যশোরের দড়াটানা থেকে ধর্মতলা যাব। রাস্তার পাশে দাঁড়িয়েছি ইজিবাইকের জন্য। আমার পাশেই একজন রিকশা নিয়ে দাঁড়ানো। বারবার তিনি এদিক-ওদিক তাকাচ্ছেন। রিকশায় যাওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। তাই তাঁর দিকে বেশি খেয়াল করলাম না। একসময় রিকশাওয়ালা আমাকে জোরে হাঁক দিয়ে বললেন, ‘মামা, ধর্মতলা যাইবেন না? আসেন, নিয়া যাই।’ দীর্ঘদিন রিকশা চালানোর ফলেই মনে হয় এমন দক্ষতা চলে এসেছে। তাই হয়তো আমাকে দেখেই গন্তব্য বুঝতে পেরেছেন।
আমি রিকশাওয়ালার দিকে না তাকিয়ে বললাম, ‘না মামা, আমি রিকশায় যাব না।’ রিকশায় না যাওয়ার মূল কারণ, দড়াটানা থেকে ধর্মতলা ইজিবাইকে ভাড়া নেয় ১০ টাকা। আর রিকশায় উঠলে গুনতে হয় অন্তত ২০ টাকা। রিকশাওয়ালা আবারও বললেন, ‘মামা আসেন তো, আপনারে নিয়া যাই।’ তারপরও তাঁর দিকে ফিরে তাকালাম না। একটু পর তিনি আবার বললেন, ‘মামা আসেন, ১০ টাকা ভাড়া দিয়েন।’ এবার একটু অবাক হয়ে তাকালাম। ভাবলাম, এত কম ভাড়ায় তিনি কীভাবে আমাকে পৌঁছে দিতে চাইলেন? নতুন করে রিকশায় ইলেকট্রিক মোটর সংযুক্ত করা হচ্ছে, যার ফলে রিকশা চালাতে গায়ের জোর লাগে না। আমি রিকশার দিকে তাকিয়ে ইলেকট্রিক মোটর খুঁজলাম। কিন্তু রিকশাটিতে কোনো মোটর লাগানো ছিল না। তার মানে আমার পৌঁছাতে মোটরচালিত রিকশার তুলনায় বেশি সময় লাগবে। তাই রিকশায় না উঠে ইজিবাইকের জন্যই দাঁড়িয়ে থাকলাম।
রিকশাওয়ালা আবার বললেন, ‘আরে মামা, সময় বেশি লাগবি না, দেইখেন ৫ মিনিটে পৌঁছে দেব।’ রিকশাওয়ালার চাপাচাপিতে শেষমেশ তাঁর রিকশায় উঠে পড়লাম। রিকশাওয়ালা তাঁর হাতের ঘড়িটা দেখিয়ে বললেন, ‘এই যে দ্যাহেন মামা, এখন ৯টা ১৪ বাজে, ঠিক ৯টা ১৯ মিনিডে আপনারে পৌঁছে দেব।’
এ কথা বলেই তিনি গায়ের সমস্ত শক্তি দিয়ে রিকশার প্যাডেল চাপতে লাগলেন। কিন্তু আমার বেশি জরুরি দরকার ছিল না। তাঁকে আস্তে চালাতে বললাম। আমার মাথায় তখন বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। স্থির হয়ে থাকতে না পেরে তাঁর কাছে জানতে চাইলাম তিনি কেন আমাকে এত কম ভাড়াতে পৌঁছে দেওয়ার জন্য চাপাচাপি করলেন?
রিকশাওয়ালা কিছুক্ষণ চুপ থেকে বললেন, ‘মামা, যেই দিন থেকে মোটর লাগানো রিকশা বের হয়ছে, সেই দিন থেকে মানুষ আর আমার রিকশাই উঠবার চাই না। সবাই চাই তাড়াতাড়ি যাইব। কিন্তু আমার রিকশাই তো মোটর নাই, পায়ে প্যাডেল মেরে যাতি হয়। তাই একটু দেরি হইয়া যাই। রিকশাই মোটর লাগাবার টাকাও নাই যে মোটর লাগামু।’ দ্বিতীয়বারের মতো হাতের ঘড়িটা দেখিয়ে বললেন, ‘এই যে ঘড়িডা দেখছেন, কাল পুরান বাজার থেকে কিনছি। ভাবছি এহন থেকে ঘড়ি দেইখে মানুষরে পৌঁছে দেব। যার যেই সময়ের মধ্যে পৌঁছাবার দরকার, সেই সময়ের মধ্যে পৌঁছে দেবার চেষ্টা করব। তাতে একটু বেশি কষ্ট হলিও সমস্যা নাই, যদি ভাড়া দুইডা বেশি পায়।’
রিকশাওয়ালার কথা শুনতে শুনতে ধর্মতলায় পৌঁছে গেলাম। রিকশা থেকে নেমে তাঁকে আর ১০ টাকা ভাড়া দিতে পারলাম না। ১০ টাকার পরিবর্তে ৩০ টাকা ভাড়া দিয়ে দিলাম। তিনি ৩০ টাকা হাতে করে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বললেন, ‘মামা ৩০ টাকা দিচেন, নাকি চোখে ভুল দেকচি, আমি আবার চোখে ভালো দেখি না।’ এতক্ষণ পর আমি খেয়াল করলাম উনার একটি চোখ অন্ধ। অন্য চোখটিতে অল্প অল্প দেখতে পান। আমি জবাব দিলাম, ‘না, আপনি ভুল দেখছেন না, আপনাকে ৩০ টাকাই দিয়েছি।’ তখন রিকশাওয়ালা বললেন, ‘মামা, আপনার ২০ টাকার ক্ষতি হয়ে যাবে না তো?’
—না, না। বলে আমি চলে এলাম।
খালেদুর রহমান
হিসাববিজ্ঞান বিভাগ
সরকারি এম এম কলেজ, যশোর।