একটি রঙিন কাপড়...
ফ্যাশন মানেই বৈচিত্র্য। বৈচিত্র্যটা যে সবসময় নতুন কিছু দিয়ে আনতে হবে তা কিন্তু নয়; বরং সেটা হতে পারে পুরোনোকে নতুন ঢঙে উপস্থাপনে। আপনার হাওয়ায় ওড়ানো দোপাট্টাখানির কথাই ধরুন না। এর আকৃতি একটু ছোট-বড় করে অথবা একটু ভিন্ন ঢঙে বেঁধে বা ঝুলিয়ে নিয়ে সবার মধ্যে আলাদা করে ফুটিয়ে তুলতে পারেন নিজস্ব স্টাইল।ফ্যাশনে ও আরামেবড় দোপাট্টার স্থানটা এখন দখল করেছে তিনকোনা বা চারকোনা স্কার্ফ, চিকন আয়তাকার ওড়না ও দৈর্ঘ্য-প্রস্থে ছোট ওড়নাগুলো। ফ্যাশনে ভিন্ন মাত্রা আনার পাশাপাশি এগুলো আরামদায়ক ও ব্যবহারে বড় ওড়নার তুলনায় সুবিধাজনকও বটে।আড়ংয়ের (মার্কেটিং) বিপণন বিভাগীয় প্রধান ফারজানা হালিম হাই বলেন, একটা সময় মেয়েরা ছিল শুধুই ঘরনি। আজ তাঁরা ঘর সামলে বেরোচ্ছেন বাইরের কাজ সামলাতেও। বিশ্ববিদ্যালয়, অফিস-আদালতের আজকের কর্মঠ মেয়েটির শাড়ি পরে পরিপাটি হয়ে ঘরে বসে থাকার অবসর নেই। কাজের আর চলাফেরার সুবিধার জন্য শাড়ির চেয়ে সালোয়ার-কামিজ ও ফতুয়া-জিনসের ব্যবহার বেড়ে গেছে। এর সঙ্গে যোগ হয়েছে আরামদায়ক ছোট ওড়না ও স্কার্ফ।রকমফের...বাজারে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের স্কার্ফ ও ওড়না পাওয়া যাচ্ছে। প্রবর্তনার পরিচালক শাহিদ হোসেন বলেন, সাধারণ সুতি কাপড় থেকে শুরু করে পাটের সুতি কাপড়, সিল্ক, হাফ সিল্ক, মসলিন, জর্জেট, তসর, খাদি বিভিন্ন কাপড়ের মধ্যে দোপাট্টা ও স্কার্ফ করা হচ্ছে। রঙিন করা হচ্ছে বিভিন্ন উপায়ে। প্রাকৃতিক অথবা রাসায়নিক বিভিন্ন উপায়ে খুব আরামদায়ক ও কোমলতা দিয়ে করা হচ্ছে এক একটি ওড়না ও স্কার্ফ। তিনকোনা, চারকোনা, ছোট ওড়না বিভিন্ন আকৃতি দিয়ে আনা হচ্ছে এর বৈচিত্র্য। এ ছাড়া গোলাপি, আকাশি, লাল, নীল, হালকা হলুদ, ছাইবর্ণ, সাদা, কালো বিভিন্ন রঙের সঙ্গে বাটিক, ব্লক, বুটি, নকশা, এমব্রয়ডারি এসব করা হচ্ছে। কোনাগুলো আবার গামছার মতো দেখতে। ঐতিহ্যের টাঙ্গাইল আর মসলিনের ছাপও আপনার চোখে পড়বে। বিমূর্ত জ্যামিতিক নকশা, ফুল, পাখি, লতাপাতা—সবই আঁকা হয়েছে জমিনে। আপনার পছন্দমতো বেছে নেওয়ার সুযোগ তো সব সময়ই রয়েছে আপনার হাতে।