একটি স্কুল ড্রেসের জন্য
আমরা এখন ভাবতেই পারি, হাসান শেখ এত দিনে দর্জিবাড়ি গিয়ে স্কুলের পোশাক বানিয়ে ফেলেছে। নতুন পোশাকে স্কুলে গেছে। পিতৃহীন ছেলেটি নিজের রোজগারের টাকার কিছু অংশ মায়ের হাতেও তুলে দিতে পেরেছে। সেই টাকায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সংসারে। গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী পড়ুয়া ১৩ বছর বয়সী হাসানের এই সংগ্রামের কাহিনি পড়ে সত্যিই গর্বে ভরে ওঠে বুক। সংবাদটি প্রথম আলোর সারা দেশ পাতায় ছাপা হয়েছে ১৮ সেপ্টেম্বর। অভাবের সংসার বলে স্কুলের পোশাক তৈরির সামর্থ্য নেই হাসানদের। মা রাস্তার মাটি কাটেন এবং অভাবের কারণে স্কুলে ছেড়ে দেওয়া বড় ভাই আক্কাছ শেখ মানুষের বাড়িতে কাজ করে। রাজবাড়ীর পাংশা উপজেলার মদাপুর ইউনিয়নের বারোমল্লিকা গ্রামে ওদের বাড়ি। ঈদের আগে-পরে ফেরিঘাটে থাকে গাড়ির ভিড়। সেই সুযোগ কাজে লাগিয়েই হাসান চলে এসেছিল দৌলতদিয়া ঘাটে। গাড়ি মুছে স্কুলের পোশাকের টাকা সংগ্রহ করছিল সে।হাসান গর্ব নিয়েই বলেছে, ‘আমি এখন টাকা রোজগার করতে শিখেছি, মা জানতে পেরে খুশি হয়েছে।’ এ কথা শুনে আমরাও খুশি হয়েছি, কিন্তু এর সঙ্গে কষ্টটাও লুকাতে পারছি না। স্কুলপড়া ছোট্ট এই শিশু মানুষের গাড়ি মুছে টাকা সংগ্রহ করছে, এটা খুব সুখকর খবর নয়। প্রতিটি শিশুরই আছে শৈশব উপভোগ করার অধিকার। কিন্তু আমাদের দেশের কতজন শিশু সেই অধিকার ভোগ করতে পারে? পড়াশোনা আর খেলাধুলা করে চোখে একরাশ স্বপ্ন নিয়েই তো বেড়ে ওঠার কথা হাসানদের। কিন্তু সে সুযোগ তারা পায় কোথায়? খুব ভালো হতো, হাসানের পড়াশোনা শেষ করার কোনো নিশ্চয়তা যদি পাওয়া যেত। তাহলে ওর সরকারি চাকুরে হওয়ার স্বপ্ন হয়ে উঠত বাস্তব। আমরা এই ‘যেত’ আর ‘ উঠত’ শব্দ দুটিকে ‘গেছে’ আর ‘উঠেছে’ শব্দ দুটি দিয়ে যদি প্রতিস্থাপিত করতে পারি, তাহলে একটি রূপকথার মতো এই গল্পটিও হয়ে উঠতে পারে সত্যি। স্বপ্নটি সত্য হয়ে উঠুক না! —জা রে নূ