একটি সি-ওয়ার্ল্ড বদলে দিতে পারে কক্সবাজারের চেহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বচ্ছ কাচে তৈরি বিশাল অ্যাকুরিয়াম। অ্যাকুরিয়ামের ভেতরে যেতে হয় সুড়ঙ্গের আদলে তৈরি আঁকাবাঁকা পথে। ওখানে হরেক রকমের সামুদ্রিক মাছ। সমুদ্রে যা আছে—এককথায় এ অ্যাকুরিয়ামেও তা-ই রয়েছে। বলা যায়, মাছের রাজ্য—সি-ওয়ার্ল্ড। বৈদ্যুতিক আলোয় অ্যাকুরিয়ামের ভেতরের প্রাণীগুলোর দৌড়ঝাঁপ যেকোনো মানুষকে আকৃষ্ট করে। এ ধরনের একটি অ্যাকুরিয়াম বা মাছের রাজ্য (সি-ওয়ার্ল্ড) কক্সবাজার সমুদ্রসৈকতেও তৈরি করা যেতে পারে। একটি অ্যাকুরিয়াম বদলে দিতে পারে কক্সবাজারের চেহারা। এর জন্য প্রয়োজন শুধু উদ্যোগ আর আন্তরিকতা। সরকারিভাবে এ রকম একটি সি-ওয়ার্ল্ড তৈরির পরিকল্পনা নিলে বহু উদ্যোক্তা এগিয়ে আসতে পারেন। তখন এ সি-ওয়ার্ল্ভ্র থেকেই বিপুল পরিমাণ রাজস্ব সরকারি কোষাগারে জমার সুযোগ সৃষ্টি হতো। ধরুন, অ্যাকুরিয়ামের ভেতর আপনি দাঁড়িয়ে আছেন। দেখবেন, আপনার চারদিকে এসব প্রাণী দৌড়ঝাঁপ করছে। হাতের কাছে, মাথার ওপর—চারদিকে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা লিফটে চড়ে কিংবা হেঁটে হেঁটে এসব মন ভরে দেখলেন। তুলছেন ছবি। মনে হবে, আপনি সমুদ্রের তলদেশে নেমে এ প্রাণিকুলের সঙ্গে খেলছেন। মুহূর্তেই আপনার মনটা ভরে যাবে। এই হচ্ছে সামুদ্রিক মাছের রাজ্য ‘সি-ওয়ার্ল্ড ইন্দোনেশিয়ার’ সংক্ষিপ্ত বর্ণনা।ইন্দোনেশিয়া ভ্রমণে গিয়ে জায়া সমুদ্রসৈকতের পাশে তৈরি সি-ওয়ার্ল্ড দেখার সুযোগ হলো। চোখে না দেখলে প্রায় ২৫ বছর আগে তৈরি পৃথিবীর অন্যতম বিখ্যাত এ অ্যাকুরিয়ামের সৌন্দর্য লিখে প্রকাশ করা কঠিন। প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ জায়া সৈকত দেখতে অনেকটা শান্ত নদীর মতো। এই নদীতে কোনো ঢেউ নেই। অথচ ঢেউবিহীন এ সৈকতকে সাজানো হয়েছে আকর্ষণীয় ভাবে। এ সৈকতের কোথাও বালুচর নেই। সৈকতের তীরে বড় বড় পাথর ফেলে সাজানো হয়েছে আকর্ষণীয়ভাবে।অথচ আমাদের কক্সবাজার সমুদ্রসৈকতের সঙ্গে এই জায়া সৈকতের কোনো তুলনা চলে না। বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকত সোনালি বালুতে ভরপুর। সৈকতে নির্জন ঝাউবিথি, বালুচরে রাজকাঁকড়ার দৌড়ঝাঁপ, হরেক রকমের জলজপাখির মেলা আর কিচিরমিচির আওয়াজ, সাগরে মাছ ধরে ফিরে আসা ট্রলারের লাইন, পাহাড়ে মনোমুগ্ধকর প্রাকৃতিক জলাধার, হাজার মাইল সাগরপথ পাড়ি দিয়ে আসা কচ্ছপের ডিম পাড়ার দুর্লভ দৃশ্য আর কোন সৈকতে আছে?