একটি সাধারণ পর্যালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় তাঁর এবারের বাজেটে প্রতিরক্ষা খাতে তিন হাজার ২০০ কোটি ডলার বরাদ্দ করেছেন, যা গতবারের তুলনায় ১০ শতাংশ বেশি। এই বৃদ্ধি মোটামুটি প্রত্যাশিত। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ২০০৯-১০ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছিল ৩৪ শতাংশ। প্রতিরক্ষা বরাদ্দ একবারে এতটা বাড়ানো সচরাচর দেখা যায় না। তবে এতটা বাড়ানো হলেও প্রতিরক্ষা খাতে ভারতের ব্যয় কখনোই মোট দেশজ উত্পাদনের (জিডিপি) আড়াই শতাংশ ছাড়িয়ে যায়নি। তবে এক হিসাবে দেখা গেছে, ভারতের গত বছরের প্রতিরক্ষা ব্যয় পাকিস্তানের মোট জাতীয় বাজেটেরও বেশি। এই ব্যয়ের হিসাবে ভারত বিশ্বে চতুর্থ।রেডিফের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের দুই বড় প্রতিবেশী চীন ও পাকিস্তানের প্রতিরক্ষা ব্যয় তাদের জিডিপির যথাক্রমে ৭ ও ৫ শতাংশ। তাই ভারতেও এই ব্যয় জিডিপির ৩ শতাংশে নিয়ে যাওয়ার জন্য সরকারের ওপর চাপ আছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সংশ্লিষ্ট মহলকে এই বলে আশ্বস্ত করতে হয়েছে যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কয়েক বছর ৮ শতাংশ অব্যাহত থাকলে প্রতিরক্ষা খাতে জিডিপির ৩ শতাংশ বরাদ্দ করতে সরকারের কোনো অসুবিধা হবে না।ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পর ১৩ লাখেরও বেশি সদস্যের ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য বরাদ্দ বাড়ানো ছিল একেবারেই সাধারণ বিষয়। এর ওপর আছে আধুনিকীকরণের চাপ ও প্রয়োজনীয়তা। ভারতীয় বিশেষজ্ঞরা দাবি করেন, তাঁদের দেশের ভৌগলিক অবস্থান বড় অদ্ভুত। পাশে দুই বড় প্রতিবেশী (চীন ও পাকিস্তান) তো আছেই, যাদের সামরিক শক্তি অবহেলা করার নয়। এমনকি অন্য ছোট প্রতিবেশীদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা না থাকলেও সীমান্ত খুব একটা নিরাপদ নয়। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক ও আস্থার অভাবের জন্য কে দায়ী—এ বিতর্কে না জড়িয়ে বলা যায়, ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতি এই অনাস্থাকে ঘিরেই। তার ওপর দক্ষিণ এশিয়া বা এশিয়ার ‘সুপার পাওয়ার’ হওয়ার অদম্য আকাঙ্ক্ষা ১১০ কোটি জনসংখ্যার দেশটির তো আছেই।কিন্তু ভারতের এই আকাঙ্ক্ষা পূরণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আদ্যিকালের অস্ত্রশস্ত্র। ভারতের একটি প্রতিরক্ষাবিষয়ক সাময়িকীতে বলা হয়েছে, ভারতীয় সশস্ত্র বাহিনীর ৭০ শতাংশের বেশি সরঞ্জামের বয়স ২০ বছর ছাড়িয়ে গেছে। এগুলো অবিলম্বে বদলানো দরকার। রেডিফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারতীয় সেনাবাহিনীর একেবারে সাধারণ মানের গোলন্দাজ বাহিনীও নেই, ফলে এই বাহিনীর সক্ষমতা নিয়ে কথা বলাটা অর্থহীন। দিনে দিনে বড় সামরিক শক্তি হয়ে ওঠার ভারতীয় দাবি খুব একটা গুরুত্বের সঙ্গে কেউ নেয় না। একই সঙ্গে ভারতের প্রতিকূলতাও দিন দিন বাড়ছে।’