একটি মোটরসাইকেল ও দুটি রহস্যময় খুন
লাল রঙের বাজাজ মোটরসাইকেলটি দেখতে সাধারণ হলেও এর সঙ্গে জড়িয়ে আছে দুটি রহস্যময় খুনের ঘটনা। মোটরসাইকেলের মালিক দীঘিনালার আবদুস সাত্তার (২৩) ভাড়ায় যাত্রী পরিবহন করতে গিয়ে ২০১১ সালের ১৩ ডিসেম্বর খুন হন। তিনি খুন হওয়ার দুই দিন পর বাঘাইছড়ি কলেজের পাশে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁর মোটরসাইকেলটি।এই হত্যাকাণ্ডের কোনো কূলকিনারা না হতেই দেড় বছরের মাথায় খুন হলেন চান মিয়া। আবদুস সাত্তারের পরিবারের কাছ থেকে মোটরসাইকেলটি ভাড়া নিয়ে তিনিও যাত্রী পরিবহন করতেন। গত ২০ জুন খাগড়াছড়ি জেলা সদর থেকে যাত্রী নিয়ে ফেরার পথে দীঘিনালার পাঁচ মাইল এলাকায় তাঁকে হত্যা করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।এই মোটরসাইকেল ছিল আবদুস সাত্তার ও চান মিয়ার পরিবারের আয়-উপার্জনের একমাত্র অবলম্বন। একই মোটরসাইকেল দুবার ছিনতাইকারীর হাতে পড়ে প্রাণ গেছে দুজনের; সেই সঙ্গে বিপর্যয়ের মুখে পড়েছে দুটি পরিবার। এই ঘটনা এলাকাবাসীর মনে আতঙ্ক ও বিস্ময়ের জন্ম দিয়েছে।খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী মুসলিমপাড়ার বাসিন্দা চান মিয়া (৩৮) বিএনপির কবাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন। আবদুস সাত্তার সাত্তারের বাড়িও ছিল মুসলিমপাড়ায়। দুজনকেই জবাই করে হত্যা করে ছিনতাইকারীরা। আবদুস সাত্তারের খুনের ঘটনার পর সৃষ্ট সাম্প্রদায়িক সহিংসতায় দীঘিনালার জোড়া ব্রিজ এলাকায় প্রাণ হারান আদিবাসী নারী চিগন মিলে চাকমা (৪০)। এবারতেমন পরিস্থিতি সৃষ্টি না হলেও নিহত ব্যক্তিদের পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।সম্প্রতি নিহত চান মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, স্ত্রী রাজিয়া বেগম পাঁচ সন্তানকে নিয়ে বিলাপ করতে করতে মূর্ছা যাচ্ছেন। জ্ঞান ফিরলেই বুক চাপড়িয়ে বলছেন, ‘আমরা এখন কীভাবে চলব। আমাদের কে দেখবে। আমার স্বামীকে না মেরে ওরা মোটরসাইকেল নিয়ে গেলেই তো পারতো।’চান মিয়ার বড় মেয়ে আয়েশা আক্তার (১৯) আক্ষেপ করে বলেন, ‘এই মোটর সাইকেলের কারণে আবদুস সাত্তার খুন হয়েছেন। এবার আমার বাবাও একই ঘটনার শিকার হলেন। এই হত্যাকারীদের আইনের আওতায় আনা হোক। খুনিদের ফাঁসি চাই।’ আবদুস সাত্তারের ভাগনে আবদুল কাদের বলেন, মোটর সাইকেলটি উদ্ধারের পর গত দেড় মাস আগে দৈনিক ২৫০ টাকায় চান মিয়াকে ভাড়া দেওয়া হয়। ওই টাকায় তাঁর পরিবার চলতো। এখন মোটরসাইকেলটি ছিনতাই হওয়ায় তাঁর পরিবারের খরচ কীভাবে চালবে বুঝতে পারছি না। খাগড়াছড়ি (সদর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, চান মিয়া খুনের ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার তদন্ত চলছে।