এসবের কিছুই নেই ইন্দোনেশিয়ার জায়া সৈকতে। তবুও হাজার হাজার বিদেশি পর্যটক এই সৈকতে ভিড় জমাচ্ছেন। ছোট্ট একটি সৈকতকে কাজে লাগিয়ে ইন্দোনেশিয়া সরকার একদিকে যেমন লাখো ডলার আয় করছে তেমনি বিশ্বের দরবারে নিজেদের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সক্ষম হচ্ছে। আমাদের অফুরান সম্ভাবনা থাকার পরও ইচ্ছা আর উদ্যোগ নেই বলে আমরা পিছিয়ে রয়েছি। গত এক দশকে আমরা বিশ্বের দীর্ঘতম এবং আকর্ষণীয় এই কক্সবাজার সৈকতকে ইটপাথরের শত শত ভবন তুলে একটি উন্নতমানের বস্তিতে পরিণত করেছি। এখনো প্রাকৃতিক ও দর্শনীয় স্থানগুলো ধ্বংস করে হোটেল মোটেল আর আকাশছোঁয়া দালান তৈরির প্রতিযোগিতা চালাচ্ছি। পর্যটন মৌসুমের বিশেষ দিনে দৈনিক লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটে এই সৈকতে। হোটেল মোটেলগুলো গলাকাটা ব্যবসা ছাড়া পর্যটকের বিনোদনের জন্য কী এমন ব্যবস্থা রেখেছে? সকাল-বিকেল সমুদ্রসৈকতে নামা আর দু-একটি দর্শনীয় স্থান পরিদর্শন ছাড়া বিনোদনের কী আছে এই সৈকতে? যে সরকার ক্ষমতায় আসে সে সরকার পর্যটনশিল্পের উন্নয়নের কথা বলে। গত ৩৯ বছর ধরে আমরা বিভিন্ন সরকারের মহাপরিকল্পনার কথাই শুনে আসছি। ইন্দোনেশিয়ার সি-ওয়ার্ল্ডের দুর্লভ দৃশ্য দেখে সফর-সঙ্গী অ্যাডভোকেট আয়াছুর রহমান বললেন, ‘সমুদ্রের তীরে (কক্সবাজার) ৪৫ বছর কাটিয়ে দিলাম। সামুদ্রিক মাছ খেয়ে আমরা বেঁচে আছি। অথচ এই জীবনে কোনো দিন জীবন্ত হাঙর, মাইট্যা, গুইজ্যা, রুপচাঁদাসহ অন্যান্য সামুদ্রিক প্রাণী দেখার সুযোগ হয়নি। কক্সবাজার সৈকতেও এ রকম জীবন্ত সামুদ্রিক মাছের অ্যাকুরিয়াম গড়ে তুলে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা যায়। এই সৈকতের মতো কক্সবাজার সৈকতেও পর্যটকদের কয়েকদিন ধরে রাখার নানা বিনোদন ক্ষেত্র তৈরি করা যায়। আমাদের দেশের অনেক মন্ত্রী, সাংসদ, আমলা বিদেশভ্রমণ করেন। এসব দেখার সুযোগ পান তাঁরা। কিন্তু তাঁরা দেশে ফিরে এসব কাজে লাগানোর কোনো উদ্যোগ নেন না। এটাই আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়।’ সমুদ্রের তলদেশে অ্যাকুরিয়ামের মাধ্যমে জীবন্ত প্রাণীগুলো দেখা পর্যটকদের জন্য রীতিমতো রোমাঞ্চকর। অন্য রকম অভিজ্ঞতা। বিভিন্ন সুযোগ-সুবিধার কারণে জায়া সৈকত পর্যটকের কাছে বিখ্যাত হয়ে আছে। ইন্দোনেশিয়ায় বালি সৈকতের পর জায়া সৈকতের স্থান। সৈকতের ব্যবস্থাপনা থেকে সবকিছুর দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে। তারাই এখানে অর্থায়ন করছে। নিরাপত্তার দায়িত্বও তারা পালন করেন। এখান থেকেও বিপুল অঙ্কের রাজস্ব আয় করছে ইন্দোনেশিয়া সরকার। অথচ অফুরান সম্ভাবনার কক্সবাজার সৈকতকে আমরা কাজে লাগাতে পারছি না।