আহ্! এই মুহূর্তে আমার নিজেকে সেলিব্রেটিই মনে হচ্ছে। আর মনে না হওয়ার কোনো কারণ অবশ্য নেই। একসঙ্গে এতগুলো মানুষ আমাকে ‘লাইভ’ শুনবে, হয়তো অনেকে এসএমএস পাঠাবে, উহু! কী আনন্দ। ভাবতেই নিজের ভেতরে একধরনের চাপা উত্তেজনা অনুভব করছি। আর এ রকম একটা অনুভূতি থাকাই স্বাভাবিক। কারণ, একটু পর আমাকে লাইভ সাক্ষাৎকার দিতে হবে, যা হবে সম্পূর্ণ মিথ্যা। কিন্তু এটা যে মিথ্যা, সেটাও কাউকে বুঝতে দেওয়া যাবে না। সোজা কথায়, আমাকে খুব ভালোভাবে অভিনয় করতে হবে। যা হোক, জীবনে প্রথমবারের মতো হলেও অন্তত যে রেডিও স্টেশনের ভেতরটা ঘুরে দেখা যাবে—চিন্তা করলে আমার মতো এক অখ্যাত যুবকের এ রকম লাগাটাই স্বাভাবিক।সত্যি কথা বলতে কি, ভূত-প্রেত এসব বিষয়ে আমার কোনো ভয় বা বিশ্বাস নেই। কিন্তু হরর ফিল্ম দেখে আমি যেমন মজা পাই, তেমনি অন্যকে ভয় দেখাতেও আমার বেশ ভালো লাগে। ইদানীং আবার আমাদের দেশে ভূত-প্রেত আধিভৌতিক ব্যাপারগুলো নিয়ে বেশ ভালোই আলোচনা শুরু হয়েছে। তো আমিও সে রকম একটা অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে এফএম স্টেশনে যাচ্ছি। সাক্ষাৎকারে যে কথাগুলো বলব, সেগুলো পুরোটাই আমার নিজের বানানো। সেখানে আমি বলব, একটা মেয়ের অতৃপ্ত আত্মা প্রায়ই আমার ঘরে ঘোরাফেরা করে।আমি অনেক ভেবে দেখেছি, ভূতের গল্পগুলোতে ছেলেদের চেয়ে মেয়েদের অতৃপ্ত আত্মাই বেশি জমে। আর একটা ছেলের ঘরে একটা মেয়ের আত্মা থাকা ব্যাপারটা যথেষ্ট যৌক্তিক। কেন এই মেয়ের আত্মা আমার ঘরে থাকে, সে গল্পও আমার কাছে আছে।সে এই ঘরেই থাকে আর আমাকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করে। এই যেমন মাঝরাতে ঘুম ভেঙে শুনি কে যেন খুব করুণ সুরে কাঁদছে। আবার রাতের বেলা হঠাৎ হঠাৎ কার যেন ছায়ামূর্তি আমার ঘরে হাঁটতে দেখা যায়। এমনকি আমার ড্রেসিং টেবিলের আয়নাতেও একটা মেয়ের মুখ মাঝেমধ্যে দেখতে পাওয়া যায়, যার মুখের অর্ধেকটা চুল দিয়ে ঢাকা থাকে। এ রকম, আরও কিছু রংচং মিলিয়ে গল্পটা বলা হবে যেখানে মেয়েটার প্রতি সবার যেন একটা মায়া জন্মে। যা-ই হোক, গল্পটা যে মোটামুটি ভালো হয়েছে, এ ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত।অতঃপর সেই মাহেন্দ্রক্ষণ আমার জীবনে উপস্থিত। খুব সুন্দরভাবেই কথাগুলো ঠিকমতো গুছিয়ে বললাম। বাপরে। অনেকগুলো এসএমএসও দেখি এর মধ্যে চলে এসেছে। গল্প শুনে অনেকে দেখি ভয়ও পেয়েছে। উফ! সে যে কী আনন্দ আমার মধ্যে হচ্ছে, তা হয়তো বলে বোঝানো যাবে না। কিন্তু আনন্দ প্রকাশ করার জায়গা এটা না। তার চেয়ে বরং তাড়াতাড়ি বাসায় যাই—সবার কাছে আমি নিশ্চয়ই স্টার হয়ে গেছি।