একটি সড়কের জন্য লোহাগাড়া ও বাঁশখালীর মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় কিলোমিটার সড়কের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার লক্ষাধিক (লোহাগাড়া ও বাঁশখালী) মানুষ। সড়কটি তৈরি হলে সময় বাঁচবে তিন ঘণ্টা। দূরত্ব কমবে ৫১ কিলোমিটার। লোহাগাড়ার চুনতি বন বিট কার্যালয় থেকে বাঁশখালী নাপোড়া পর্যন্ত সংযোগ সড়কটি স্থাপিত হলে পাল্টে যাবে এলাকার চেহারা। জানা যায়, চুনতি বন বিট এলাকা থেকে বাঁশখালী নাপোড়া ইউনিয়নের দূরত্ব মাত্র নয় কিলোমিটার। প্রতিদিন ভোরে তিন ঘণ্টা পায়ে হেঁটে বাঁশখালী উপকূলীয় এলাকা পুঁইছড়ি, নাপোড়া, জলদি, চাপাছড়ি, শীলকুপ, চাম্বল, প্রেমবাজার ইউনিয়নের কৃষকেরা লোহাগাড়ায় আসেন। তেমনিভাবে লোহাগাড়ার চুনতি, বড়হাতিয়া, আধুনগর, কলাউজান, পুঁটিবিলাসহ পার্বত্য চট্টগ্রামের আজিজনগর, লামা থেকে লোকজন নানা প্রয়োজনে বাঁশখালী যাতায়াত করেন। কিন্তু লোহাগাড়ার চুনতি থেকে বাঁশখালীর নাপোড়া পর্যন্ত মাত্র নয় কিলোমিটার রাস্তা না থাকায় চকরিয়া অথবা সাতকানিয়া হয়ে ৬০ কিলোমিটার পথ ঘুরে বাঁশখালী আসা-যাওয়া করতে হয়। বাঁশখালীর পুঁইছড়ি থেকে আসা সবজি বিক্রেতা শেখ আহমদ জানান, ‘তিন ঘণ্টা পায়ে হেঁটে দুইজন শ্রমিক নিয়ে চুনতি এসেছি সবজি বেচতে। চুনতি-নাপোড়া সংযোগ সড়কটি তৈরি হলে খরচ কম হতো এবং লাভ পেতাম বেশি।’ বাঁশখালী থেকে আসা মাছ বিক্রেতা কামাল উদ্দিন ও জয়নাল আবেদীন জানান, ‘দীর্ঘ সময় পায়ে হেঁটে আসায় মাছ মরে যায়, পচে যায়। ফলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। রাস্তাটি নির্মিত হলে ২০-৩০ মিনিটের মধ্যে লোহাগাড়া উপজেলায় পৌঁছা যাবে।’ চুনতির ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন চেষ্টা করছি চুনতি-নাপোড়া সড়কটি নির্মাণের জন্য। কিন্তু অর্থবরাদ্দ না পাওয়ায় রাস্তাটি হয়নি। এটি হলে দুই উপজেলার লক্ষাধিক মানুষ উপকৃত হবেন। পাশাপাশি লোহাগাড়া, চকরিয়া, লামা, আজিজনগরের উৎপাদিত পণ্য সহজেই বাঁশখালী পৌঁছাবে।’ বাঁশখালীর নাপোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বুলবুল ফিরোজা বেগম বলেন, ‘রাস্তাটি হলে বাঁশখালী উপকূলীয় এলাকার কৃষক, মৎস্যজীবীদের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।’চুনতির বাসিন্দা মো. জহির ও মো. জাহাঙ্গীর বলেন, সড়কটি হলে এলাকার মৎস্য প্রকল্পের উৎপাদিত মাছ সহজেই বিভিন্ন জায়গায় বাজারজাত করা যাবে। চুনতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দত্ত বড়ুয়া বলেন, মাত্র নয় কিলোমিটার দীর্ঘ রাস্তাটি না হওয়ায় চুনতির সিকদারপাড়া, ডেপুটিপাড়া, সুফিনগর, গুচ্ছগ্রাম, বাঁশখালীপাড়া, বশির মা’রপাড়া, কাজীরখীল, মীলখীলপাড়ার বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। তিনি আরও বলেন, ‘এসব এলাকার শিক্ষার্থীরা বর্ষাকালে বিদ্যালয়ে আসতে পারে না। পাশাপাশি সড়ক যোগাযোগ না থাকায় এ এলাকায় গড়ে ওঠেনি কোনো চিকিৎসাকেন্দ্র। ফলে প্রসূতি রোগী ও অসুস্থ শিশুদের নিয়ে ঝামেলা পোহাতে হয়।’ লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ প্রথম আলোকে জানান, ‘রাস্তাটির পরিস্থিতি সম্পর্কে আমার জানা নেই। তবে দুই উপজেলার মানুষ উপকৃত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ লোহাগাড়া স্থানীয় সরকার অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী এসএম রাশেদুর রহমান জানান, ‘চুনতি-নাপোড়া সড়কের উন্নয়নকল্পে এখনো কোনো পরিকল্পনা আমাদের হাতে নেই। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’