মাত্র নয় কিলোমিটার সড়কের জন্য দুর্ভোগ পোহাচ্ছে লোহাগাড়া ও বাঁশখালী উপজেলার লক্ষাধিক মানুষ। লোহাগাড়ার চুনতি বনবিট কার্যালয় থেকে বাঁশখালীর নাপোড়া পর্যন্ত সংযোগ সড়কটি স্থাপিত হলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। সময় বাঁচবে তিন ঘণ্টা। দূরত্ব কমবে প্রায় ৫০ কিলোমিটার।স্থানীয় লোকজন জানান, লোহাগাড়ার চুনতি বনবিট এলাকা থেকে বাঁশখালী নাপোড়া ইউনিয়নের দূরত্ব মাত্র নয় কিলোমিটার। প্রতিদিন ভোরে তিন ঘণ্টা হেঁটে বাঁশখালী উপকূলীয় এলাকা পুঁইছড়ি, নাপোড়া, জলদি, চাপাছড়ি, শীলকূপ, চাম্বল, প্রেমবাজার ইউনিয়নের কৃষকেরা লোহাগাড়া উপজেলায় আসেন। একইভাবে লোহাগাড়ার চুনতি, বড়হাতিয়া, আধুনগর, কলাউজান, পুটিবিলা, চকোরিয়াসহ পার্বত্য চট্টগ্রামের আজিজনগর, লামা থেকে লোকজন নানা প্রয়োজনে বাঁশখালী যাতায়াত করে। কিন্তু চুনতি থেকে নাপোড়া পর্যন্ত সড়ক না থাকায় চকোরিয়া অথবা সাতকানিয়া হয়ে ৬০ কিলোমিটার পথ ঘুরে বাঁশখালী আসা-যাওয়া করতে হয়। বাঁশখালীর পুঁইছড়ি থেকে চুনতিতে আসা সবজিবিক্রেতা শেখ আহমদ জানান, ‘তিন ঘণ্টা হেঁটে দুজন শ্রমিক নিয়ে চুনতি এসেছি সবজি বেচতে। সংযোগ সড়কটি তৈরি হলে খরচ কম হতো, লাভও পেতাম বেশি।’ বাঁশখালী থেকে আসা মাছ বিক্রেতা কামাল উদ্দিন জানান, ‘দীর্ঘ সময় হেঁটে আসায় মাছ মরে যায়, পচে যায়। এর ফলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। রাস্তাটি নির্মিত হলে ২০-৩০মিনিটের মধ্যে লোহাগাড়ায় পৌঁছানো যাবে।’ চুনতির বাসিন্দা মো. জহির ও মো. জাহাঙ্গীর বলেন, ‘সড়কটি নির্মাণ হলে এ এলাকার মত্স্য প্রকল্পের উত্পাদিত মাছ সহজেই বিভিন্ন জায়গায় বাজারজাত করা যাবে।’চুনতি ইউনিয়নের চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, ‘সংযোগ সড়কটি নির্মিত হলে দুই উপজেলার মানুষের ব্যাপক আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করব।’বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল কবির চৌধুরী বলেন, ‘একটি সংযোগ সড়ক দুই উপজেলার মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে।’চুনতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবর রহমান জানান, মাত্র কয়েক কিলোমিটার রাস্তা না হওয়ায় চুনতির বাঁশখালীপাড়া, সিকদারপাড়া, ডেপুটিপাড়া, সুফিনগর, গুচ্ছগ্রাম, কাজীরখীল, মীরখীলপাড়ার বাসিন্দাদের নানা দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া সড়ক যোগাযোগ না থাকায় এলাকার শিক্ষার্থীরা বর্ষাকালে বিদ্যালয়ে আসতে পারে না। প্রসূতি নারী ও অসুস্থ শিশুদের হাসপাতালে নিতে নানা সমস্যা হয়। লোহাগাড়া উপজেলা এলজিইডি (স্থানীয় সরকার বিভাগ) প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।