একটি সেতুর জন্য অর্ধ লক্ষাধিক মানুষের ভোগান্তি
পটিয়া উপজেলার পাচুরিয়া-ধলঘাট-কেলিশহর ছালেহ আহমদ চৌধুরী সংযোগ-সড়কের বেইলি সেতুটি যেন থেকেও নেই। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় আশপাশের পাঁচ ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষকে বিভিন্ন স্থানে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী জানান, প্রায় তিন বছর আগে অতিবৃষ্টির সময় এ সড়কের ধলঘাট এলাকায় চাঁনখালী খালের ওপর স্থাপিত চন্দ কালারপোল বেইলি সেতুটি ধসে পড়ে। মাস খানেক পর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) স্থানীয় কর্তৃপক্ষ নৌচলাচল ও মানুষের যাতায়াতের সুবিধার জন্য সেতুটি মূল সড়ক থেকে সরিয়ে প্রায় ২০ ফুট দক্ষিণে খালের বাঁধের ওপর স্থাপন করে। এতে হেঁটে সেতু পার হওয়া গেলেও যানবাহন চলাচল করতে না পারায় এলাকাবাসীর দুর্ভোগ কমেনি। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি ধলঘাট স্কুল অ্যান্ড কলেজ, হুলাইন ছালেহ নূর কলেজ, মুকুটনাইট ও হাবিলাসদ্বীপ উচ্চবিদ্যালয় এবং ধলঘাট ইউনিয়ন পরিষদের সেবা নিতে যাতায়াতের একমাত্র মাধ্যম। আগে সেতুটির ওপর দিয়ে ধলঘাট, হাবিলাসদ্বীপ, কেলিশহর, দক্ষিণ ভূর্ষি ও বোয়ালখালী উপজেলার আহল্লা (একাংশ) ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ বিভিন্ন যানবাহনে করে শহরে যাতায়াত করতেন। সেতুটি ধসে পড়ার পর থেকে এসব এলাকার মানুষকে প্রায় ১০ কিলোমিটার পথ ঘুরে পটিয়া সদর হয়ে চট্টগ্রাম শহরে যাতায়াত করতে হচ্ছে। সেতুটি পুনরায় সড়কের সঙ্গে যুক্ত করে নির্মিত হলে এলাকার মানুষ বিভিন্ন এলাকায় যাতায়াতের ক্ষেত্রে সময়, অর্থ ও দুর্ভোগ থেকে রক্ষা পেতেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাঁচুরিয়া থেকে ধলঘাট হয়ে কেলিশহর পর্যন্ত সড়কটির অবস্থা মোটামুটি ভালো। শুধু সেতুটির কারণেই মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনসাধারণের হাঁটাচলার জন্য মূল সড়ক থেকে সেতু পর্যন্ত দুদিকে আইলের মতো করে সরু রাস্তা করে দেওয়া হয়েছে। এই আইল পেরিয়ে সেতু পার হতে পথচারীদের ভীষণ কষ্ট হচ্ছে। ধলঘাটের বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পঙ্কজ চক্রবর্তী বলেন, বেইলি সেতুটি ধসে পড়ার পর যেভাবে স্থাপন করা হয়েছে তা জনসাধারণের কোনো কাজে আসছে না। ফলে ধলঘাট ইউনিয়ন পরিষদের সেবা নিতে আসা সাধারণ মানুষসহ স্কুল-কলেজে পড়ুয়া শত শত শিক্ষার্থীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতুটি দ্রুত নির্মাণ হলে এসব এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হতো বলে তিনি মন্তব্য করেন। ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালামত উল্লাহ মল্ল বলেন, সেতুটির কারণে শুধু ধলঘাট ছাড়াও পার্শ্ববর্তী কেলিশহর, দক্ষিণ ভূর্ষি ও আহল্লা এলাকার মানুষকেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে সওজ কর্তৃপক্ষ ধলঘাট চাঁনখালী খালের চন্দ কালারপোলের ওপর বেইলি সেতুটি নির্মাণ করে। ২০০৫ সালের পর সওজ কর্তৃপক্ষ এ সড়কটি স্থানীয় সরকার বিভাগকে (এলজিইডি) হস্তান্তর করে। সেই থেকে সেতুটিও এলজিইডির আওতায় চলে আসে।এই ব্যাপারে যোগাযোগ করা হলে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের পটিয়া উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, দুই দিকে সংযোগ-সড়কের ব্যবস্থাসহ চন্দ কালারপোল সেতুটি নির্মাণের জন্য প্রায় পাঁচ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলেই সেতুটির নির্মাণকাজ শুরু করা হবে।