একটি মৌলবাদী গোষ্ঠী ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের অর্জনগুলো নির্বাসিত করার জন্য দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। একটি মৌলবাদী গোষ্ঠী ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করেছে। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। অথচ এই শান্তির ধর্মকে বিতর্কিত করে তুলেছে ওই গোষ্ঠীটি। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
১৮ মার্চ বিকেলে সাতকানিয়া উপজেলার ঢেমশা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধে৵ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল সোবহান চৌধুরী আরও বলেন, ‘শেখ হাসিনার সরকার বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বিশ্বের দরবারে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা দেখেছি, একসময় সরকারপ্রধানেরা শিক্ষার্থীদের হাতে বইয়ের পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিলেন।’
ঢেমশা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইদ্রিচ, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য মো. জসীম উদ্দীন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদুল আলম ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকান্ত বিকাশ ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শশী ভূষণ বড়ুয়া। আরও বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, ঢেমশা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রিদোয়ান উদ্দিন, এইচ এম হানিফ, তসলিমা আকতার, ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।