একটি মুখের হাসির জন্য...
ছোট্ট ফারিয়ার বয়স তিন বছর হতে তিন মাস বাকি। কিন্তু বয়সের তুলনায় শরীর তেমন বাড়েনি। কীভাবে বাড়বে! এক বছর বয়সে খেলতে খেলতেই গরম পানিভর্তি বালতির ভেতর পড়ে যায় সে। শরীরের ৪০ ভাগ অংশই পুড়ে গিয়েছিল। এ কয়টা বছর যমে-মানুষে টানাটানি চলল। এখন অনেকটা সুস্থ হলেও গলার সঙ্গে থুতনির চামড়া লেগে থাকায় সারাক্ষণ হাঁ করে থাকতে হয় তাঁকে। ফারিয়ার বাবা আবদুল মজিদ একজন পানের দোকানদার। ব্যয়বহুল প্লাস্টিক সার্জারি করিয়ে মেয়েকে সুস্থ করে তুলবেন, সে সামর্থ্য নেই। আমেরিকান চিকিৎসকেরা আশ্বাস দিয়েছেন, তাঁর মেয়ে সুস্থ হয়ে উঠবে। ব্যাপারটা স্বপ্নের মতোই মনে হচ্ছিল আবদুল মজিদের কাছে।নগরের হালিশহরের ‘বি ব্লক’ এলাকায় ‘নারচার’ হাসপাতালে গত বুধবার কথা হয় আবদুল মজিদের সঙ্গে। পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে ছুটে এসেছেন এখানে। নারচার হাসপাতালের বারান্দাজুড়ে শ-তিনেক মানুষের ভিড়। দেশের নানা প্রান্ত থেকে ঠোঁট ও তালুকাটা এবং আগুনে পোড়া রোগীরা এসেছে চিকিৎসার জন্য। রোগীদের প্রায় ৯০ ভাগই শিশু। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসা ২৪ সদস্যের চিকিৎসক দল এই রোগীদের চিকিৎসা দেবেন। যুক্তরাষ্ট্রের রোটাপ্লাস্ট ও বাংলাদেশের রোটারি ক্লাবের উদ্যোগে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই প্লাস্টিক সার্জারি ক্যাম্প। চট্টগ্রামের হালিশহরের নারচার হাসপাতালে আমেরিকান চিকিৎসকদের এ ধরনের ক্যাম্প দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের ১৮ মে ক্যালিফোর্নিয়ার বিশেষজ্ঞ সার্জন অ্যাঞ্জেলো কাপুজির নেতৃত্বে ২৬ সদস্যের চিকিৎসক দল প্লাস্টিক সার্জারি ক্যাম্পে অংশ নিয়েছিলেন।শিশুরোগ বিশেষজ্ঞ লিওনার্ড ফ্রিডল্যান্ড ছাড়া এবারের চিকিৎসক দলের সবাই প্রথমবার বাংলাদেশে এসেছেন। ফ্রিডল্যান্ডের মুখোমুখি হতেই বললেন, ‘গতবার যাদের চিকিৎসা দিয়েছি, তাদের অনেকে দেখা করতে এসেছে। যে শিশুরা আগে হাসতে পারত না, তারা এখন হাসছে। এটা দেখা খুবই আনন্দের ব্যাপার। জীবনে এমন মুহূর্ত খুব কমই আসে।’নারচার হাসপাতালের পরিচালক নাসরিন বাকী জানান, ‘এ পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ জন রোগী বিদেশি চিকিৎসকদের দেখানোর জন্য নিবন্ধিত হয়েছে। ক্যাম্পের প্রথম দিন রোগীদের তথ্য সংরক্ষণ করার কাজ হয়েছে। দ্বিতীয় দিন থেকে পর্যায়ক্রমে জটিল রোগীদের অপারেশন করা হচ্ছে। বিশেষজ্ঞদের এই দলে চারজন শল্য চিকিৎসক সার্জন, চারজন অবেদনবিদ (অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ), একজন স্পিচ থ্যারাপিস্ট, একজন দন্ত বিশেষজ্ঞ, একজন শিশুরোগ বিশেষজ্ঞ ও দক্ষ একদল সেবিকা আছেন।’