একটি সেতুর কারণে অর্ধলাখ মানুষের দুর্ভোগ
আনোয়ারার মুরালী-ছত্তারহাট সড়কের ইন্দ্রপুল (সেতু) বন্ধ থাকার কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে ১৫ মাস ধরে বড় যান চলাচল করছে না। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে পূর্ব আনোয়ারার অন্তত অর্ধলাখের বেশি মানুষকে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ক্ষতিগ্রস্ত সেতুর গোড়ায় বেইলি সেতু বসানোর কথা বললেও তা কবে হচ্ছে তা জানা যায়নি।সরেজমিনে চোখে পড়ে, আনোয়ারার মুরালী-ছত্তারহাট রুটের ইন্দ্র ঠাকুরপুল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এ রুট দিয়ে বড় যান চলাচল বন্ধ আছে। এ পুলটির কাছের দুটি কালভার্ট মেরামত হলেও ইন্দ্রপুলের মেরামত হয়নি। এ কারণে আট কিলোমিটার দূরের বিকল্প সড়ক দিয়ে যান চলাচল করছে। এতে পথচারীদের সময় ও অর্থের অপচয় ঘটছে। স্থানীয় বাসিন্দারা জানান, পূর্ব আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল, দেওতলা, পরৈকোড়া, মাহাতাসহ বিভিন্ন গ্রামের অন্তত অর্ধ লাখের বেশি বাসিন্দা দুর্ভোগে পড়েছেন।স্থানীয় সূত্র আরও জানায়, এ রুটের মুরালীঘাট পার হয়ে চন্দনাইশ উপজেলার অনেকেই আনোয়ারার ওপর দিয়ে চট্টগ্রামে যাতায়াত করতেন। বর্তমানে রুটটি দিয়ে বড় যান না চলায় কষ্ট পাচ্ছেন তাঁরাও। পিএবি যানবাহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন চৌধুরী জানান, ইন্দ্র ঠাকুরের পুলটি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এলাকাবাসীকে আট কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান আখতার জামাল চৌধুরী বলেন, সেতুটি দ্রুত মেরামতের উদ্যোগ না নিলে এলাকাবাসীর দুর্ভোগ কমবে না।সড়ক ও জনপথ বিভাগের (সওজ) আনোয়ারায় কর্মরত কার্যসহকারী বলদেব চাকমা জানান, ক্ষতিগ্রস্ত ইন্দ্র ঠাকুরের পুলের গোড়ায় একটি ১২০ ফুট লম্বা বেইলি সেতু বসানোর প্রস্তাবনা আছে। অনুমোদন পেলেই বসানো হবে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ কামরুল আহসান জানান, ইন্দ্র ঠাকুরের পুলের পাশে শিগগিরই একটি বেইলি সেতু বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।