এ রকম একটা বক্তব্য ভারতের সমর-বিশেষজ্ঞদের মধ্যে জোরালো হচ্ছে। সে জন্য সামরিক বাহিনীর খোল নলচে বদলাতে সরকারের ওপর রয়েছে যথেষ্ট চাপ। এই চাপের কারণেই বদলানোর প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ১২ বছরে ভারত ব্যয় করবে ২০ হাজার কোটি ডলার। এর অধিকাংশই ব্যয় হবে অস্ত্র কেনায়। ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারত ছিল আন্তর্জাতিক অস্ত্রবাজারের সবচেয়ে বড় ক্রেতা। মোট বিক্রিত অস্ত্রের সাড়ে ৭ শতাংশ কিনত ভারত। বিগত বছরগুলোতে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি ও ইসরায়েলের কাছ সাধারণ বন্দুক থেকে জঙ্গি বিমান পর্যন্ত সবই কিনেছে দেশটি। এই মুহূর্তে অন্তর্জাতিক অস্ত্রবাজারের অন্যতম আকর্ষণীয় ক্রেতা ভারত। ফলে অস্ত্রবিক্রেতা পশ্চিমা দেশগুলো নয়াদিল্লির এই অস্ত্র কেনায় বাধা হবে—এমন কোনো সম্ভাবনা সুদূর পরাহত। বিক্রেতার তালিকায় নতুন যোগ হয়েছে যুক্তরাষ্ট্র। ওবামা প্রশাসন কোনোভাবেই এই দৌড়ে পিছিয়ে থাকতে চায় না। তাই বুশ-জমানার ধারাবাহিকতা রক্ষায় কিছু দিন আগে নয়াদিল্লি ঘুরে গেছেন ওবামার প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িং এরই মধ্যে বড় অঙ্কের কাজ পেয়েছে। ভবিষ্যতে অন্য প্রতিষ্ঠানগুলোও পাবে। মিগ-২৯ আধুনিকীকরণের জন্য রাশিয়ার এয়ার ক্রাফট করপোরেশন প্রায় ১০০ কোটি ডলারের কাজ পেয়েছে। বিমানবাহিনীর বহরে বিপুলসংখ্যক নতুন অত্যাধুনিক জঙ্গি বিমান কেনার জন্য এক হাজার ১০০ কোটি ডলারের বেশি ব্যয় করবে ভারত। এই বরাদ্দ কে পাবে, তা নিয়ে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে দেশি প্রস্তুতকারকদের উত্সাহ দিতে চায় ভারত সরকার। ১০০ ভাগ বেসরকারি মালিকানাধীন ভারতীয় প্রতিষ্ঠান প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কাজ করতে পারবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। এ ধরনের প্রতিষ্ঠানে বিদেশি বিনিয়োগ থাকতে পারবে সর্বোচ্চ ২৬ শতাংশ। ফলে প্রতিরক্ষার ব্যাপারে ভারত একাই যে অর্থ ব্যয় করবে, তার একাংশ ধরতে ভারতীয় ও বিদেশি ব্যবসায়ীরা ঝাঁপিয়ে পড়বেন—এটাই স্বাভাবিক।কিন্তু এত সবের পরেও আলোর নিচে অন্ধকারের মতো একটা নির্মম সত্য ব্যঙ্গ করছে আধুনিক শক্তিশালী ভারতকে। প্রতিরক্ষা খাতে যেখানে জিডিপির আড়াই শতাংশ বরাদ্দ করা হয়েছে, সেখানে ১১০ কোটি মানুষের জন্য সামাজিক খাতে বরাদ্দ হয় মাত্র ১ দশমিক ৭৪ শতাংশ। যে দেশ ইউএনডিপির মানব উন্নয়ন সূচকে ১৮২-এর মধ্যে ১৩৪তম স্থানে, যে দেশের অর্ধেক মানুষ পুষ্টিহীনতায় ভোগে, সে দেশের জন্য বন্দুক আগে, না খাদ্য আগে—সে প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে। ভারতের কন্ট্রোল আর্মস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বীণালক্ষ্মী নেপ্রামের প্রশ্ন, ‘যেখানে দারিদ্র্যের কারণে মানুষ মরে, যেখানে পয়োনিষ্কাশনের ব্যবস্থা নেই, সেখানে অস্ত্র মানুষকে কী নিরাপত্তা দেবে।’ এই প্রশ্নের উত্তর ভারতের রাজনীতিক, নীতিনির্ধারক ও ক্ষমতাশালীদের দিতেই হবে।