ্যাকেটটাকে সাদাই বলা চলে। মাথায় কালো টুপি। এর পরও শীতে কাঁপছে ছেলেটি।ডিজিটাল মেশিনে ওজন মাপাই ওর কাজ এখন।চন্দ্রিমা উদ্যানে মো. শাহরিয়ার নামের ছেলেটি অপেক্ষায় আছে, কখন কেউ এসে একটু ওজন মাপাবে।কুমিল্লার দাউদকান্দির চন্দ্রশেখরদী গ্রাম থেকে সদ্য এসেছে ও। ‘৩১ দিন আগে প্রথম ঢাকায় আইছি।’‘একেবারে ৩১ দিন! গুনে রেখেছ?’‘হ্যাঁ। মা-বাবারে ছাইড়া এই প্রথম কোথাও আইছি, মনে থাকব না ক্যান?’এরপর শাহরিয়ারের সঙ্গে কথা বলতে বলতে মনে হয়, একটি ছোট উপন্যাসের মধ্যে ঢুকে পড়ছি আমরা। দরিদ্র মা-বাবার এই সন্তান উচ্চমাধ্যমিক পাস করার পর আরও পড়তে চায়। নুন আনতে পান্তা ফুরোয় যে পরিবারের, সেই পরিবারের পক্ষে ছেলের পড়ালেখা চালিয়ে নেওয়া সহজ কথা নয়। শাহরিয়ার বুঝতে পারে, পড়তে হলে কষ্ট করতে হবে। তাই মা-বাবাকে সালাম করে পকেটে ফুটো পয়সা নিয়েই চলে এসেছে ঢাকায়। তারপর ফোনে জানিয়েছে—‘ভালো আছি মা!’বাঙলা কলেজে কোনো বিষয়ে স্নাতক সম্মান করার ইচ্ছে ওর। থাকে মেসে। কিন্তু খাবে কী, পরবে কী! তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে দুটো কাজ জুটিয়ে নিয়েছে। একটি হলো, ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত চন্দ্রিমা উদ্যানে ডিজিটাল ওজন মাপার যন্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকা। এ জন্য দিনে ৫০ টাকা পায় ও। সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত একটা কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ করে। তিন হাজার টাকা পায়। ব্যস্, উঠে আসে চলার খরচ। এরই মধ্যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি চলছে।সকালে কী খাও?‘মেসে ডাইল আর বাঁধাকপি ভাজি খাই।’দুপুরে?একটু ভাবে শাহরিয়ার। ‘টাকা-পয়সা তো ছিল না, তাই প্রথম ২৪ দিন দুপুরে কিছু খাই নাই। এখন কাজ পাইছি। ছয় দিনের পাঁচ দিনই দুপুরে মুরগি খাইছি।’ ওর চোখ দুটো জ্বলজ্বল করতে থাকে।কিন্তু এভাবে তো দিন চলবে না। ভর্তি হওয়ার পর ক্লাস করবে কী করে?‘দুইটা টিউশনি ঠিক কইরা রাখছি। তখন আর দোকানে কাজ করুম না।’তোমরা কয় ভাইবোন?‘পাঁচ ভাই ও তিন বোন। আমি চতুর্থ।’ওদের কথা মনে পড়ে না?‘পড়ে না আবার! কিন্তু আমাকে তো বড় হইতে হইব। বড় হইয়া যখন অনেক টাকা আয় করুম, তখন ওদের মুখে সুখ দেখতে পামু।’ভবিষ্যত্ সুখের স্বপ্নে বিভোর হয় শাহরিয়ার।মা-বাবাকে জানিয়েছ, কী করে বেঁচে আছ?‘বলেন কি! তারা কষ্ট পাইব না! তারা জানে না যে আমি কষ্টে আছি। জীবনে এত কষ্ট করি নাই। কিন্তু সবই তো করতেছি তাদের ভালোর জন্য। আপনি কী বলেন?’আমি কিছু বলি না। শুধু ভাবি, একটি উপন্যাসের প্রথম অধ্যায় লেখা হয়ে গেছে। দেখা যাক, টানাপোড়েনের মধ্য দিয়ে একটি মহত্ জীবনোপন্যাস লিখে ফেলতে পারে কি না শাহরিয়ার!