একটি সেতু বদলে দেবে তিন উপজেলার মানুষের ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালদা নদীর ওপর একটি সেতু বদলে দিতে পারে ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান উপজেলার সাত ইউনিয়নের লক্ষাধিক মানুষের ভাগ্য। সেতুটি হলে এলাকায় যোগাযোগব্যবস্থার যেমন উন্নয়ন ঘটবে, তেমনি ঘটবে ব্যবসা-বাণিজ্যের প্রসার। এ ছাড়া, এক উপজেলার উৎপাদিত কৃষিপণ্য সহজে অন্য উপজেলায় বিপণনের মাধ্যমে লাভবান হবেন কৃষকেরা।ইউনিয়নগুলো হলো ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট, জাফতনগর, আবদুল্লাহপুর, ফতেপুর, হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া, গুমানমর্দন ও রাউজান উপজেলার নোয়াজিশপুর।রাউজান কলেজের ছাত্র জাকারিয়া সিকদার বলেন, একটি সেতু তিন উপজেলার সাত ইউনিয়নের লোকজনকে আধুনিক সভ্যতা থেকে অনেক পিছিয়ে রেখেছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এখানে একটি সেতু প্রত্যাশা করলেও কোনো সরকারই তা আমলে নিচ্ছে না। স্থানীয় লোকজন জানান, সাত ইউনিয়নের অন্তত লক্ষাধিক মানুষের এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যোগাযোগের একমাত্র পথ হাটহাজারীর লাঙ্গলমোড়া বাজারসংলগ্ন হালদা নদীর ওপর নির্মিত কান্নহাট সাঁকো। সাঁকোটির অবস্থান সমিতির হাট, নোয়াজিশপুর ও লাঙ্গলমোড়া—এই তিন ইউনিয়নের মিলনকেন্দ্রে।জানা যায়, পাকিস্তান আমলে স্থানীয় দানশীল ব্যক্তি মুহাম্মদ কানু চৌধুরী এলাকাবাসীর নদী পারাপারের সুবিধার জন্য একটি বাঁশের সাঁকো তৈরি করে দেন। সাঁকোসংলগ্ন হাটটি তাঁর নামানুসারে কান্নহাট এবং সাঁকোটি কান্নহাট ঘাট নামে পরিচিত। কিন্তু প্রতিবছর বর্ষা মৌসুমে খালে পানির প্রবাহ বেড়ে গেলে সাঁকোটি নড়বড়ে হয়ে পড়ে। তাই তিন-চার মাস ধরে এলাকাবাসীকে নৌকায় করে খাল পার হতে হয়। তবে উভয় ঘাটেই জনপ্রতি দুই টাকা এবং মোটরসাইকেলসহ পাঁচ টাকা টোল দিতে হয়।ফটিকছড়ি উপজেলার সমিতির হাট ইউনিয়নের নিচিন্তাপুর গ্রামের বাসিন্দা নুরুল কবির বলেন, এই ইউনিয়নে চাহিদার প্রায় দ্বিগুণ মৌসুমি ফসল উৎপাদন হয়। এসব ফসল হাটহাজারী সদরে নিয়ে বাজারজাত করা গেলে কৃষকেরা উপকৃত হতেন। কিন্তু যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় গ্রামের ভেতরেই অর্ধেক দামে এসব ফসল বেচে দিতে হয়। এ ছাড়া, অনেক ফসল এমনিতেই নষ্ট হয়ে যায়। তাঁর মতে, সাঁকোটির জায়গায় পাকা সেতু হলে এসব শাকসবজি হাটহাজারী ও রাউজানের বিভিন্ন বাজারে নিয়ে উপযুক্ত দামে বিক্রি করা যেত।আবদুল্লাহপুর ইউনিয়নের জাফতনগর গ্রামের কলেজ শিক্ষার্থী আলী আকবর বলেন, এখানে সেতু হলে রাউজানের হলদিয়া রাবার বাগান থেকে শুরু করে হাটহাজারীর সরকারহাট দিয়ে চট্টগ্রাম শহরে যাতায়াত খুবই সহজ হবে। এতে এলাকার লোকজন অর্থ ও সময়ের অপচয় থেকেও রক্ষা পাবে। নোয়াজিশপুর ইউনিয়নের বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মশিউর রহমান বলেন, এই এলাকার অনেক শিক্ষার্থী কান্নহাট সাঁকো দিয়ে হাটহাজারী কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করেন। কিন্তু সেতুসহ যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় সবার দুর্গতির যেন শেষ নেই। সেতুটি হলে রাস্তাঘাটেরও উন্নয়ন হতো। এতে এলাকার মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসত।ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত বলেন, এখানে সেতু তৈরির জন্য প্রকল্পের প্রস্তাব তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে।হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন বলেন, ফটিকছড়ি ও রাউজান উপজেলার চেয়ারুম্যানদের সঙ্গে আলাপ করে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বলেন, ‘নির্বাচনী অঙ্গীকার পূরণের চেষ্টা করছি। তৃণমূল পর্যায়ে যথেষ্ট কাজ হয়েছে। কান্নহাটে হালদায় স্বপ্নের সেই সেতু হবেই।’