একটি সেতুর জন্য...
কাঞ্চন, জাকারিয়া ও সাহেদা—তিনজনই রোসাংগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। তাদের বাড়ি হালদা নদীর ওপারের বংশাল গ্রামে। প্রতিদিন নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে নদী পার হয়ে তাদের এপারের বিদ্যালয়ে আসতে হয়। গ্রীষ্মে আসতে অসুবিধা না হলেও বর্ষায় নদীতে পানি বাড়লে বিদ্যালয়ে আসা হয় না। শুধু তারা নয়, ফটিকছড়ির রোসাংগিরি ইউনিয়নের দুই গ্রাম ও হাটহাজারীর ফরহাদাবাদের তিন গ্রামের মানুষের উপজেলা সদর, ডাকঘর, হাটবাজার, বিদ্যালয় ও কলেজে আসার একমাত্র মাধ্যম এ বাঁশের সাঁকো। তা-ও শুধু শুষ্ক মৌসুমে। বর্ষায় সাঁকোটি উঠিয়ে ফেলা হয়। তখন পারাপার চলে নৌকা দিয়ে। গ্রামবাসীর অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা একাধিকবার রোসাংগিরির শীলেরহাট ও ফরহাদাবাদের বংশাল গ্রামের মাঝামাঝি স্থানে একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি।রোসাংগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আজিম উদ্দিন বলেন, ‘এখানে একটি সেতু নির্মাণ খুব জরুরি। বর্ষায় উজান থেকে যখন পাহাড়ি ঢল নেমে আসে তখন নদী ফুলে-ফেঁপে ওঠে। শিশুরা ভয়ে সাঁকো পার হয় না। ওই সময়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকে।’রোসাংগিরি গ্রামের ব্যবসায়ী শম্ভূ কুমার শীল বলেন, ‘নির্বাচন এলে সবাই এখানে সেতু করে দেওয়ার মিষ্টি মিষ্টি কথা বলেন। পরে তারা সব ভুলে যান।’ বংশাল গ্রামের জালাল উদ্দিন বলেন, ‘একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। এ ছাড়া গ্রামের অভ্যন্তরীণ রাস্তাঘাটের অবস্থাও ভালো নয়। উন্নয়নের ছোঁয়া এখানে লাগেনি।’ তিনি বলেন, শীলের হাট ও বংশাল গ্রামের মাঝখানে হালদা নদীর ওপর একটি সেতু হলে লোকজনের দুর্ভোগ লাঘবের পাশাপাশি উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ সহজ হবে। এখন প্রায় দু-তিন কিলোমিটার জায়গা ঘুরে হাটহাজারী উপজেলা সদর এবং চট্টগ্রাম শহরে যাতায়াত করতে হয়। রোসাংগিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম তালুকদার বলেন, ‘শীলের হাট এলাকা থেকে দুই কিলোমিটার দূরে নাজিরহাট বাজারসংলগ্ন হালদা নদীর ওপর একটি সেতু আছে। তবে শীলেরহাট ও বংশাল গ্রামের মাঝামাঝি স্থানে সেতু নির্মাণের দাবিটি অবশ্যই যৌক্তিক।’ ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস মিয়া তালুকদার বলেন, ‘স্বাধীনতার পর থেকে এখানে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিল। এ ব্যাপারে লিখিতভাবেও জানানো হয়েছে। তার পরও কাজ হচ্ছে না। আর মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।’উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত বলেন, ‘প্রস্তাব পেলে সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় লোকজনের চাহিদার পরিপ্রেক্ষিতে এখানে সেতু নির্মাণে প্রয়োজনীয় বরাদ্দের জন্য প্রস্তাব দেওয়া হবে।’