রোটাপ্লাস্টের বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান (হেড অব ডেলিগেশন) ব্রায়ান ওয়াকার নিজে চিকিৎসক না হলেও পুরো দলের সমন্বয় করছেন। হাসপাতালের দোতলার বারান্দায় কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘পুরো হাসপাতালের দায়িত্ব এই ১০ দিনের জন্য আমরা নিয়ে নিয়েছি। আমাদের দল সকাল সাড়ে ছয়টায় এখানে (নারচার হাসপাতালে) হাজির হয়। কাজ শেষ করতে করতে সন্ধ্যা সাতটার বেশি বাজে।’ বিশেষজ্ঞ চিকিৎসক দল কয়েক ধাপে রোগীদের সেবা দিচ্ছেন বলে তিনি জানান। প্রথমে একজন রোগীর নাম ও রোগের ইতিহাস টুকে রাখা হয়েছে। এরপর রোগীকে পাঠানো হয়েছে সার্জনদের কাছে। সার্জন, অবেদনবিদ, শিশুরোগ বিশেষজ্ঞ ও সেবিকেরা রোগীকে পরীক্ষা করে সিদ্ধান্ত দেন অপারেশন করা যাবে কি না। এ তো গেল অপারেশনের আগের ধাপ। অপারেশনের পরেও প্রি অপারেটিভ ও পোস্ট অপারেটিভ বিভাগের চিকিৎসকদের নজরদারিতে থাকছে রোগীরা।চিকিৎসক দলের প্রধান-সার্জন রেবেকা জ্যাকসন শত ব্যস্ততার মাঝেও মুখের হাসি ধরে রেখেছিলেন। কাজের প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন করতে তিনি জানালেন, ‘আমরা ১০ দিনের জন্য বাংলাদেশে এসেছি। আমাদের লক্ষ্য ছিল, অন্তত ৩০০-এর বেশি রোগীকে চিকিৎসা দেওয়া। এ ক্ষেত্রে আমরা প্রাধান্য দিয়েছি শিশুরোগীদের ব্যাপারে। তাদের মধ্যে যারা জটিল রোগী, তাদের অপারেশন আমরা আগে করেছি।’রোটারি ক্লাবের সদস্য ও চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক পান্না লাল সাহা কয়েক দশক ধরে জন্মগত ঠোঁটকাটা তালুকাটা রোগীদের বিনা মূল্যে অপারেশন করছেন। মার্কিন চিকিৎসক দলের সঙ্গে রোগী দেখছিলেন তিনিও। পান্না লাল সাহা বলেন, ‘বাংলাদেশে প্রতি ৬৫০ জন শিশুর মধ্যে একজন জন্মগত ঠোঁটকাটা তালুকাটা রোগে আক্রান্ত। উন্নত বিশ্বের হাসপাতালগুলোতে এ ধরনের রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসা থাকলেও এ দেশে নেই। এ কারণে প্রতিবছর রোটারি ক্লাবের উদ্যোগে প্লাস্টিক সার্জারি ক্যাম্প করা হয়। তবে জটিল রোগীদের চিকিৎসা দেওয়ার মতো উন্নত সরঞ্জাম এ দেশে নেই। মার্কিন চিকিৎসকদের সফর এই ধরনের জটিল রোগীদের চিকিৎসার সুযোাগ করে দেবে।’চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী কাজ করছেন স্বেচ্ছাসেবক হিসেবে। তাঁরা রোগীদের তথ্য সংরক্ষণের কাজ ও মার্কিনিদের দোভাষী হিসেবে কাজ করছেন।রোটাপ্লাস্টের স্লোগান: ‘সেইভিং স্মাইল, চেঞ্জিং লাইভস’। মানুষের মুখের হারিয়ে যাওয়া হাসি ফিরিয়ে দিতেই এতদূর ছুটে আসা ব্রায়ান ওয়াকারের দলের। ব্রায়ানকে প্রশ্ন করা হয়েছিল আপনার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কখন আসে? তাঁর চটজলদি উত্তর ‘ মানুষের মুখে হাসি দেখার চাইতে আর আনন্দের কী হতে পারে!’