রাত তিনটার সময় যখন বাসায় ফিরেছি, তখন দেখি সবাই জেগে আছে। ছোট বোনটার তো আনন্দ আর ধরে না। কিন্তু বাবা-মা কেউ-ই আমার এমন আচরণে খুশি হতে পারেননি। বরং বাবা বারবার করে বলে গেলেন আমি যেন সত্যি কথাটা আবার রেডিও স্টেশনে গিয়ে জানিয়ে দিই। কারণ, মানুষকে ধোঁকা দেওয়ার মতো নিকৃষ্ট কাজ পৃথিবীতে আর নেই। উফ! বাবা-মায়েরা কেন যে এমন হয় বুঝি না। সারা দেশের মানুষ আমাকে শুনল, কোথায় একটু খুশি হবে তা না, আরও আমি কীভাবে বেইজ্জত হব শুধু সেই ভাবনা। দূর! কিছু ভালো লাগছে না। একটু ক্লান্ত লাগছে। যাই, ঘুমুতে যাই। কালকে সকালে তো আমি ক্যাম্পাসের মধ্যমণি হব সে ব্যাপারে এখন আর কোনো সন্দেহ নেই।ঘুমটা একটু আসতেই হঠাৎ কার যেন একটা উপস্থিতিও ঘরের মধ্যে টের পেলাম। হঠাৎ আমার বিছানার পাশে মনে হলো একটা মেয়ে যেন দাঁড়িয়ে আছে। আমি ধড়মড়িয়ে উঠে বসলাম। উফ, সব কল্পনা, সব আমার উদ্ভ্রান্ত মনের অশান্ত ভাবনা। হয়তো অনেক বেশি এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেছি বলেই এ রকম মনে হচ্ছে। তবুও কেন যেন মনে হলো, ঘরটা কেমন গুমোট হয়ে আছে। নিজের শরীরটা ভারী ভারী লাগছে। আর ঘুমুতে পারলাম না। সারা রাত জেগেই রইলাম।ভোরের দিকে ফজরের আজানের পর সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল। তারপর ঘণ্টা দুয়েক ঘুমিয়েই সারা দিন নানা কাজে ব্যস্ত হয়ে পড়লাম। তবুও কেন জানি গত রাতের ব্যাপারটা মনের মধ্যে খচখচ করতে লাগল। কিন্তু রাত ঠিক ১২টার পর আবার সবকিছু কেমন যেন পাল্টে যেতে লাগল। এক ধরনের অস্বস্তি মনকে ঘিরে রাখল। বাতি নেভাতেই একটা ছায়ামূর্তি সামনে এসে দাঁড়ায়। আমি দৌড়ে বসার ঘরে এসে টিভি দেখে সারা রাত পার করে দিই। ভয়ে কথাটা কাউকে বলতে পারি না। আর এভাবেই আমার এই চেনা পরিবেশটা দিনের বেলা ভয়ংকর হয়ে ওঠে। আমি কাউকে এই ব্যাপারটা বিশ্বাস করাতে পারি না। সবাই আমাকে পাগল ভাবে। হয়তো সাইকোলজির ভাষায় এর নাম সিজোফ্রেনিয়া। কিন্তু আমি জানি আমি পাগল নই।আমি জানি, আপনারাও আমাকে পাগল ভাবছেন। মনে করছেন, অতিরিক্ত কল্পনার ফলে সেই মেয়ে আমার সামনে দৃশ্যমান হয়ে আসছে। আর আমার উত্তপ্ত মস্তিষ্ক তাকে বাস্তব বলে মনে করছে। কিন্তু বিশ্বাস করুন, গত রাতে সে আমাকে ফিসফিসিয়ে বলে গেছে আজ আমার মুক্তি হবে তার কাছ থেকে। এত দিন সে আমাকে শাস্তি দিয়েছে। আমি ভয় পাচ্ছি। সত্যিই খুব ভয় পাচ্ছি। হামিদা আক্তারবনশ্রী রোড, পূর্ব রামপুরা, ঢাকা।