একটি সেতুর জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার হাঙ্গর খালের ওপর একটি সেতুর অভাবে তিন ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। উপজেলার ছদাহা ইউনিয়নের বনামুড়া এলাকায় একটি সেতু নির্মাণ করে দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। জানা যায়, উপজেলা সদরসহ আশপাশের এলাকাগুলোর সঙ্গে বাজালিয়া, ছদাহা ও কেঁওচিয়া ইউনিয়নের ছয় গ্রামের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছদাহা খোর্দ্দ কেওচিয়া সড়ক। এ সড়কের ওপর দিয়ে হাঙ্গর খালের দুই পার থেকে যাতায়াত করে ছদাহা কেকে উচ্চবিদ্যালয়, সাতকানিয়া সরকারি কলেজ, জাফর আহমদ চৌধুরী কলেজ ও বাজালিয়া হেদায়েতুল উলুম সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। তা ছাড়া, হাঙ্গর খালের পূর্ব পারের চরের জমিতে উৎপাদিত নানা জাতের মৌসুমি সবজি উপজেলার বিভিন্ন বাজারে বিক্রির জন্য এ সড়ক দিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেতু না থাকায় কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য সময়মতো বাজারে নিয়ে যেতে না পারায় গ্রামেই কম দামে বিক্রি করতে বাধ্য হন। বনামুড়া এলাকার বাসিন্দা জসীম উদ্দিন জানান, ‘হাঙ্গর খালের ওপর সেতু না থাকায় বিশেষ করে বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীকে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া দুরূহ হয়ে পড়ে।’ ছদাহা ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুল হক বলেন, ‘তিন বছর আগে এলাকাবাসী নিজ উদ্যোগে এক লাখ টাকা চাঁদা তুলে একটি বাঁশের সেতু নির্মাণ করেছিল। কিন্তু প্রথম বছরেই পাহাড়ি ঢলের স্রোতে সেতুটি ভেসে যায়। এর পর থেকে প্রতি বর্ষা মৌসুমে এলাকাবাসীর খাল পারাপারে একমাত্র অবলম্বন হয়ে ওঠে নৌকা।’ সরেজমিনে গিয়ে দেখা গেছে, ছদাহা খোর্দ্দ কেঁওচিয়া গ্রামের তিন কিলোমিটার কাঁচা সড়কের ওপর দিয়ে বয়ে গেছে হাঙ্গর খাল। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত আর ধুলাবালিতে একাকার। খালের ওপর বালু ও ইট দিয়ে নড়বড়ে কালভার্ট তৈরি করে কোনো রকমে চলাচল করছে এলাকার মানুষ। বাজালিয়া ইউনিয়নের বাসিন্দা চাকরিজীবী মো. মোরশেদ সিদ্দিকী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রতিবার জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীরা হাঙ্গর খালের ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর কেউ এলাকাবাসীর খোঁজ নেন না।’ ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোসাদ হোসেন চৌধুরী বলেন, ‘ছদাহা খোর্দ্দ কেঁওচিয়া এলাকায় হাঙ্গর খালের ওপর সেতু এবং ছদাহা বোমাংহাট-মাহালিয়া সড়ক নির্মাণ প্রকল্প মন্ত্রীর সুপারিশসহ স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে দাখিল করেছি। কিন্তু দেড় বছর ধরে অধিদপ্তরের বিভিন্ন শাখায় দেনদরবার করেও কোনো বরাদ্দ পাওয়া যায়নি।’ এ ব্যাপারে যোগাযোগ করা হলে, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন পারভেজ বলেন, ‘ছদাহা খোর্দ্দ কেঁওচিয়া বনামুড়া এলাকায় হাঙ্গর খালের ওপর সেতু নির্মাণের গুরুত্ব যথেষ্ট। এ ব্যাপারে একটি প্রকল্প ইতিমধ্যে সংশ্লিষ্ট অধিদপ্তরে দাখিল করা হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’