একটি স্বপ্নপূরণের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার ‘নয়মাইল’ ত্রিপুরা পাড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হলো। দূর হলো খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের আশপাশের গ্রামের পঞ্চম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য একটি বিদ্যালয়ের অভাব। এখন পড়ালেখা শিখে স্বপ্নপূরণের সুযোগ সৃষ্টি হওয়ায় এলাকার সবাই খুশি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এলাকায় কোনো নিম্নমাধ্যমিক বা উচ্চবিদ্যালয় নেই। ফলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাস করা শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে ভর্তি হতে হতো ১০ কিলোমিটার দূরে খাগড়াছড়ি সদর কিংবা দীঘিনালা সদর উচ্চবিদ্যালয়ে। জিপ বা বাসে করে এত দূরে যাতায়াত ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেক অভিভাবক তাঁদের সন্তানদের লেখাপড়া বন্ধ করে দিতেন। ফলে বেশির ভাগ শিক্ষার্থীই ঝরে পড়ত পঞ্চম শ্রেণী থেকে। এ নিয়ে প্রথম আলোয় গত ৭ আগস্ট ‘একটি স্কুলের জন্য এত কষ্ট!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর এলাকার সচেতন লোকজন নয়মাইল এলাকায় একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এ লক্ষ্যে ১২ আগস্ট নয়মাইল ত্রিপুরা গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামবাসীর এক সভায় ‘নয়মাইল ত্রিপুরা নিম্নমাধ্যমিক বিদ্যালয়’ নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এ ব্যাপারে খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের দীঘিনালা তেজস্বী বীর সেনা জোনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন প্রস্তাবিত বিদ্যালয়ের অন্যতম উদ্যোক্তা দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা। সেনাবাহিনী প্রথম আলোর প্রতিবেদন দেখে এবং শিক্ষার্থীদের কষ্টের কথা ভেবে প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে তৈরি করে দিয়েছে তিন কক্ষের আধাপাকা বিদ্যালয় ভবন। শিক্ষকদের জন্য একটি টিনের ঘরও তৈরি করে দিয়েছে তারা। গত বছরের ২০ ডিসেম্বর বিদ্যালয়ভবন নির্মাণের কাজ শুরু হয় এবং অল্প সময়ে নির্মাণকাজ শেষে গত ৩১ জানুয়ারি উদ্বোধন করা হয় বিদ্যালয় ভবনটি। যৌথভাবে এটি উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা ও ২০৩ পদাতিক ব্রিগেডের আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন অর রশিদ। এদিকে নতুন বিদ্যালয় পেয়ে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সবাই খুশি। বিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থী সপ্তম শ্রেণীর বেলিকা ত্রিপুরা বলল, ‘আমি দীঘিনালা বালিকা বিদ্যালয়ের পড়তাম। প্রতিদিন ঝুঁকি নিয়ে গাড়িতে করে বিদ্যালয়ে যেতে ভয় পেতাম। এখন বাড়ির কাছে বিদ্যালয় হওয়ায় ভালো হয়েছে।’ ষষ্ঠ শ্রেণীর রুতালি ত্রিপুরা, উর‌্যাপল ত্রিপুরা, ধন বিকাশ ত্রিপুরাও হ্যাপিকা ত্রিপুরা জানায়, তারা নতুন শ্রেণীতে ভর্তি হয়েছে। নতুন বিদ্যালয় ও নতুন বই পেয়ে খুবই খুশি তারা। ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গরেন্দ্র লাল ত্রিপুরা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিরুময় ত্রিপুরা বলেন, ‘একটি বিদ্যালয়ের অভাবে এলাকার অনেক শিক্ষার্থী পঞ্চম শ্রেণী থেকে ঝরে পড়ত। এখন সেই শঙ্কা কেটে গেছে। তাই মনে কী যে আনন্দ লাগছে তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না।’তেজস্বী বীরের অধিনায়ক লে. কর্নেল নওরোজ এহসান বলেন, ‘প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত না হলে পড়ালেখার জন্য এখানকার ছেলেমেয়েদের কষ্টের কথা আমরা জানতাম না।’ তিনি জানান, সেনাবাহিনী প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয়টি নির্মাণ করেছে। জানা যায়, স্থানীয় বাসিন্দা সূর্যব্রত ত্রিপুরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে এবং অন্য তিনজন বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদানের দায়িত্ব নিয়েছেন।এদিকে নতুন বিদ্যালয়ের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা পাঁচ লাখ, ১ নম্বর মেরুং ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন এক লাখ, মেরুং বাজারের সমাজসেবী কে এম কাজী ইসমাইল পাঁচ হাজার টাকা বিদ্যালয়ের তহবিলে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। এ ছাড়া, আমেরিকাপ্রবাসী এক ব্যক্তি ১০ হাজার টাকা পাঠিয়েছেন বিদ্যালয়ের হিসাব নম্বরে।