একটি সড়কের জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক যোগাযোগ খারাপ হওয়ায় ধানখেতের আইল দিয়ে চলাচল করেন গ্রামের বাসিন্দারা। খাগড়াছড়ি শহরের পুরোনো মহালছড়ি এলাকা থেকে তোলা l নীরব চৌধুরী
সড়ক যোগাযোগ খারাপ হওয়ায় ধানখেতের আইল দিয়ে চলাচল করেন গ্রামের বাসিন্দারা। খাগড়াছড়ি শহরের পুরোনো মহালছড়ি এলাকা থেকে তোলা l নীরব চৌধুরী

একটি সড়কের অভাবে খাগড়াছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ফুটবিল, কুমোদ রঞ্জন কার্বারিপাড়া ও দক্ষিণ গোলাবাড়ি চাকমাপাড়ার মানুষজন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই তিন গ্রামের মানুষজনের যাতায়াতের একমাত্র পথ পুরোনো খাগড়াছড়ি মহালছড়ি সড়ক। সড়কটি বর্তমানে চেঙ্গী নদীর ভাঙনের কবলে পড়ায় একরকম বিচ্ছিন্ন জীবন যাপন করছে এলাকার মানুষজন।
দুই কিলোমিটার দীর্ঘ সড়কটি ভেঙে যাওয়ায় কোনো যানবাহন ওই এলাকায় যেতে পারে না। ফলে গ্রামগুলোতে উৎপাদিত ফসল বিপণনের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এলাকার লোকজন জমির সংকীর্ণ আইলের ওপর দিয়ে চলাচল করে।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এই তিনটি গ্রামে ১২০টি পরিবারের বসবাস। গ্রামের বাসিন্দারা খাগড়াছড়ি-মহালছড়ি পুরোনো সড়ক দিয়ে খাগড়াছড়ি শহরে আসা–যাওয়া করত। কিন্তু সম্প্রতি এই সড়কের গোলাবাড়ি অংশে চেঙ্গী নদী ভাঙনের কারণে প্রায় দুই কিলোমিটার রাস্তা নদীগর্ভে চলে গেছে। সড়ক না থাকায় পৌরসভা কর্তৃপক্ষেরও ওই তিন গ্রামের প্রতি কোনো নজর নেই। এই তিনটি গ্রামের মানুষ নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা ও স্যানিটেশনের সুবিধা থেকেও বঞ্চিত।
সরেজমিনে দেখা যায়, এই তিন গ্রামের মানুষজন গোলাবাড়ি এলাকায় চেঙ্গী নদীর পার হয়ে যাতায়াত করছে। আর ফুটবিল ও কুমোদ রঞ্জন কার্বারিপাড়ার বাসিন্দারা জমির আইল দিয়ে চলাচল করে।
কুমোদ রঞ্জন কার্বারিপাড়ার গ্রামপ্রধান প্রিয়দর্শী চাকমা বলেন, ‘আমাদের এলাকার তিনটি গ্রাম পৌরসভার অন্তর্ভুক্ত হলেও নূ্যনতম নাগরিক সুবিধা নেই। এই এলাকার প্রধান সমস্যা রাস্তা না থাকা। এ কারণে অন্যান্য সুবিধা থেকেও আমরা বঞ্চিত। অথচ আমাদের নিয়মিত পৌরসভার কর দিতে হয়।’
দক্ষিণ গোলাবাড়ি এলাকার বাসিন্দা নিপুল চাকমা ও ফুটবিল এলাকার চানু বিকাশ চাকমা জানান, পৌরসভার ইচ্ছে থাকলে এই এলাকা উন্নয়ন করা সম্ভব।
খাগড়াছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুদুল হক স্বীকার করেন, রাস্তা না থাকায় ওই তিনটি গ্রাম অবহেলিত রয়ে গেছে। তিনি জানান, খাগড়াছড়ি-মহালছড়ি পুরোনো সড়কের যে অংশে রাস্তা ভেঙে গেছে, তার বিকল্প হিসেবে অন্যদিকে আরও একটি রাস্তা করা হচ্ছে। কয়েক বছর আগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ থেকে ওই রাস্তা নির্মাণের জন্য ছয় লাখ টাকা এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে ২০১৪-১৫ অর্থবছরে ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। পৌর কাউন্সিলর আরও জানান, এই এলাকা উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ জরুরি। তিনি পৌর কাউন্সিলের বৈঠকে বিষয়টি উত্থাপন করেছেন বলে জানান।