তারুণ্যের সঙ্গী‘ছোট ওড়না ও স্কার্ফগুলো তারুণ্যের ফ্যাশনে যোগ করেছে নতুন মাত্রা। বিশেষ করে তরুণীরাই বেশ পছন্দ করছেন ওড়না ও স্কার্ফগুলো’—বলছিলেন ওয়েসটেকস ওম্যানের বসুন্ধরা সিটি শাখার প্রধান মো. সেলিম। ফতুয়া, জিনসের পাশাপাশি পাশ্চাত্য পোশাকের সঙ্গেও বেশ মানিয়ে গেছে স্কার্ফ ও ওড়না। বিভিন্ন রং ও নকশার বৈচিত্র্যের কারণে কোনো রঙের ফতুয়া বা টপসের সঙ্গে খুব সহজেই মিলিয়ে পরা যায় এগুলো। আর ছোট ও হালকা বলে পরতে বেশ আরামদায়ক।রঙে-ঢঙেওড়না, স্কার্ফ যাই হোক, পোশাকের সঙ্গে ব্যবহারে নতুন ঢংটির সঙ্গে রঙের একটি সাদৃশ্য রাখুন। কাঁচা হলুদ রঙের ফতুয়াটির সঙ্গে কলাপাতা রঙের দোপাট্টা নিশ্চয়ই খুব চমৎকার দেখাবে, তাই না!ঠিক তেমনি সাদার সঙ্গে কালো বা লাল, ফিরোজার সঙ্গে হালকা গোলাপি, ছাই বর্ণের সঙ্গে নীল, বেগুনির সঙ্গে গোলাপি—এভাবে রংটা একটু মিলিয়ে নিন। ফ্যাশনের ক্ষেত্রে মনে রাখবেন চোখের শান্তিটা সবচেয়ে বড়। আপনার চোখে যেটি দেখতে ভালো লাগবে, শান্তি লাগবে, তা কিন্তু অন্যদের চোখেও ভালো লাগবে। তাই মেলানোর সময় আয়নার দিকে তাকিয়ে নিজেকে একবার দেখে নিতে ভুল করবেন না যেন।নতুন রূপে নতুনভাবেসাধারণ স্কার্ফ বা ওড়না আপনি পরতে পারেন অসাধারণ করে। ফারজানা হালিম বলেন, স্কয়ার গলার টবসের সঙ্গে আপনি পরতে পারেন তিনকোনা স্কার্ফটি। আবার লম্বা ফতুয়ার সঙ্গে দুই পাশে ঝুলিয়ে দিতে পারেন ওড়না। সিল্কের ওড়না আড়াআড়ি করে বেঁধেও নিতে পারেন। রাস্তায় চলতে খোলা চুল ঝামেলা করলে ওড়নাটি দিয়ে চুলে একটা গিঁট দিয়ে সামনে নিয়ে আসুন। অথবা কাঠফাঁটা রোদের হাত থেকে রেহাই পেতে হলে মাথায় বেঁধে নিন। চোখে রোদচশমার সঙ্গে বেশ সুন্দর দেখাবে আপনাকে। বাঙালির উৎসব অনুষ্ঠান তো লেগেই থাকে, তাই না? সে ক্ষেত্রে এক কাজ করতে পারেন। টাঙ্গাইলের পাড় ওয়ালা বা মসলিনের নকশি করা দোপাট্টা গলায় ঝুলিয়ে নিয়ে আনতে পারেন বাঙালি ঐতিহ্যের ছোঁয়াও। বন্ধু-বান্ধবের সঙ্গে রাতে কোনো পার্টিতে একটু মাফলার স্টাইলে টবসের সঙ্গে তা বেঁধে নিন গলায়। অথবা গলার কাছে একটু ঢিলে গিঁট দিয়ে ফেলে রাখুন এক পাশে।দরদামপ্রবর্তনা, আড়ং, ওয়েসটেকসসহ বিভিন্ন মার্কেট ও শোরুম ঘুরতে ঘুরতে পেয়ে যেতে পারেন আপনার পছন্দের স্কার্ফটি। আপনার সুবিধার জন্য জানিয়ে দেয়া হলো এর দরদামটাও।সুতির স্কার্ফগুলো পাবেন ২০০-৩৫০, খাদির ওড়না ১৫০-৪০০, সিল্কের স্কার্ফ ৫৫০-৯৫০, সিল্ক ওড়না ৩৯৫-৭৯৫ টাকায়। হাফ সিল্কের ওড়না, স্কার্ফ ৩৫০-৫০০; গামছা ঘরানার স্কার্ফ ও ওড়না ৬৫০-৪০০; জুট কটন ১৫০-৩৫০ ও মসলিনের ৩৫০-৬৫০ টাকায়।