একটি সড়কের অভাবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে উন্নয়নের প্রধান সমস্যা যোগাযোগ। বছরের সাত থেকে আট মাস এ ইউনিয়নকে দেখায় অনেকটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। কয়েক বছর আগে রাজস্থলী উপজেলার ফারুয়া সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা থেমে গেছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘রাজস্থলী ফারুয়া সড়ক নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে। তবে নানা সমস্যার কারণে তা বন্ধ রয়েছে। আর্থিক বরাদ্দের ওপর ভিত্তি করে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি নির্মাণ করা হবে।’ ফারুয়া ইউনিয়নের চাষিরা জানান, শুধু অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে তাঁরা উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান না। এলাকায় বিপুল পরিমাণ মৌসুমি শাকসবজি উৎপাদন হলেও তাঁরা অবহেলিত। চাষিরা আরও জানান, শীত মৌসুমে সবচেয়ে বেশি মৌসুমি শাকসবজি উৎপাদন হয়। কিন্তু ওই সময়টাতে ফারুয়ায় কাপ্তাই হ্রদের পানি অনেক দূরে চলে যায়। তাই পণ্যের বিক্রয় মূল্যের চেয়ে পরিবহন খরচ বেশি হয়ে যায়। ফারুয়ার যমুনাছড়ি বম পাড়ার হেডম্যান রিনলম বম ওরফে পালম বলেন, ‘এ ইউনিয়নের মাটি খুবই উর্বর। এখানে সার এবং কীটনাশক ছাড়াই উৎপাদন হয় অনেক কৃষিপণ্য। কিন্তু উৎপাদিত পণ্যের সঠিক দাম না পাওয়ায় চাষিরা বাড়তি ফসল উৎপাদন করতে চান না। চাষি তরুণ তঞ্চঙ্গ্যা ও মণিরাজ তঞ্চঙ্গ্যা বলেন, ‘শুধু বাজারজাত সমস্যার কারণে আমরা শাকসবজি চাষ না করে তামাক চাষ করি। কারণ, তামাক পচনশীল পণ্য নয়। তাই লোকসানের তেমন আশঙ্কা থাকে না। কিন্তু কাঁচা শাকসবজি প্রতিসপ্তাহে বিক্রি করতে না পারলে লোকসানে পড়তে হয়।’ ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তেজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা বলেন, এ ইউনিয়নের ২০ থেকে ২৫ হাজার মানুষের প্রধান সমস্যা দুর্গম যোগাযোগব্যবস্থা। অনেক ওয়ার্ডে যেতেই দুই-তিন দিন লেগে যায়। সে সব এলাকার লোকজনের কাছে ইউনিয়ন পরিষদের মাধ্যমে পাওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা পৌঁছে দিতে নানা সমস্যায় পড়তে হয়। বান্দরবান জেলার সীমান্তবর্তী বড়থলিপাড়াকে আলাদা ইউনিয়ন করা হলে সেখানকার লোকজনের সরকারি সুবিধা পেতে সুবিধা হবে বলে তিনি মন্তব্য করেন। ইউনিয়ন সদরে একটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র থাকলেও তাতে কোনো স্বাস্থ্যসেবা পাওয়া যায় না। অন্য এলাকা থেকে একজন স্বাস্থ্য সহকারীকে ডেপুটেশনে রাখা হলেও যোগাযোগ-সমস্যার কারণে তিনি কেন্দ্রে আসেন না। এলাকার মানুষ মনে করেন, রাজস্থলী উপজেলা থেকে ফারুয়া এবং বিলাইছড়ি উপজেলা সদর থেকে ফারুয়া পর্যন্ত সড়ক নির্মাণ করা হলে ইউনিয়নের চেহারা পাল্টে যাবে। ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ তঞ্চঙ্গ্যা বলেন, গত ১০ বছরে ফারুয়ায় শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে। এলাকার অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। সড়ক যোগাযোগ উন্নত হলে এলাকাবাসী শিক্ষা ও আর্থিক দিক দিয়ে আরও এগিয়ে যাবে।বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা ফারুয়ার বাসিন্দা। তিনি জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় গ্রামীণ সড়ক উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায় বিলাইছড়ি ফারুয়া সড়ক উন্নয়নের কাজ অনেক দূর এগিয়েছে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হলে সড়কটি চলাচল উপযোগী হবে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার সমপ্রতি রাঙামাটি প্রেসক্লাবে সংবাদ-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বলেন, রাজস্থলী ফারুয়া সড়ক নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে। খুব শিগগির সড়কটির নির্মাণকাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন দীপংকর তালুকদার।