একটি সেতুর জন্য ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

সড়কপথে খাগড়াছড়ির দীঘিনালার সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। তবে দীঘিনালা উপজেলার মেরুং বাজারের পাশে মাইনী নদীর ওপর একটি সেতু নির্মিত হলে দূরত্ব অর্ধেক কমে যাবে। এতে দুই উপজেলার যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। এ কারণে এই দুই উপজেলার বাসিন্দাদের দাবি মাইনী নদীর ওপর একটি সেতু।
দীঘিনালার মেরুং ইউনিয়নের হাজাছড়া এলাকার অবস্থান মাইনী নদীর পূর্ব পাড়ে। বাঘাইছড়ি উপজেলার কাছাকাছি হলেও এই এলাকার মানুষজনকে নানা প্রয়োজনে দীঘিনালা সদর ও মেরুং বাজারে আসতে হয়। সেতুটি নির্মিত হলে হাজাছড়ার ১২টি গ্রামের বাসিন্দারা আর্থিকভাবে লাভবান হবেন। মাইনী নদীর ওপর সেতু না থাকায় বর্ষা মৌসুমে এই ১২টি গ্রামের মানুষজন এক রকম বিচ্ছিন্ন জীবন-যাপন করেন। খেতে উত্পাদিত ফসল বিক্রির জন্য এসব গ্রামের বাসিন্দাদের ৫০ কিলোমিটার পথ ঘুরে মেরুং আসতে হয়।
দীঘিনালা উপজেলার এক নম্বর মেরুং ইউনিয়নের হাজাছড়া এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাজাছড়া, ছোট হাজাছড়া, চার কিলোমিটার, সুরেশ কার্বারিপাড়া, বীরবাহু হেডম্যানপাড়া, অঙ্গদা মাস্টারপাড়া, বাবুন্যা কার্বারিপাড়া, অনিন্দ কার্বারিপাড়া, নেত্রজয় কার্বারিপাড়া, ছকাবা ছড়া, ধন্যামাছড়া, জয়ন্ত কার্বারিপাড়াসহ ১২টি গ্রামের মানুষের একমাত্র দুর্ভোগ যোগাযোগব্যবস্থা। নদীর ওপর সেতু না থাকায় গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নয়ন হচ্ছে না। নদীতে বাঁশের তৈরি সাঁকো পাড়ি দিয়ে মানুষকে বাজারে আসতে হয়। বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে মাইনী নদী পার হয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের।
হেডম্যানপাড়া এলাকার তুলশী রাণী চাকমা দুঃখ করে বলেন, নির্বাচন এলে প্রার্থীরা আমাদের এ সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে আমাদের দুর্ভোগের খবর আর কেউ রাখে না। সেতু না থাকায় জমিতে উত্পাদিত কৃষি পণ্যের ন্যায্যমূল্য পাই না আমরা। পরিবহনের অজুহাত দেখিয়ে আমাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করা হয়। সেতুটি হলে আমরা ফসলের ন্যায্য মূল্য পাব।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ১২টি গ্রামে কয়েক হাজার পরিবারের বসবাস। এখানে সরকারি, বেসরকারি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে পাঁচটি। দেড় শ হেক্টরের মতো চাষাবাদের জমি রয়েছে। একটি সেতু না থাকায় ১২টি গ্রাম অন্ধকারে ডুবে আছে।
মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, মেরুং বাজারের পাশে মাইনী নদীর ওপর সেতুটি নির্মাণ করা হলে শুধু বাঘাইছড়ি উপজেলার সঙ্গে দীঘিনালার যোগাযোগ সহজ হবে। বর্তমানে দীঘিনালা উপজেলার সঙ্গে বাঘাইছড়ির সড়ক দূরত্ব ৪০ কিলোমিটার। সড়কের দুই পাশে বসতি থাকায় মানুষের চলাচলে ঝুঁকিও থাকবে না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী প্রশান্ত কুমার হালদার বলেন, শুনেছি মেরুং বাজারের পাশে মাইনী নদীতে একটি সেতু হলে বাঘাইছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ সহজ হবে। সেতুটি নির্মাণ করার জন্য এলজিইডির প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।